আয়ারল্যান্ডে ইনফ্লুয়েন্সার বক্সিং অনুষ্ঠানে দাঙ্গা, গ্রেপ্তার ২

আয়ারল্যান্ডে এক ইনফ্লুয়েন্সার বক্সিং অনুষ্ঠানে দাঙ্গা ছড়িয়ে পড়ার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কট্টর ডানপন্থী কর্মী টমি রবিনসনের উপস্থিতি দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে বলে জানা গেছে।
শনিবার রাত প্রায় ১২টার দিকে কিলকেনির হাব ইভেন্টস ভেন্যুতে দাঙ্গাটি ঘটে। অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন বিতর্কিত ইন্টারনেট ব্যক্তিত্ব এইচএসটিকিটকি, যাঁর আসল নাম হ্যারিসন সুলিভান। তাঁর সঙ্গে আয়োজক ছিলেন আরেক ইন্টারনেট ব্যক্তিত্ব এড ম্যাথিউস; তাঁদের কোম্পানির নাম আনহিংজড ইভেন্টস।
রবিনসন (৪৩) জামিনে আছেন। গত অক্টোবরে দুজন সাংবাদিককে হয়রানির অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন — হয়রানি এমন মাত্রায় পৌঁছেছিল যে সাংবাদিকরা সহিংসতার ভয় পেয়েছিলেন। আগামী ১৬ ডিসেম্বর তাঁর সাজা ঘোষণার শুনানি; তাঁর বড় মেয়াদের কারাদণ্ড হতে পারে।
রবিনসনের আসল নাম স্টিফেন ইয়াক্সলি-লেনন। তিনি রিংয়ের পাশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং তাঁর সমর্থকরা তাঁকে ঘিরে ছিলেন। চলতি বছরের শুরুতে সুলিভান ও ম্যাথিউস 'ম্যানোস্ফিয়ার' ইনফ্লুয়েন্সারদের নিয়ে নির্মিত একটি নেটফ্লিক্স তথ্যচিত্রে ছিলেন। শুক্রবার সুলিভান জানিয়েছিলেন, রবিনসন অনুষ্ঠানে আসবেন।
শুক্রবার সন্ধ্যায় এক বিশৃঙ্খল ও সহিংস সংবাদ সম্মেলনেই আসন্ন অশান্তির আভাস মিলেছিল। সেখানে প্রতিযোগীরা বারবার একে অপরের ওপর হামলা করেন। তাঁদের মধ্যে ছিলেন স্ট্রিমার, ফিটনেস ব্যক্তিত্ব, ড্রিল র্যাপার, অনলিফ্যানস মডেল এবং যৌন অপরাধে দণ্ডিত হয়ে ইউটিউবার হওয়া পল ফ্ল্যাহার্টি।
কিক প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটি দেখছিলেন প্রায় ১৮ লাখ দর্শক। শুরুতে কোনো গোলযোগ ছিল না। তবে মুসলিম সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব মো ডিনের (আসল নাম মোহাম্মদ কুব্বা) লড়াইয়ের আগে সুলিভান ও ম্যাথিউস রবিনসনকে ধারাভাষ্যকারের আসনে ডাকলে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।
নিজের বই 'দ্য গ্রুমিং গ্যাং কভার-আপ'-এর একটি কপি হাতে ধরে রবিনসন ম্যাথিউসকে বলেন, 'মুসলিমরা ১০০ বছর ধরে আমাদের দেশকে ধর্ষণ করছে।' মুসলিম পুরুষ ও যৌন অপরাধ নিয়ে তিনি ভুল পরিসংখ্যানও উল্লেখ করেন বলে জানা গেছে। অনুষ্ঠানে উপস্থিত জাতিগতভাবে বৈচিত্র্যময় দর্শকদের অনেকেই তাঁর মন্তব্যে ক্ষুব্ধ হন।
কুব্বা তাঁর লড়াইয়ে জেতার পর রিং থেকে বেরিয়ে রবিনসনের ওপর ঝাঁপিয়ে পড়ে ঘুষি মারতে শুরু করেন। নিরাপত্তাকর্মীরা ধস্তাধস্তি নিয়ন্ত্রণে আনেন এবং পরের লড়াইগুলো আবার শুরু হওয়ার কথা ছিল।
তবে সুলিভান দাবি করেন, কুব্বা — যিনি ততক্ষণে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে গিয়েছিলেন — ফিরে এসে রিংয়ে রবিনসনের মুখোমুখি হোন। অনিচ্ছুক কুব্বাকে অনুষ্ঠানের নিরাপত্তাকর্মীরা ভেন্যুতে ফিরিয়ে আনেন। মনে হয়, সুলিভান চেয়েছিলেন দুজনের মধ্যে একটি পূর্বপরিকল্পনাহীন খালি হাতের লড়াই হোক; তাঁকে বারবার বলতে শোনা যায়, 'টমিকে ওর সঙ্গে লড়তে দাও।' রবিনসনের সঙ্গীদের — যাদের তিনি 'টমির ছেলেরা' বলে ডাকেন — রিংয়ে ঢুকতেও দেন সুলিভান।
