২০৪ বিলিয়ন ডলার ছাড়াল সরকারের ঋণ, ‘ঋণ করে ঘি খাওয়া’ বন্ধের তাগিদ

জড়বাদী চার্বাক দর্শনে লেখা আছে—‘ঋণং কৃত্বা ঘৃতং পিবেৎ, যাবৎ জীবেৎ সুখং জীবেৎ।’ অর্থাৎ, ঋণ করে হলেও ঘি খাও, যত দিন বাঁচো সুখে বাঁচো। কিন্তু বর্তমান পৃথিবীর অর্থনৈতিক পরিস্থিতিতে এই তত্ত্ব বেশ বিপজ্জনক বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। বিশ্বজুড়েই অর্থনীতিতে কিছুটা মন্দাভাব দেখা দিয়েছে। এমন অবস্থায় ধার করে ঘি খেলে ভবিষ্যতে তা হয়ে যায় ভয়াবহ বোঝা—আজ ঋণ করে ঘি খেলে কাল ক্ষুধা নিবারণের জন্য দুমুঠো ভাত জোটানো অনিশ্চিত হয়ে পড়ে।
ঋণ করে ঘি খাওয়ার পরিণাম কী হয়, শ্রীলঙ্কা এবং পাকিস্তান তার বড় উদাহরণ। ঋণ করে ঘি খেতে গিয়ে শ্রীলঙ্কা কিছুদিন আগে দেউলিয়া হয়ে গিয়েছিল। এখন সংযম আর কৃচ্ছ্রতার নীতি অবলম্বন করে দেশটি ঘুরে দাঁড়িয়েছে। আর ঋণ করে ঘি খেয়ে পাকিস্তান এখন ঋণখেলাপি রাষ্ট্রে পরিণত হয়েছে, ঋণের দুষ্টু চক্রে হাবুডুবু খাচ্ছে দেশটি।
বিশ্লেষণে বলা হয়েছে, আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ ঋণের মহাসাগরে নিমজ্জিত হয়েছিল। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর দেড় বছর মেয়াদি অন্তর্বর্তী সরকার সেই ব্যবস্থাই এগিয়ে নিয়ে গেছে এবং নতুন করে ঋণ নিয়ে অর্থনীতিকে আরও গভীর সংকটে ঠেলে দিয়েছে।
বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ সম্প্রতি ২০৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যা জিডিপির ৪০ শতাংশের বেশি। ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১১৬ বিলিয়ন ডলারে, যা মোট জিডিপির ২৩ শতাংশের বেশি।
বিশ্বব্যাংক এবং আইএমএফের মতে, বৈদেশিক ঋণ একটি দেশের জন্য তখনই বিপজ্জনক বিবেচিত হয়, যখন তা জিডিপির ৪০ শতাংশ অতিক্রম করে। সেদিক থেকে বিবেচনা করলে বাংলাদেশ এখন বিপদসীমার কাছাকাছি বলে মনে করছেন বিশ্লেষকেরা।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ঋণের আসল ও সুদ পরিশোধ খাতে বরাদ্দ বাজেটের প্রধান খাত শিক্ষা ও প্রযুক্তির বরাদ্দকে প্রায় ছুঁয়ে ফেলেছে। ২০২৮-২৯ অর্থবছরের বাজেট থেকে সরকারি ঋণের আসল ও সুদ পরিশোধ খাত বাজেটের ব্যয় বরাদ্দের সবচেয়ে বড় খাতে পরিণত হয়ে যেতে পারে।
তখন পাকিস্তানের মতো বাংলাদেশ সরকারকেও অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের জন্য প্রতি বছর আরও বেশি ঋণ নিতে হবে। এটাই ‘ডেট ট্র্যাপ’ বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।
এই বাস্তবতা উপলব্ধি করেই দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যয় সংকোচন এবং কৃচ্ছ্রতার নীতি গ্রহণ করেছেন বলে বিশ্লেষণে বলা হয়েছে। রাষ্ট্রীয় কোষাগারের একটি টাকাও অপ্রয়োজনীয়ভাবে ব্যয় করা যাবে না—এমন নীতি অনুসরণ করছেন প্রধানমন্ত্রী এবং ব্যক্তিগত জীবনযাপনেও তিনি ব্যয় সাশ্রয়ের চেষ্টা করছেন।
কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও সরকার অতীতের ঋণের চক্র থেকে এখনো বের হতে পারেনি। সরকারের আয় ও ব্যয়ের ব্যবধান ক্রমেই বাড়ছে। রাজস্ব আদায়ে বড় ঘাটতি এবং সরকারি ব্যয়ের চাপ সামাল দিতে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার পরিমাণ বাড়াচ্ছে সরকার।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসেই ব্যাংক খাত থেকে নিট ৪৭ হাজার ৮৪৩ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। এতে পুরো অর্থবছরের জন্য নির্ধারিত ব্যাংকঋণের লক্ষ্যমাত্রার প্রায় ৪৩ শতাংশ ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে।
