দীপাবলির আতশবাজিতে দিল্লির আকাশে ঘন ধোঁয়াশা, বায়ুর মান ‘গুরুতর’ পর্যায়ে
দীপাবলির আতশবাজির ধোঁয়ায় ঢেকে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লির আকাশ। উৎসবের পর ঘন ধোঁয়াশায় শহরের বায়ুর মান পৌঁছেছে গুরুতর পর্যায়ে, যা তিন কোটির বেশি বাসিন্দার জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দিয়েছে।
রোববার ভারতজুড়ে পালিত হয় হিন্দুদের আলোর উৎসব দীপাবলি। আতশবাজির ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রোববার সন্ধ্যাজুড়ে নয়াদিল্লির বাসিন্দারা আতশবাজি পোড়ান। এতে বাতাসে ছড়িয়ে পড়ে ধোঁয়া ও সূক্ষ্ম ধূলিকণা।
সোমবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বায়ুর মান সূচক (একিউআই) ৩৫০ ছাড়িয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সুপারিশকৃত মাত্রার নিরিখে এই মাত্রাকে ‘গুরুতর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে, যা উল্লেখযোগ্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
গত মাসে ভারতের সুপ্রিম কোর্ট দীপাবলির দূষণ সীমিত করতে নিষেধাজ্ঞা জারি করে। শনি ও রোববার তিন ঘণ্টার নির্দিষ্ট সময়সীমার মধ্যে কেবল অনুমোদিত ‘সবুজ আতশবাজি’ ব্যবহারের অনুমতি দেওয়া হয়। অনুমোদিত আতশবাজি কম নির্গমন ঘটালেও তা দূষণমুক্ত নয়।
দীপাবলির কয়েক দিন আগে বুধবার নয়াদিল্লিতে বিষাক্ত বায়ুদূষণ ডব্লিউএইচওর সুপারিশকৃত দৈনিক মাত্রার ৩০ গুণের বেশি ছাড়িয়ে গিয়েছিল বলে বায়ু পর্যবেক্ষণ যন্ত্রের তথ্যে দেখা যায়।
তিন কোটি মানুষের শহর নয়াদিল্লি নিয়মিতভাবে বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলোর মধ্যে থাকে।
শীতকালে সমস্যাটি আরও বাড়ে। ঠান্ডা তাপমাত্রা, কম বাতাসের গতি ও স্থির বায়ুমণ্ডলীয় অবস্থা দূষকগুলোকে ছড়িয়ে পড়তে দেয় না।
ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নয়াদিল্লির শীতকালীন দূষণের ২৩ শতাংশের জন্য দায়ী যানবাহন। আর খড় পোড়ানোসহ জৈববস্তু পোড়ানো থেকে আসে ২০ শতাংশ দূষণ।
এর ফলে ঘন কুয়াশা রাজধানী ও আশপাশের এলাকার ওপর কয়েক দিন ধরে জমে থাকতে পারে।


