লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মাহিদুল ইসলাম শাওন (১৫) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন চৌপল্লী কালী দাস উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল এবং একই বিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিল। সে উত্তর জয়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আজিম মাস্টার বাড়ির মো. মাসুদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় শাওন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সন্ধ্যায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শাওন মারা যায়।
শাওনের এই অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জেলা ছাত্রদল।
এদিকে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব জানান, বিষয়টি সম্পর্কে তার জানা নেই এবং কেউ তাকে এ বিষয়ে জানায়নি।

