শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই গোলের জয় চান ভুটান কোচ
সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করেছে ভুটান। দুই ম্যাচ খেলে এক পয়েন্ট তুলে তারা এখনও সেমিফাইনালের লড়াইয়ে টিকে আছে।
ভুটানের গ্রুপপর্বের দুই ম্যাচ শেষ হওয়ায় এখন তারা তাকিয়ে আছে বাংলাদেশের ম্যাচের দিকে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ম্যাচের অন্যতম বড় সমর্থক হয়ে গেছেন ভুটান কোচ গ্যারি ফিলিপস।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রথমত, আমি খুব চিন্তিত ছিলাম, কারণ শ্রীলঙ্কার ১৬ জন বিদেশি খেলোয়াড় ছিল, তাই জানতাম তারা একটি ভালো দল। খেলার আগে কিছুটা নার্ভাস ছিলাম, তবে ফলাফল এবং সামগ্রিক ফলাফলে আমি অত্যন্ত খুশি।’
তিনি জানান, মাত্র দুদিন আগে বাংলাদেশের বিপক্ষে খেলার পর ২-১ গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানো এই দলের মানসিকতা ও দৃঢ়সংকল্পের পরিচয় দেয়, তাই তিনি অত্যন্ত গর্বিত ছিলেন।
সংবাদ সম্মেলনে গ্যারির কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশের থেকে কী ধরনের ফলাফল চান। জবাবে তিনি বলেন, ‘শতভাগ।’ ‘আমাদের প্রয়োজন বাংলাদেশ দুই বা ততোধিক গোলের ব্যবধানে জয়লাভ করুক। তাই আমরা আশা করছি বাংলাদেশ তরতাজা থাকবে, এই ম্যাচের পর শ্রীলঙ্কা হয়তো কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে, আমরা জানি না। আমাদের শুধু অপেক্ষা করে দেখতে হবে।’
‘তবে স্পষ্টতই বাংলাদেশ আশা করি তাদের শক্তিশালী দলকেই মাঠে নামাবে। তাদের তো পরের রাউন্ডে যেতে হলে জিততেই হবে। দেখা যাক কী হয়। ফুটবল একটি মজার খেলা, যেকোনো কিছু ঘটতে পারে। মনে করি না শ্রীলঙ্কা তাদের সেরা ছন্দে ছিল, তবে এটি আমাদের খেলারই ফল ছিল। অবশ্যই আমরা আশা করি বাংলাদেশ ভালোভাবে জিতে আমাদের পরের রাউন্ডে পৌঁছে দেবে,’ বলেন গ্যারি।
পেনাল্টি মিসের প্রসঙ্গে তিনি বলেন, ‘মানে পেনাল্টি মিস করাটা অনেক বড় একটা বিষয় ছিল এবং অন্য অনেক কম মানের খেলোয়াড় হলে মানসিকভাবে ভেঙে পড়ত। কিন্তু ছেত্রীর পেশাদারিত্ব এবং তার কোয়ালিটির কথা মাথায় রেখে জানতাম সে সবসময় ম্যাচের ভেতরে থাকবে এবং ওই পেনাল্টির ভুল শোধরাতে চাইবে। তাই ম্যাচের শেষদিকে গোল পাওয়াটা তার জন্য এবং দলের জন্য দারুণ এক পুরস্কার ছিল।’
‘কারণ মনে করি আমরা কঠোর পরিশ্রম করেছি এবং আমরা সম্ভবত এর যোগ্যও ছিলাম। হ্যাঁ, তাদের কিছু সুযোগ ছিল, তবে খুব স্পষ্ট কোনো সুযোগ ছিল না। তাই মোটামুটি সন্তুষ্ট ছিলাম, তবে আমরা খুব ক্লান্ত ছিলাম; সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমি ফলাফল নিয়ে ভীষণ খুশি,’ বলেন ভুটান কোচ।
বুধবার রাত ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে জিতেছে লাল-সবুজের দলটি।
এই গ্রুপের দ্বিতীয় ম্যাচে ২-২ গোলে ড্র করেছে শ্রীলঙ্কা-ভুটান, তাতে পয়েন্টে এগিয়ে সেমি নিশ্চিত করেছেন হামজা-জামালরা।
