উত্তর আমেরিকার বক্স অফিসে শীর্ষে ‘গডজিলা মাইনাস জিরো’, ভাঙল ২০০২ সালের রেকর্ড
উত্তর আমেরিকার বক্স অফিসে ৩ কোটি ১৬ লাখ মার্কিন ডলার আয় করে শীর্ষস্থান দখল করেছে জাপানি অ্যাকশন ঘরানার সিনেমা ‘গডজিলা মাইনাস জিরো’। ৩ হাজার ২৫৪টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়ে সিনেমাটি উত্তর আমেরিকার বাজারে বিদেশি ভাষার কোনো লাইভ-অ্যাকশন চলচ্চিত্রের উদ্বোধনী আয়ের সর্বকালের নতুন রেকর্ড গড়েছে।
এর মধ্য দিয়ে ২০০২ সালে চীনা সিনেমা ‘হিরো’র করা ১ কোটি ৭৮ লাখ ডলারের উদ্বোধনী আয়ের দীর্ঘদিনের রেকর্ডটি ভেঙে গেল।
২০২৩ সালে অস্কারজয়ী ‘গডজিলা মাইনাস ওয়ান’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন তাকাশি ইয়ামাজাকি এবং প্রযোজনা করেছে জাপানের তোহো।
রটেন টম্যাটোসে ৯০ শতাংশ ইতিবাচক রেটিং এবং সিনেমাস্কোরে ‘এ’ গ্রেড পাওয়ার পাশাপাশি সিনেমাটির আয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে প্রিমিয়াম লার্জ ফরম্যাট (পিএলএফ)। বিশেষ করে আইম্যাক্স ফরম্যাটে চিত্রায়িত প্রথম জাপানি চলচ্চিত্র হিসেবে এর মোট আয়ের প্রায় ৪০ শতাংশ বা ১ কোটি ২৭ লাখ ডলার এসেছে কেবল আইম্যাক্স পর্দা থেকে।
অন্যদিকে, ডক্টর সিউসের জনপ্রিয় শিশুতোষ বই অবলম্বনে নির্মিত ওয়ার্নার ব্রাদার্সের অ্যানিমেশন ছবি ‘দ্য ক্যাট ইন দ্য হ্যাট’ বক্স অফিসে বড় ধরনের ধাক্কা খেয়েছে। ৪ হাজার ৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে সিনেমাটি আয় করতে পেরেছে মাত্র ২ কোটি ডলার।
৯ কোটি ২০ লাখ ডলার ব্যয়ে নির্মিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক ৬০টি বাজার থেকে আরও ১ কোটি ডলার যোগ করে বিশ্বব্যাপী উদ্বোধনী আয় দাঁড় করিয়েছে ৩ কোটি ৫ লাখ ডলারে। সিনেমাস্কোরে দর্শকরা ‘এ’ গ্রেড দিলেও রটেন টম্যাটোসে সমালোচকদের মাত্র ৪৫ শতাংশ ইতিবাচক রেটিং পেয়েছে বিল হেডারের কণ্ঠ দেওয়া এই সিনেমাটি।
সম্প্রতি ‘ডিগার’, ‘দ্য ব্রাইড!’ এবং ‘সুপারগার্ল’-এর মতো একাধিক ব্যর্থতার পর ওয়ার্নার ব্রাদার্সের জন্য এটি আরেকটি বড় ধাক্কা হলেও বিশ্লেষকদের মতে, পারিবারিক ঘরানার অ্যানিমেশন ছবিগুলো সাধারণত পরবর্তী সময়ে ডিজিটাল স্ট্রিমিং ও টেলিভিশন সম্প্রচার স্বত্ব থেকে তাদের মূল খরচ তুলে আনতে সক্ষম হয়।
সাপ্তাহিক বক্স অফিসের অন্যান্য উল্লেখযোগ্য ছবির মধ্যে সনি পিকচার্সের পরিবেশনায় নীতেশ তিওয়ারি পরিচালিত ভারতের মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’ উত্তর আমেরিকার ১ হাজার ৩০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে প্রথাগত তিন দিনে ৮৬ লাখ এবং চার দিনে মোট ১ কোটি ২১ লাখ ডলার আয় করে তালিকার পঞ্চম স্থান অধিকার করেছে। এটি উত্তর আমেরিকার বাজারে কোনো ভারতীয় ছবির সবচেয়ে বড় পরিসরে মুক্তি।
৫০০ মিলিয়ন ডলার ব্যয়ে দুই পর্বে নির্মিত এই মেগা প্রজেক্টটি বিশ্বজুড়ে প্রথম সপ্তাহে সংগ্রহ করেছে ৫ কোটি ৫৭ লাখ ডলার; যার মধ্যে ভারত থেকে ৩২ লাখ এবং যুক্তরাজ্য থেকে ৩০ লাখ ডলার যুক্ত হয়েছে।
এ ছাড়া এলিজাবেথ হোমসের ওপর নির্মিত এ২৪-এর মাত্র ৭ মিলিয়ন ডলার বাজেটের আলোচিত তথ্যচিত্র ‘ইউ ক্যান সি এভরিথিং’ চতুর্থ সপ্তাহে ৮৮ লাখ ডলার যোগ করে দেশীয় বাজারে মোট আয় প্রায় ৭ কোটি ৯৮ লাখ ডলারে উন্নীত করে চতুর্থ স্থানে অবস্থান ধরে রেখেছে।
ক্রিশ্চিয়ান মিউজিক্যাল ‘ড্রামার বয়’ ৯৩ লাখ ডলার নিয়ে তৃতীয় স্থানে, মার্টিন ম্যাকডোনাহের ডার্ক কমেডি ‘ওয়াইল্ড হর্স নাইন’ ৬০ লাখ ডলার নিয়ে অষ্টম স্থানে এবং সীমিত পরিসরে মুক্তি পাওয়া ‘ক্লাব কিড’ ও ‘আই প্লে রকি’ প্রশংসনীয় গড় আয় ধরে রেখেছে।
সব মিলিয়ে গত সপ্তাহান্তে উত্তর আমেরিকার বাজারে সব সিনেমা মিলিয়ে মোট বক্স অফিস আয় দাঁড়িয়েছে ১১ কোটি ৪০ লাখ ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮৬ শতাংশ বেশি। রেনট্রাক-এর তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সার্বিক টিকিট বিক্রির পরিমাণ পৌঁছেছে ৮ দশমিক ৬ বিলিয়ন বা ৮৬০ কোটি ডলারে।


