ডানহাতি ওপেনারের খোঁজে মাহফিজুল, ফর্মের পুরস্কার নাঈমের

দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছেন মাহফিজুল ইসলাম রবিন ও নাঈম শেখ। দুজনকে দলে নেওয়ার পেছনে আলাদা দুটি কারণ দেখছেন নির্বাচকরা।
টেস্ট দলের টপ অর্ডারে বাঁহাতি ব্যাটারদের আধিক্য কমিয়ে একজন ডানহাতি ওপেনার তৈরি করার পরিকল্পনা থেকে মাহফিজুলকে বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতার পুরস্কার পেয়েছেন নাঈম।
প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, শুধু ঘরোয়া ক্রিকেটের রান নয়, সাম্প্রতিক পারফরম্যান্স ও প্রস্তুতি বিবেচনায় নিয়েই নাঈমকে দলে নেওয়া হয়েছে। মাহফিজুলের ক্ষেত্রেও নির্বাচকদের আস্থা তৈরি হয়েছে প্রথম শ্রেণির ক্রিকেট ও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তার পারফরম্যান্স দেখে।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলতি মৌসুমে দুজনের ব্যাটেই ছিল রানের ফোয়ারা। মাহফিজুল পাঁচ ম্যাচে করেছেন ৬৭২ রান, নাঈমের সংগ্রহ ৬১২। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম দুটি স্থানই তাদের দখলে। মাহফিজুলের সর্বোচ্চ ইনিংস ২১৭, নাঈমের ২৮২।
মাহফিজুলকে নেওয়ার ব্যাখ্যায় হাবিবুল বাশার বলেন, ‘আমরা প্রথম থেকেই একজন ডানহাতি ওপেনার খুঁজছিলাম। কারণ, আমাদের টপ অর্ডারে বাঁহাতি ব্যাটসম্যানের আধিক্য রয়েছে। রবিনকে নিয়ে আমরা একটু সময় নিতে চেয়েছিলাম, যেন সে প্রস্তুত হতে পারে। প্রথম শ্রেণির ক্রিকেট ও ‘এ’ দলের খেলা দেখে তাকে খুব প্রতিশ্রুতিশীল মনে হয়েছে। এখন তার ব্যাটিংও অনেক গোছানো মনে হচ্ছে। তাই তাকে তৈরি করার জন্য এটাই সেরা সময় বলে আমাদের মনে হয়েছে।’
নাঈমের ক্ষেত্রে অবশ্য সাম্প্রতিক পারফরম্যান্সকেই বড় করে দেখছেন নির্বাচকরা। প্রধান নির্বাচক বলেন, ‘নাঈমকে আমরা দক্ষিণ আফ্রিকায় পাঠিয়েছিলাম। সেখানে তাকে খুব ভালো মনে হয়েছে। এবার প্রথম শ্রেণির ক্রিকেটেও খুব ভালো ব্যাটিং করছে, সে টপ স্কোরার। আগেও তাকে দেখেছি। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজ এবং প্রথম শ্রেণির ক্রিকেটের পারফরম্যান্স মিলিয়ে মনে হচ্ছে, সে এখন খুব ভালো অবস্থায় আছে। সে কারণেই তাকে নেওয়া হয়েছে।’
তবে তাদের দুইজনের আগে মাহমুদুল হাসান জয়কে নিয়েও ভাবনা ছিল নির্বাচকদের। তবে শেষ মুহূর্তে ইনজুরিতে তাকে পাওয়া যাচ্ছে না। সৌম্য সরকারকে আগে দলে নেওয়া হলেও সাম্প্রতিক প্রথম শ্রেণির ক্রিকেটে তার পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি নির্বাচকরা। হাবিবুলের মতে, এই মুহূর্তে নাঈম টেস্ট খেলার জন্য বেশি প্রস্তুত।
নাঈমের টেস্ট ক্যারিয়ার নিয়েও ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে কি না, এমন প্রশ্নে প্রধান নির্বাচক বলেন, সুযোগ পাওয়ার পর সেটি কাজে লাগানোর দায়িত্ব ক্রিকেটারের। তিনি বলেন, ‘আমরা পরিকল্পনা করবই। তবে খেলোয়াড়কে সাড়া দিতে হবে। ব্যাকআপ হিসেবে সুযোগ পেয়েও অনেক ক্রিকেটার নিজেদের প্রমাণ করে বেরিয়ে যায়। তাওহীদ হৃদয়ের উদাহরণ আমাদের সামনে আছে। মুমিনুল খেললে হয়তো হৃদয়ের সুযোগ হতো না। কিন্তু সে সুযোগটা দুহাত ভরে নিয়েছে। নাঈমকেও নিশ্চয়ই ভালো করার কারণেই দলে নেওয়া হয়েছে।’
চার বছর পর টেস্ট দলে ফিরলেন নাঈম শেখ। আর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন মাহফিজুল ইসলাম রবিন। দুজনই এখন দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজে নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছেন।
ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছুটিয়ে দলে জায়গা করে নেওয়া দুই ব্যাটারের সামনে এখন বড় চ্যালেঞ্জ—আন্তর্জাতিক মঞ্চে সেই ধারাবাহিকতা ধরে রাখা।


