অভিবাসন দমন অভিযান ‘অতিরিক্ত কঠোর’ ছিল, স্বীকার করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর অভিবাসন দমন অভিযান “অতিরিক্ত কঠোর” ছিল। মধ্যবর্তী নির্বাচনে তাঁর দলের বড় ধরনের পরাজয়ের পর এ মন্তব্য করলেন তিনি।
এর মধ্য দিয়ে নিজের রাজনৈতিক কর্মসূচির অন্যতম প্রধান অবস্থান থেকে প্রকাশ্যে সরে আসার ইঙ্গিত দিলেন তিনি।
সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অবৈধভাবে সীমান্ত পারাপার ব্যাপকভাবে সীমিত করার জন্য তিনি নিজেকে ‘এ প্লাস’ নম্বর দেবেন। তবে ব্যাপকভাবে অভিবাসীদের বহিষ্কারের কারণে রাজনৈতিকভাবে তিনি ‘ক্ষতিগ্রস্ত’ হয়েছেন।
ট্রাম্প বলেন, “আমার মনে হয়, সীমান্ত বন্ধ করার জন্য আমি এ প্লাস পেয়েছি।” তিনি আরও বলেন, “মানুষকে বের করে দেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে খারাপ লোকদের বের করে দেওয়ার জন্য আমি খুব ভালো নম্বর পাব।”
“কিন্তু আমি কষ্ট পাই, কারণ আমরা এমন লোকদেরও নিয়েছি যাদের ভালো চাকরি ছিল, যারা একটি আইন লঙ্ঘন করেছিল, আর তা হলো তারা অবৈধভাবে দেশে প্রবেশ করেছিল,” বলেন ট্রাম্প। “আমার মনে হয় এটা খুব কঠিন ছিল।”
ট্রাম্পের এ স্বীকারোক্তির পরও যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, তারা অভিবাসনবিরোধী অভিযান থেকে সরে আসছে না। বিভাগের একজন মুখপাত্র বলেন, “আইস তাদের অভিযান থেকে পিছিয়ে আসছে না বা এর গতি কমাচ্ছে না।”
মধ্যবর্তী নির্বাচনের দিন ভোটারদের ওপর চালানো এক জরিপে দেখা গেছে, ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি ইস্যুর মধ্যে অভিবাসন ছিল তৃতীয়। এর আগে ছিল অর্থনীতি ও গণতন্ত্রের অবস্থা।
টেক্সাসের মতো ঐতিহাসিকভাবে রিপাবলিকানদের শক্তিশালী রাজ্যগুলোতে লাতিনো ভোটারদের একটি অংশ ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকে পড়েন। কংগ্রেসে ডেমোক্র্যাটিক পার্টির বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনে এটি ভূমিকা রাখে।
‘সিক্সটি মিনিটস’কে ট্রাম্প বলেন, মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে অভিবাসন ইস্যু তাঁর রিপাবলিকান দলের প্রার্থীদের ‘সাহায্যও করেছে, আবার ক্ষতিও করেছে’।
ট্রাম্প আরও বলেছেন, তিনি কংগ্রেসের ডেমোক্র্যাটদের সঙ্গে অভিবাসন নিয়ে কিছু একটা করতে আগ্রহী, তবে তিনি এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি।
এক বছর আগে ‘সিক্সটি মিনিটস’কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন যে তাঁর প্রশাসনের অভিবাসন অভিযান “যথেষ্ট নয়”। রোববার তাঁর আপসপূর্ণ মন্তব্য দিনের শুরুতে বিবিসিকে দেওয়া হোয়াইট হাউসের বিবৃতির সুর থেকে আকস্মিক পরিবর্তন।
নির্বাচনে পরাজয়ের পর ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁদের অভিবাসন কৌশলে পরিবর্তন আনার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন। অনলাইনে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি লেখেন, তিনি এমন ধারণার প্রতি উন্মুক্ত যে তাঁদের আইন প্রয়োগের কৌশল পরিবর্তন করা উচিত, উদাহরণ হিসেবে অবৈধ শ্রমিক নিয়োগ করে এমন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপর বেশি নজর দেওয়া যেতে পারে।
তবে শুক্রবার ট্রাম্প অভিবাসন নীতিতে কঠোর অবস্থানের জন্য পরিচিত স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগের ঘোষণা দেন। এতে প্রশাসনের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। মিলারকে ট্রাম্প প্রশাসনের প্রথম ও দ্বিতীয় মেয়াদে কঠোর অভিবাসন নীতির অন্যতম প্রধান রূপকার হিসেবে বিবেচনা করা হয়।
ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সূত্র সিবিএসকে জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কর্মকর্তাদের প্রতিদিন প্রায় ২,৭০০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের লক্ষ্যমাত্রা নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে প্রতিদিন ২ হাজার জনকে গ্রেপ্তারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছর অভিবাসন আইন প্রয়োগে ব্যাপক অভিযানকে কেন্দ্র করে শিকাগো, মিনিয়াপোলিস ও লস অ্যাঞ্জেলেসসহ বিভিন্ন শহরে আইসের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। মিনিয়াপোলিসে অভিবাসন কর্মকর্তাদের গুলিতে যুক্তরাষ্ট্রের দুই বিক্ষোভকারী রেনে গুড ও অ্যালেক্স প্রেটি নিহত হন।
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের বাস্তবতা জানুয়ারিতে এসে ধরা দেবে। ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া শিগগিরই প্রতিনিধি পরিষদের একটি শক্তিশালী তদারকি কমিটির নেতৃত্ব দেবেন। মঙ্গলবার তিনি সম্ভাব্য লক্ষ্যগুলোর একটি তালিকা দেন—ট্রাম্পের পরিবার, কর্পোরেট দুর্নীতি, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও আইসের বিরুদ্ধে ওঠা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এবং এপস্টিন ফাইলগুলো নিয়ে সরকারের কার্যকলাপ। ডেমোক্র্যাটরা ট্রাম্পকে তাঁর প্রথম মেয়াদে দুইবার অভিশংসিত করেছিল, যদিও সিনেট শেষ পর্যন্ত উভয় ক্ষেত্রেই তাঁকে খালাস দেওয়ার পক্ষে ভোট দিয়েছিল।


