বরিশালে রিকশা উল্টে আহত চালকের হাসপাতালে মৃত্যু

বরিশালের কাউনিয়া থানা এলাকায় রিকশা উল্টে গুরুতর আহত রিকশাচালক জাফর (৪৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (৮ নভেম্বর) সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত জাফর কাউনিয়া থানাধীন ভাটিখানা এলাকার বাসিন্দা ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে জাফর নিজেই রিকশা চালিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত রিকশা উল্টে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে স্বজনরা তাঁকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তাঁর মৃত্যু হয়।
নিহত জাফরের ভাগনে মো. রাকিব হোসেন জানান, দুর্ঘটনার কারণেই তাঁর মামার মৃত্যু হয়েছে। এখন ময়নাতদন্ত ছাড়াই তাঁরা মরদেহ নিয়ে যেতে চাইছেন বলে জানান তিনি।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার কার্যালয় জানিয়েছে, ময়নাতদন্ত ছাড়াই স্বজনরা মরদেহ নিয়ে যেতে চাইছেন বলে বিষয়টি কাউনিয়া থানা পুলিশকে অবগত করা হয়েছে।


