ডানা হোয়াইটকে প্রেস সচিবের প্রস্তাব ‘মজা’ ছিল, জানালেন ট্রাম্প

আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান ডানা হোয়াইটকে হোয়াইট হাউসের প্রেস সচিব হওয়ার প্রস্তাব দেওয়া ‘মজা’ ছিল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, হোয়াইট ধারণাটি পছন্দ করেছেন, তবে প্রস্তাবটি ছিল ‘সামান্য মজা’।
শনিবার ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছিলেন, হোয়াইটকে চাকরিটি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে তিনি হোয়াইটকে ‘দয়া করে চাকরিটি নিন’ বলে অনুরোধ জানান এবং লেখেন, ‘ডানা এমন একজন প্রেস সচিব হবেন, যেমন আর কেউ হননি।’
নিজের পোস্টে ট্রাম্প হোয়াইটকে আরও বলেছিলেন, কয়েকজন বর্তমান ও সাবেক মিক্সড মার্শাল আর্টস যোদ্ধাকে ‘সহকারী’ হিসেবে সঙ্গে নিয়ে আসতে। ‘লুনাটিক লেফটের’ বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য ‘এই মানুষগুলোকে আমাদের দরকার’ বলেও তিনি লিখেছিলেন।
শনিবার এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব নিয়ে প্রশ্নের জবাবে ইউএফসি প্রধান বলেন, তাঁর ‘ইতিমধ্যে অনেক কাজ আছে’। সোমবার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন বলে জানালেও চাকরিটি নেবেন কি না, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
রোববার সাংবাদিকদের ট্রাম্প বলেন, হোয়াইট সোমবার ‘অন্য কারণে’ তাঁর সঙ্গে দেখা করতে আসছেন। তিনি বলেন, ‘আমি মনে করি, তিনি ওয়াশিংটনে আসছেন। তাই তিনি এসে আমার সঙ্গে দেখা করবেন। আমি বলছি, আমি শুধু মজা করছিলাম। কিন্তু ডানা ধারণাটি পছন্দ করেন। আর একজনই ডানা আছেন। তিনি দারুণ।’
হোয়াইট হাউসের প্রেস সচিবের পদটি অক্টোবর থেকে শূন্য রয়েছে। সে সময় কেটি জাকারিয়া পাঁচ দিনেরও কম সময় দায়িত্ব পালনের পর পদ ছাড়েন। তাঁর আগে এই দায়িত্বে ছিলেন ক্যারোলিন লেভিট। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেস সচিব ছিলেন এবং ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর সময় থেকে এই পদে ছিলেন।
ট্রাম্পের এই প্রস্তাব এসেছে মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয়ের পর। ওই নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।
ডানা হোয়াইট ইউএফসির পাশাপাশি নিয়ন্ত্রিত চড়-মারামারির লিগ পাওয়ারস্ল্যাপেরও নেতৃত্ব দেন। সম্প্রতি তিনি জুফা বক্সিং নামে একটি নতুন বক্সিং প্রচার সংস্থা চালু করেছেন। তিনি ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিক প্রতিষ্ঠান মেটার বোর্ড সদস্যও।
হোয়াইট ২০১৬, ২০২০ ও ২০২৪ সালের রিপাবলিকান জাতীয় সম্মেলনে ট্রাম্পের হোয়াইট হাউস অভিযানের সমর্থনে বক্তব্য দিয়েছিলেন। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের বিজয়ী ভাষণের মঞ্চেও তিনি উপস্থিত ছিলেন। এই গ্রীষ্মে হোয়াইট হাউসের লনে ইউএফসি একটি খাঁচা ম্যাচের আয়োজন করেছিল।



