ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন
ইতালিতে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় দূতাবাস কার্যালয়ে এ দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান ও দেশের কল্যাণে তাঁর ত্যাগের কথা স্মরণ করে তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সকালে দূতাবাসে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাণী পাঠ করা হয়।
আলোচনা সভাটি পরিচালনা করেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম ও কল্যাণ) আসিফ আনাম সিদ্দিকী। সভায় বক্তব্য রাখেন ইতালি জনতা এক্সচেঞ্জের প্রধান শাহাদাত হোসেন, ইতালি বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি তাইফুর রহমান ছোটন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আনিমুর রহমান সালাম ও সাবেক সহসভাপতি সৈয়দ মইনুল আলমসহ অনেকে।
অনুষ্ঠানে ৭ নভেম্বরের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ইতালি বিএনপি, যুবদল ও মহানগর বিএনপিসহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী এবং অন্যান্য প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মাধ্যমের সাংবাদিকসহ অনেকে। দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর আল আমিন অতিথিদের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরেন।
দূতালয় প্রধান মারজুক রাসেল প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাণী পাঠ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন রিয়াদ হোসেন। তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের নিয়মের মধ্যে চলতে হয়, তাই নিয়মবহির্ভূত কোনো কাজ করা যায় না। দূতাবাসের অনুষ্ঠান সরকারি নিয়ম মেনেই পরিচালনা করতে হয় বলে তিনি উল্লেখ করেন।
রিয়াদ হোসেন অনুরোধ করেন, সরকারি অফিসে এসে কারও রাজনৈতিক পরিচয় জিজ্ঞেস করবেন না। তিনি বলেন, এই সরকার প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য কাজ করছে, তাই বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র নয়, বাংলাদেশ একটি সফল রাষ্ট্র।
মিয়ানমার ও উত্তর কোরিয়ার উদাহরণ টেনে তিনি বলেন, ওই দেশগুলোর মতো বাংলাদেশেও এমন ঘটনা ঘটেছিল—১৯৭১, ১৯৭৫, ১৯৯০ এবং সর্বশেষ ২০২৪ সালে। তাঁর ভাষায়, বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হতে পারত, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণে তা হয়নি।
রিয়াদ হোসেন আরও বলেন, সরকারি কর্মকর্তারা রাজনীতি করেন না, তবে তাঁরা রাজনৈতিকভাবে সচেতন। রাজনীতি বিশ্লেষণ করে, দেশকে নিয়ে ভাবেন এবং দেশের জন্য কাজ করেন—এই শপথ নিয়েই তাঁরা চাকরিতে যোগ দেন বলে তিনি মন্তব্য করেন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রিয়াদ হোসেন। তিনি শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর বিপ্লবী সংগ্রামের জীবনের কথা তুলে ধরেন।