কুব্বা রিংয়ে পৌঁছতেই রবিনসন তাঁর বইয়ের কপিটি — যার অক্ষরে আরবি ধাঁচ রয়েছে — কুব্বার দিকে ছুড়ে মারেন এবং লড়াই শুরু হয়ে যায়। দর্শকদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে; চেয়ার ও ব্যারিকেড ছোড়া হয়, উপস্থিত ব্যক্তিরা একে অপরকে ঘুষি মারতে থাকেন, অনেকে চিৎকার করে নিরাপদ জায়গার দিকে দৌড়ান।
পরের ২০ মিনিট ধরে সহিংস দৃশ্য চলতে থাকে। সুলিভান ব্যর্থভাবে দর্শকদের শান্ত থাকার অনুরোধ জানান। শেষ পর্যন্ত অনুষ্ঠান ও ভেন্যুর নিরাপত্তাকর্মীরা এবং পুলিশ (গার্দা) দাঙ্গা থামান। রাতের শুরুর দিকে গোলযোগের পর পুলিশকে আগেই ভেন্যুতে ডাকা হয়েছিল।
গার্দা শিয়োকোনার এক মুখপাত্র নিশ্চিত করেছেন, ত্রিশের কোঠায় থাকা এক পুরুষকে মারধর করা হয় এবং তাঁকে কিলকেনির সেন্ট লুকস হাসপাতালে নেওয়া হয়। বিশের কোঠায় থাকা আরেক পুরুষকে গ্রেপ্তার করে থানায় আটকে রাখা হয়। এক কিশোরকেও গ্রেপ্তার করা হয় এবং সহিংস বিশৃঙ্খলার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে; রোববার তাঁকে আদালতে হাজির করার কথা ছিল।
দাঙ্গার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি ছড়িয়ে পড়ে। সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ার আগে দর্শকদের কয়েকজনকে 'ও টমি রবিনসন' বলে স্লোগান দিতে শোনা যায়। পুলিশ ভিড় সরিয়ে দেওয়ার পর সুলিভান সরাসরি সম্প্রচারের জন্য লড়াইগুলো আবার শুরু করার চেষ্টা করেন, কিন্তু ভেন্যুর এক স্পষ্টতই ক্ষুব্ধ প্রতিনিধি তাঁকে বাধা দেন।
রবিনসনের জামিনের শর্তে আন্তর্জাতিক ভ্রমণ নিষিদ্ধ ছিল কি না, তা নিশ্চিত করতে পারেনি বিচার মন্ত্রণালয় ও মেট্রোপলিটন পুলিশ।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্যে সুলিভান স্বীকার করেন, আরও নিরাপত্তাকর্মী নিয়োগ না করে তিনি ভুল করেছেন। 'সবাই ভুল করে, যখন তুমি কিছু বড় করার চেষ্টা করছ,' বলেন তিনি। তবে তিনি আরও বলেন, 'একটা কথা বলতে পারি, এটা বিনোদনের এক দারুণ রাত ছিল এবং এটা সুপার ভাইরাল হয়েছে।' আনহিংজডের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দাঙ্গার ফুটেজ 'দ্য এরিয়া স্টার্টেড আ রায়ট' ক্যাপশনসহ পোস্ট করা হয়।
রোববার ভোরে ভেন্যুর বাইরে ভিড় — যাঁদের বেশিরভাগই কিশোর ছেলে ও তরুণ — ফোনে ঘটনার পরের দৃশ্য ধারণ করছিলেন। এক উপস্থিত ব্যক্তি জানান, ২৭ হাজার জনসংখ্যার কিলকেনি শহরে এমন ঘটনা ঘটে না। দাঙ্গাটি পূর্বপরিকল্পিত ছিল বলে কোনো ইঙ্গিত নেই।
দাঙ্গার পর সাক্ষাৎকারে কুব্বা দাবি করেন, তাঁকে রবিনসনের সঙ্গে লড়াই শুরু করতে বলা হয়েছিল — যদিও কে বলেছিল, তা তিনি জানাতে অস্বীকার করেন। লড়াই শুরুর আগে রবিনসন বলেছিলেন, কুব্বা লড়াই শুরু করলে তিনি তাঁকে 'পিটিয়ে' দিতে রাজি আছেন; তবে তিনি আরও বলেছিলেন, তিনি কুব্বাকে পছন্দ করেন এবং তাঁর প্রতি কোনো বিদ্বেষ পোষণ করেন না।