সরকারের ঋণনির্ভরতা বাড়ার পেছনে রাজস্ব আদায়ে দুর্বলতার পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বর্ধিত বেতন-ভাতা পরিশোধের চাপও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন বেতনকাঠামো বাস্তবায়নের কারণে আগামী দিনগুলোতে সরকারি ব্যয়ের চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।
সরকারের ব্যাংকঋণ গ্রহণ একদিকে বাজেটের ঘাটতি পূরণ ও নিয়মিত ব্যয় পরিচালনায় সহায়তা করছে। অন্যদিকে দীর্ঘ সময় ধরে ব্যাংকঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হলে বেসরকারি খাতের ঋণপ্রাপ্তি ও বিনিয়োগের সুযোগ সংকুচিত হওয়ার আশঙ্কা থাকে। শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের ঋণের চাহিদা থাকা অবস্থায় সরকার ব্যাংক থেকে বেশি ঋণ নিলে ব্যাংকগুলোর অর্থায়ন সক্ষমতার ওপর চাপ তৈরি হতে পারে। তবে ঋণ গ্রহণের পাশাপাশি পুরোনো ঋণ পরিশোধের পরিমাণ এবং বাজারে সামগ্রিক অর্থের সরবরাহও বিবেচনায় রাখা জরুরি বলে বিশ্লেষণে বলা হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রাজস্ব আয় বাড়ানো এবং ব্যয়ের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করা। রাজস্ব সংগ্রহে কাঙ্ক্ষিত উন্নতি না হলে বাজেট ঘাটতি পূরণে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বাড়তে পারে, যা সরকারি অর্থ ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি বিনিয়োগ ও সামগ্রিক অর্থনীতির ওপরও প্রভাব ফেলতে পারে।
বিশ্লেষণে বলা হয়েছে, এই পরিস্থিতির জন্য বর্তমান বিএনপি সরকার মোটেও দায়ী নয়। দায়িত্ব গ্রহণের সময় নতুন সরকারের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছিল ২৩ লাখ কোটি টাকারও বেশি ঋণের বোঝা। পাশাপাশি ২০২৫ সালেও ব্যাংকিং উৎস থেকে সরকারি ঋণের প্রবৃদ্ধি ছিল ৩২ শতাংশের বেশি।
বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিগত সরকারের আমল থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া রাজস্ব ঘাটতি, ব্যাংক খাতের বিশৃঙ্খলা এবং বিদেশে ডলার পাচারের মতো গভীর সংকট কাটিয়ে উঠতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে বলে বিশ্লেষণে দাবি করা হয়েছে। বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার কিছু ইতিবাচক উদ্যোগ নিয়েছে, তবে সেগুলোর সুফল পেতে আরও সময় প্রয়োজন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই ঋণনির্ভরতা কমানোর তাগিদ দিয়েছেন। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে যেসব অনুশাসন দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে—বেসরকারি খাতকে সচল করা ও বন্ধ কলকারখানা চালু করা; দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতি কার্যকর করা; এবং আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। বিশ্লেষণের শেষে বলা হয়েছে, এখন একটি সংকটকাল অতিক্রম করছে দেশ। চটজলদি সংকটের সমাধানে অতীতের মতো ঋণনির্ভরতার পথে হাঁটলে আজকে হয়তো কিছুটা স্বস্তি পাওয়া যাবে, কিন্তু এতে সংকট আরও ঘনীভূত হবে। তাই ঋণের বৃত্ত থেকে বেরিয়ে আসার কোনো বিকল্প নেই—ঋণ করে ঘি খাওয়া বন্ধ করতে হবে এখনই।

