…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

পঞ্চগড়ে শীতের কাঁপন শুরু, তাপমাত্রা ১৫ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড়ে শীতের কাঁপন শুরু, তাপমাত্রা ১৫ ডিগ্রি
ছবি: সংগৃহীত

উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। ভোরের হিমেল বাতাস ও রাতের ঠান্ডায় মিলছে শীতের আগমনী বার্তা। তবে দিনের চিত্র ভিন্ন। সূর্য ওঠার পর তীব্র রোদে বাড়ছে গরমের অনুভূতি।

আজ সোমবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এর আগের দিন গতকাল রোববার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

জেলার বিভিন্ন এলাকায় ভোর ও সন্ধ্যার পর ঠান্ডার অনুভূতি বাড়ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে ঘাস ও গাছের পাতায় জমছে শিশির। কোথাও কোথাও দেখা মিলছে কুয়াশারও। সন্ধ্যার পর অনেকে গরম কাপড় ব্যবহার করছেন। শীতের প্রস্তুতি হিসেবে বের করা হচ্ছে পুরোনো লেপ-কম্বল।

সকাল ও রাতের ঠান্ডা এবং দিনের গরমে আবহাওয়ার এমন পরিবর্তনে ভিন্ন অভিজ্ঞতার মুখে পড়ছেন জেলার বাসিন্দারা।

আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সর্দি, কাশি, জ্বরসহ শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে আসছেন রোগীরা। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে এসব উপসর্গ বেশি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন রোগীর স্বজনেরা।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এসব উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন আসিফ আলী বলেন, কয়েক দিন ধরে সকাল ও রাতে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। পরিবারের শিশুটির সর্দি-কাশি শুরু হয়েছে। প্রথমে বাড়িতে চিকিৎসা দেওয়ার চেষ্টা করলেও পরে হাসপাতালে নিয়ে এসেছেন।

হাবিব হাসান নামের আরেক ব্যক্তি বলেন, দিনের বেলায় রোদে গরম লাগে, কিন্তু সকাল ও রাতে ঠান্ডা থাকে। আবহাওয়ার এই পরিবর্তনের সঙ্গে শরীর মানিয়ে নিতে পারছে না। কয়েক দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছেন তিনি। তাই চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে এসেছেন।

চিকিৎসকেরা বলছেন, ঋতু পরিবর্তনের এ সময়ে শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। ঠান্ডা থেকে সুরক্ষায় প্রয়োজন অনুযায়ী গরম কাপড় ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ সোমবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড়ের মতো সারা দেশেও আজ তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল রোববার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

দীপাবলির আতশবাজিতে দিল্লির আকাশে ঘন ধোঁয়াশা, বায়ুর মান ‘গুরুতর’ পর্যায়ে

দীপাবলির আতশবাজির ধোঁয়ায় ঢেকে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লির আকাশ। উৎসবের পর ঘন ধোঁয়াশায় শহরের বায়ুর মান পৌঁছেছে গুরুতর পর্যায়ে, যা তিন কোটির ব…

আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্…

সন্ধ্যা হলেই মতলব হাসপাতালে হাজারো চড়ুইয়ের মিলনমেলা, সাত বছর ধরে চলছে এই দৃশ্য
আবহাওয়া ও পরিবেশ

সন্ধ্যা হলেই মতলব হাসপাতালে হাজারো চড়ুইয়ের মিলনমেলা, সাত বছর ধরে চলছে এই দৃশ্য

প্রতিদিন সন্ধ্যা নামার আগে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে বসে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) …