যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে স্কুল, আরও আর্থিক চাপ আসছে সামনে
যুক্তরাষ্ট্রে জন্মহার বহু দশক ধরে কমতে থাকা এবং রাজ্য ও কেন্দ্রীয় শিক্ষা তহবিল শুকিয়ে যাওয়ায় নগদ অর্থের সংকটে থাকা ক্রমবর্ধমান সংখ্যক স্কুল জেলা খরচ বাঁচাতে ক্যাম্পাস বন্ধ করে দিচ্ছে। নতুন শিক্ষাবর্ষে হাজারো শিক্ষার্থীকে তাই নতুন স্কুলে মানিয়ে নিতে হচ্ছে।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিগ লোকাল নিউজের ফেডারেল তথ্য বিশ্লেষণ অনুযায়ী, গত শিক্ষাবর্ষে মোট ১ হাজার ১৫৬টি স্কুল বন্ধ হয়েছে—মহামারির পর সর্বোচ্চ সংখ্যা। একই সঙ্গে নতুন গবেষণায় দেখা গেছে, স্কুল বন্ধ হওয়ার চেয়ে শিক্ষার্থী ভর্তি অনেক দ্রুত কমছে, যা সামনে আরও কঠিন আর্থিক সিদ্ধান্তের ইঙ্গিত দিচ্ছে।
ক্যালিফোর্নিয়ার ভ্যালেহো শহরের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী পেনি নুনেজ-ব্রান্দাও আগস্টের এক সকালে গ্লেন কোভ এলিমেন্টারি স্কুলের বাইরে ভিড়ের মধ্যে পরিচিত মুখ খুঁজছিল। মাকে সে বলেছিল, ‘আমি কাউকে দেখছি না। আমার কোনো বন্ধু আসছে না।’ তাঁর আগের স্কুলটি বন্ধ হয়ে যাওয়ায় নতুন স্কুলে ভর্তি হতে হয়েছে তাকে।
সান ফ্রান্সিসকোর কাছের শ্রমজীবী জেলা ভ্যালেহো সিটি ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টে এখন দুই দশক আগের তুলনায় অর্ধেক শিক্ষার্থী পড়ে। জেলা কর্তৃপক্ষ ২০২৫ সাল থেকে পাঁচটি ক্যাম্পাস বন্ধ করেছে—যা তাদের মোট স্কুলের এক-চতুর্থাংশ। ৩ কোটি ৬০ লাখ ডলারের বিশাল ঘাটতি মেটাতে তারা সব কর্মী পদের এক-তৃতীয়াংশ পর্যন্ত ছাঁটাইয়ের তালিকায় রেখেছে।
তবে গবেষণায় দেখা গেছে, স্কুল বন্ধ করে জেলাগুলো যে আর্থিক স্বস্তি আশা করে, তা খুব কমই মেলে। পুনর্বণ্টনকৃত স্কুলে শিক্ষার্থীদের বাসে করে নেওয়া, ছাঁটাইকৃত কর্মীদের ক্ষতিপূরণ এবং খালি ভবনের নিরাপত্তার খরচ প্রায়শই সঞ্চয়কে গিলে ফেলে। স্কুল বন্ধ শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে দিতে পারে এবং শিক্ষক আকৃষ্ট করা কঠিন করে তুলতে পারে।
স্কুল বন্ধ হওয়ায় নিম্নগামী চক্রও শুরু হতে পারে, কারণ হতাশ পরিবারগুলো চার্টার বা বেসরকারি স্কুলে অথবা অন্য জেলায় চলে যায়। ভ্যালেহোতে কিছু অভিভাবক জানিয়েছেন, এই শরতে তাঁরা সন্তানদের হোমস্কুলিং করানোর সিদ্ধান্ত নিয়েছেন অথবা বাড়ি বিক্রি করে প্রতিবেশী জেলায় চলে যাওয়ার পরিকল্পনা করছেন।
