রিকশাচালক থেকে দিনাজপুরের ‘জামাই টি স্টোর’: প্রতিদিন ৩০ হাজার টাকার চা বিক্রি করেন সাইদুর

রাত দেড়টা। দিনাজপুর শহরের অধিকাংশ দোকানের ঝাঁপ বন্ধ হয়ে গেছে। রাস্তায় মানুষের আনাগোনাও কম। তবে শহরের কোতোয়ালি থানার বিপরীতে ফল মার্কেটের পাশে ছোট্ট একটি দোকানে তখনো ব্যস্ততা। চুলায় আগুন জ্বলছে, কেটলিতে দুধ ফুটছে। কেউ কাপ ধুইছেন, কেউ বিস্কুট-পাউরুটি এগিয়ে দিচ্ছেন। কেউ এসে বলছেন, ‘তিনটা দুধ-চা, একটা লাল-চা’। কারও চাওয়া ‘পাঁচটা স্পেশাল চা’। আবার কারও চাওয়া ‘চিনি ছাড়া চা’।
এমন নানা হাঁকডাকে মুখর দোকানে কাপের পর কাপ চা বানিয়ে চলেছেন এক ব্যক্তি। ক্রেতাদের কেউ দাঁড়িয়ে, কেউ বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে আড্ডায় মশগুল। চা বানানোর ব্যস্ততার মধ্যেও ক্রেতাদের সঙ্গে হাসিমুখে কথা বলেন দোকানমালিক।
চা-বিক্রেতার নাম সাইদুর রহমান (৪১)। দিনাজপুর শহরে তিনি ‘জামাই’ নামে পরিচিত। কোতোয়ালি থানার পাশের কালিতলা ফল মার্কেটে ফলের ব্যবসা করেন তাঁর শ্বশুর। সেই সূত্রে দোকানে আসা ক্রেতারা তাঁকে ‘জামাই’ বলে ডাকেন। দোকানের নামও ‘জামাই টি স্টোর’। ভোর থেকে রাত দুইটা পর্যন্ত খোলা থাকে চায়ের এই দোকান।
এই চায়ের দোকানের পরিচিতি শুধু দিনাজপুর শহরের মধ্যে এখন আর সীমাবদ্ধ নয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-টিকটক ও ইউটিউবে চা বানানোর ভিডিও দিয়ে লাখো মানুষের কাছে পরিচিত মুখ সাইদুর।
সামাজিক যোগাযোগমাধ্যম ঘেঁটে দেখা যায়, ৮ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত সাইদুরের ‘জামাই টি স্টল’ নামের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা দেড় লাখের বেশি। আর ‘জামাই টি স্টোর’ নামে তাঁর ফেসবুক পেজে অনুসারী দুই লাখের বেশি। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী ১ লাখ ৫০ হাজারের বেশি। টিকটকে অনুসারী ৫ লাখ ৪৪ হাজার।
এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ায় কয়েক মাস আগে ইউটিউব থেকে ‘সিলভার প্লে বাটন’ পেয়েছেন সাইদুর।
সাইদুরের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামে। অভাবের সংসারে ১০ বছর বয়সেই গাইবান্ধা শহরে একটি হোটেলে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। ২০০৫ সালে বিয়ে করেন গাইবান্ধার মেয়ে কবিতা খাতুনকে। তবে কবিতার পরিবার থাকে দিনাজপুর শহরে।
বিয়ের কয়েক মাস পর জীবিকার সন্ধানে সাইদুর চলে যান কুমিল্লায়। শুরু করেন রিকশা চালানো। সাইদুর বলেন, বিভিন্ন শহরে ঘুরে বেড়ানোর শখ ছিল তাঁর। কুমিল্লা, ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ বিভিন্ন শহরে রিকশা চালিয়েছেন। এভাবে প্রায় তিন বছর কেটেছে। মাঝেমধ্যে বাড়িতে আসতেন। এর মধ্যে দুই ছেলের বাবা হন তিনি।
