ফ্যাসিবাদের আমলে সমবায় সেক্টরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে: আবদুস সালাম
বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের সমবায় সেক্টরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। রোববার (৮ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সমবায় খাতের অর্থ নিয়ে এই খাতকে আরও নিঃস্ব করে দেওয়া হয়েছে। সমবায় খাতের বিকাশ বাধাগ্রস্ত করতে বিভিন্ন কালো আইন করা হয়েছে, যার কারণে আজ সমবায়ীরা নিষ্পেষিত হচ্ছেন। সমবায় আইনকে যুগোপযোগী করার পাশাপাশি এই খাতের উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন।
আবদুস সালাম বলেন, বিগত এক শতকের বেশি সময় ধরে বাংলাদেশে সমবায় আন্দোলন গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান, ক্ষুদ্র উদ্যোক্তা ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সমবায় হলো মানুষের হাতে মানুষের শক্তি তুলে দেওয়ার একটি প্রক্রিয়া, যা শান্তি ও ঐক্যের ভিত্তি গড়ে তোলে।
বাংলাদেশের সমবায় আন্দোলনের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, বিগত পাঁচ দশকে সমবায় খাত যতটুকু বিকশিত হওয়ার কথা ছিল, ততটুকু বিকশিত হতে পারেনি বলে তাঁর মনে হয়। যদিও আমাদের মতো দেশে সমবায় আন্দোলন ব্যাপকভাবে সফল হওয়ার সব ধরনের সুযোগ ছিল।
তিনি বলেন, তিনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন, বর্তমান গণতান্ত্রিক সরকার সমবায় আন্দোলনের অন্তর্নিহিত শক্তিকে ব্যবহার করে দেশের আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখার লক্ষ্যে যথাযথ মনোযোগ প্রদান করবে। কারণ, দেশের সমবায় খাত একটি সুপ্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক খাত, যেখানে প্রায় দেড় লক্ষাধিক সমবায় সমিতি এবং এক কোটি ২৫ লাখ মানুষ সরাসরি সম্পৃক্ত।
সরকারের উন্নয়ন প্রচেষ্টায় এই বৃহৎ ও সংগঠিত জনগোষ্ঠীকে ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন বলে তিনি বিশ্বাস করেন বলে জানান আবদুস সালাম।
জাতীয় সমবায় ইউনিয়নের কার্যক্রম তুলে ধরে আবদুস সালাম বলেন, জাতীয় সমবায় ইউনিয়ন দেশের সমবায় আন্দোলনকে নেতৃত্ব প্রদানের জন্য যথাযথভাবে প্রস্তুত রয়েছে। সমবায় ইউনিয়নের কার্যক্রমকে গতিশীল করার জন্য বর্তমান কমিটির কার্যক্রম অব্যাহত আছে। বিগত দুই বছরে সমবায় ইউনিয়নের সদস্যসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, দেশের প্রতিটি অঞ্চল থেকেই সমবায় ইউনিয়নের সদস্যসংখ্যা বৃদ্ধির জন্য তাঁরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সমবায় ইউনিয়নের কার্যক্রম ডিজিটালাইজ করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সমবায় ইউনিয়নের একটি ওয়েবপেজ চালু করা হয়েছে। এই ওয়েবপেজের মাধ্যমে সমবায় ইউনিয়নের যাবতীয় কার্যাবলি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। দেশের যেকোনো সমবায় সমিতি এখন ঘরে বসেই এই ওয়েবপেজের মাধ্যমে ইউনিয়নের সদস্য হতে পারবে।
বিগত সরকারের সমালোচনা করে আবদুস সালাম বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে সমবায় সেক্টরকে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। বিশেষ কিছু আইন তারা পাস করেছে, যেসব আইনের কারণে আজ সমবায়ীরা নিষ্পেষিত হচ্ছেন। সমবায় খাত বাংলাদেশের অর্থনৈতিক খাতের দ্বিতীয় খাত। কিন্তু যেভাবে এই খাতকে সাহায্য করা দরকার, বিগত সরকারের আমলে তা করা হয়নি। বরং এখান থেকে সব টাকা-পয়সা নিয়ে এই খাতকে আরও নিঃস্ব করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, যাতে সমবায় খাতটি আরও বিকশিত হতে না পারে, সে জন্য যেসব কালো আইন রয়েছে, তিনি আশা করেন, রাষ্ট্রপতি অবশ্যই সেসব বিষয়ে নির্দেশনা দেবেন।
তিনি আরও বলেন, তিনি বিশ্বাস করেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, আজকের বাংলাদেশের সরকারপ্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও যেহেতু সরকারকে পরিবর্তিত করতে চান, তাই অবশ্যই তিনি বিশ্বাস করেন, এসব পদক্ষেপ গ্রহণ করা হলে সমবায় বিভাগ আরও উন্নতির দিকে এগিয়ে যাবে।