পেনির মা কিম্বার্লি নুনেজ-ব্রান্দাও বলেন, ‘পরিবারগুলো আক্ষরিক অর্থেই সন্তানদের নিয়ে গুছিয়ে চলে যাচ্ছে।’ তিনি ইতিমধ্যে তাঁর বড় ছেলেকে একটি প্রতিযোগী চার্টার স্কুলে ভর্তি করেছেন।
সারাদেশে ২০১৯ সালের শরৎ থেকে ২০২৪ সালের মধ্যে সরকারি স্কুলে ভর্তি কমেছে ১৪ লাখের বেশি শিক্ষার্থী, অর্থাৎ প্রায় ৩ শতাংশ। স্ট্যানফোর্ডের অর্থনীতিবিদ টমাস ডি ও সমাজবিজ্ঞানী জেমস পাইনের সংগ্রহ করা ফেডারেল শিক্ষা তথ্যের ওপর অ্যাসোসিয়েটেড প্রেসের বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। স্কুলের মোট সংখ্যাও কমেছে, তবে তা কেবল মহামারি-পূর্ব পর্যায়ে ফিরেছে—অর্থাৎ বন্ধের হার ভর্তি কমার পেছনে রয়েছে।
ভর্তি কমার প্রধান কারণ জন্মহার কমা, তবে অভিবাসনের ওপর ফেডারেল কঠোরতা এবং মহামারি-পরবর্তী বেসরকারি স্কুল ভাউচার ও হোমস্কুলিংয়ের বিকল্পের প্রসারও এতে ভূমিকা রেখেছে। গবেষণা প্রতিষ্ঠান বেলওয়েদার ও ওয়েস্টএড সম্প্রতি অনুমান করেছে, ভর্তি কমার কারণে ২০৩০-৩১ সালের মধ্যে স্কুলগুলো বছরে ১ হাজার ১৫০ কোটি ডলার পর্যন্ত রাজ্য রাজস্ব হারাতে পারে, যা ব্যাপক ছাঁটাই, একাডেমিক কর্মসূচিতে কাটছাঁট এবং স্কুল বন্ধের কারণ হতে পারে।
ভ্যালেহোতে ২০০৬ সালের শরতে ভর্তি ছিল প্রায় ১৮ হাজার শিক্ষার্থী, জেলার তথ্য অনুযায়ী এখন তা কমে প্রায় ৯ হাজার ৩০০-তে দাঁড়িয়েছে। ক্যালিফোর্নিয়ায় দেশের মধ্যে অন্যতম তীব্র ভর্তি হ্রাস রেকর্ড করা হয়েছে। তবে ক্লিভল্যান্ড, হিউস্টন ও ফিলাডেলফিয়াসহ দেশজুড়ে বড় বড় জেলাগুলোও একই ধরনের বন্ধের মুখোমুখি হচ্ছে।
সেন্টার অন রিইনভেন্টিং পাবলিক এডুকেশনের গবেষণা প্রধান লিডিয়া রেইনি বলেন, ভর্তি ও আর্থিক পরিস্থিতি শিগগিরই উন্নত হওয়ার সম্ভাবনা নেই। তাঁর ভাষায়, ‘এটি অত্যন্ত আশাবাদী চিন্তা। রাজ্যগুলো স্কুলগুলোকে বাঁচাতে অতিরিক্ত তহবিল নিয়ে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে না।’
ভ্যালেহোর সুপারিনটেনডেন্ট রুবেন অরেলিও স্বীকার করেছেন, কাটছাঁট ও বন্ধ পরিবারের জন্য কঠিন হতে পারে, তবে ভিন্ন বাস্তবতার জন্য তৈরি জেলা ও বাজেট ঠিক করতে এগুলো প্রয়োজন। তাঁর ভাষায়, ‘আমরা শুধু বন্ধ করার জন্য স্কুল বন্ধ করছি না। উল্লেখযোগ্যভাবে বেশি শিশুর জন্য তৈরি একটি জেলাকে আমরা সঠিক আকারে আনছি।’