২০১০ সালে স্ত্রীকে নিয়ে দিনাজপুরের গোলাপবাগে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন সাইদুর। একদিন শ্বশুরবাড়ির এক আত্মীয়ের রিকশা নিয়ে বের হন। সারা দিন রিকশা চালিয়ে আয় করেন ৭০০ টাকা। অথচ হোটেলে সারা দিন কাজ করে পেতেন ৪০০ টাকা। এই হিসাব তাঁকে রিকশা চালানোর কাজে আগ্রহী করে তোলে। কয়েক দিনের মধ্যে শ্বশুরবাড়ির পাশেই বাসা ভাড়া নেন।
তবে সেই কাজও বেশি দিন করতে পারেননি সাইদুর। ২০১৪ সালের দিকে দিনাজপুরসহ বিভিন্ন এলাকায় ইজিবাইকের সংখ্যা বাড়তে থাকলে রিকশার যাত্রী কমে যায়, সেই সঙ্গে আয়ও কমতে থাকে তাঁর। তিনি আবার ফিরে যান হোটেলশ্রমিকের কাজে।
২০২০ সালে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ শুরু হলে বন্ধ হয়ে যায় হোটেল। কর্মহীন হয়ে পড়েন সাইদুর। তত দিনে পাঁচ সদস্যের সংসার। কীভাবে চলবে সংসার, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি। সেই কঠিন সময়ে পাশে দাঁড়ান স্ত্রী কবিতা খাতুন। গৃহকর্মীর কাজ করে মাটির ব্যাংকে জমিয়েছিলেন ৩০ হাজার টাকা। দুর্দিনে সেই সঞ্চয় স্বামীর হাতে তুলে দেন তিনি। সাইদুর শুরু করেন ভ্যানে করে ফল বিক্রি। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই সেই ব্যবসায়ও লোকসান হয়। আবারও হতাশায় পড়েন তিনি।
‘আমি সব সময় নিচের দিকে তাকাই। নিচের মানুষগুলোকে দেখলে নিজের অতীতকে মনে করতে পারি।’—বলছিলেন সাইদুর।
২০২০ সালের ডিসেম্বরে দিনাজপুর শহরের কোতোয়ালি থানার বিপরীতে এক পান দোকানিসহ কয়েকজনের পরামর্শে চায়ের দোকান দেওয়ার সিদ্ধান্ত নেন। ২৫ হাজার টাকা দিয়ে কেনেন দোকানের সরঞ্জাম ও চা তৈরির উপকরণ। শুরু হয় নতুন পথচলা। সাইদুর জানান, প্রথম দিনেই তিন হাজার টাকার চা বিক্রি হয়েছিল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত দুইটা পর্যন্ত চলে সাইদুর রহমানের চায়ের দোকান। সব মিলিয়ে দৈনিক বিক্রি ৩০ থেকে ৩২ হাজার টাকা।
‘জামাই স্পেশাল চা’, ‘হরলিকস চা’, ‘ডানো চা’, ‘ঘি চা’, কফি, দুধ-চা, লাল-চাসহ প্রায় ১০ ধরনের পানীয় তৈরি করেন তিনি। তবে সবচেয়ে বেশি বিক্রি হয় দুধ-চা। ধরনভেদে প্রতি কাপ চায়ের দাম ৭ থেকে ৭০ টাকা পর্যন্ত।
সাইদুরের দেওয়া হিসাব অনুযায়ী, প্রতিদিন সাড়ে তিন থেকে চার মণ দুধের চা বিক্রি হয়। দোকানের মালামাল, গ্যাস ও বিদ্যুতের বিল এবং কর্মীদের বেতন-ভাতাসহ খরচ মেটানোর পর যা থাকে, তা দিয়েই চলে তাঁর সংসার। আর এই আয় থেকে তিনি আয়করও দেন।

