৬ কোটি টাকার অবৈধ সম্পদে আসামি সাবেক এমপি দম্পতি অসীম-অপু, দুদকের দুই মামলা
প্রায় ৬ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে নেত্রকোণা-৩ আসনের সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল এবং তাঁর স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অপু উকিলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের মামলায় তাঁদের বিরুদ্ধে মোট ৫ কোটি ৭০ লাখ ৬ হাজার ৭০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল রনি বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। দুদক সচিব মো. সাইদুর রহমান খান বিষয়টি জানিয়েছেন।
দুদকের এজাহার সূত্রে জানা গেছে, অসীম কুমার উকিলের বিরুদ্ধে ২ কোটি ৩২ লাখ ৪১ হাজার ৩২৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
এ ছাড়া সম্পদ বিবরণীতে ৫৬ লাখ ১৯ হাজার ৮৩৭ টাকার সম্পদের তথ্য গোপন বা মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
এজাহারে অসীম কুমার উকিলের বিরুদ্ধে মোট ৭ কোটি ৭৬ লাখ ৪৮ হাজার ৭৯০ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এর বিপরীতে তাঁর বৈধ আয় ছিল ৫ কোটি ৪ লাখ ৭ হাজার ৪৬৭ টাকা।
অন্যদিকে, অপু উকিলের বিরুদ্ধে ৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৩৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
তাঁর দাখিল করা সম্পদ বিবরণীতে ২ কোটি ৮ লাখ ৫৭ হাজার ৮৯৬ টাকার সম্পদ দেখানো হলেও যাচাইয়ে মোট ৩ কোটি ৮ লাখ ৫৭ হাজার ৮৯৬ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। বৈধ আয় ও পারিবারিক ব্যয় বিবেচনায় নিয়ে তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের এজাহারে আরও বলা হয়েছে, ২০১৬-১৭ থেকে ২০২০-২১ করবর্ষ পর্যন্ত বিভিন্ন সময়ে অপু উকিল তাঁর স্বামী অসীম কুমার উকিলের কাছে মোট ১ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করেন।
ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের উৎস গোপন বা ছদ্মাবৃত করার উদ্দেশ্যে এসব লেনদেন করা হয়েছে বলে অভিযোগ করেছে দুদক। তবে অসীম কুমার উকিল তাঁর আয়কর নথিতে ওই অর্থ পাওয়ার তথ্য উল্লেখ করেননি বলে এজাহারে দাবি করা হয়েছে।
