নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট থেকে বাদ লাবুশেন
দীর্ঘ সময় ধরে মার্নাস লাবুশেনকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। কিন্তু আর না। ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার আসন্ন টেস্ট সিরিজের প্রথম টেস্টের দল থেকে বাদ পড়তে যাচ্ছেন তিনি।
প্রথম টেস্টের স্কোয়াড এখনও ঘোষণা করেনি অস্ট্রেলিয়া। তবে নির্বাচক প্রধান জর্জ বেইলি সোমবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, এই মুহূর্তে সিরিজটির জন্য লাবুশেনকে বিবেচনা করা হবে না।
বেইলি বলেন, "এই পর্যায়ে আমরা মার্নকে নিশ্চিতভাবে প্রথম টেস্টের জন্য বিবেচনা করব না, তবে নিউজিল্যান্ড সিরিজের জন্য করতে পারি। দলে তার জায়গা ঘিরে অনেক জল্পনা-কল্পনা। আমি মনে করি শেফিল্ড শিল্ড নিয়ে আমাদের পরবর্তী কার্যক্রমের আগে এটা তাকে কিছুটা স্বস্তি দেবে এবং জল্পনা-কল্পনার অবসান ঘটাবে।"
শেষ ১৭ মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো টেস্ট দলে জায়গা হারালেন লাবুশেন।
দীর্ঘদিন ধরে তিনি তিন নম্বরে প্রধান ভরসা হলেও তাঁর সেঞ্চুরি খরা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ ইনিংসে। শেষবার তিনি সেঞ্চুরি করেছিলেন ২০২৩ সালে অ্যাশেজের ম্যানচেস্টার টেস্টে।
গত বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর বাজে ফর্মের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাদ পড়েন লাবুশেন। কিন্তু তবুও তিনি স্কোয়াডের সঙ্গেই ছিলেন।
ঘরোয়া মৌসুমে দারুণ শুরুর পর লাবুশেন তাঁর তিন নম্বর জায়গা ফিরে পান ঘরের মাঠে অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজে। শুরুটা ছিল দারুণ—প্রথম দুই টেস্টেই ফিফটি। তারপর ছন্দ হারিয়ে ফেলেন তিনি। ১৬ ইনিংস খেলে ফেললেও আর কোনো হাফ সেঞ্চুরি নেই।
বাংলাদেশের বিপক্ষে তিনি ১২ গড়ে ৩৬ রান এবং দক্ষিণ আফ্রিকায় ২১.৮৩ গড়ে ১৩১ রান করেন।
অস্ট্রেলিয়া দুটি সিরিজই জিততে ব্যর্থ হয়—বাংলাদেশের সঙ্গে ১-১ ড্র এবং দক্ষিণ আফ্রিকার কাছে ২-১ ব্যবধানে হার।
লাবুশেনের দল থেকে বাদ পড়ার সঙ্গে আশার কথাও শুনিয়েছেন বেইলি। তাঁর দলে ফেরার সম্ভাবনা নাকচ করেননি তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজের পর ভারতে পাঁচ টেস্ট খেলবে অস্ট্রেলিয়া এবং আগামী বছর অস্ট্রেলিয়ার একটি অ্যাওয়ে অ্যাশেজ সিরিজ খেলার কথা রয়েছে। এই দুটি সিরিজে লাবুশেনের জন্য দরজা খোলা রাখছেন প্রধান নির্বাচক।
বেইলি বলেন, "এটা সম্ভব, অবশ্যই। আমার মনে হয় আমরা সবাই জানি মার্নাস সেরা ফর্মে থাকলে সে কতটা ভালো এবং কতটা কার্যকরী। কিন্তু সেই পারফরম্যান্স সেখানে দেখা যায়নি। আমি মনে করি সে কিছু সুযোগ নষ্ট করেছে। ডারউইনে (বাংলাদেশের বিপক্ষে) ও এমনকি দক্ষিণ আফ্রিকাতেও সম্ভাবনাময় শুরু করলেও বড় স্কোর করতে পারেনি সে, যেটা আমরা দেখতে চাই। কিন্তু তেমন কিছু ঘটেনি।"
নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজ দিয়ে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচি। প্রথম টেস্টের দল ঘোষণার আগেই লাবুশেনকে নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটালেন নির্বাচকরা।

