বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা ৩০ হাজার, শিক্ষার খরচেও শিথিলতা
বিদেশে চিকিৎসাসেবার ব্যয় নির্বাহে বৈদেশিক মুদ্রা ছাড়ের সর্বোচ্চ সীমা বাড়িয়ে দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো একজন গ্রাহকের চিকিৎসার প্রয়োজনে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা তার সমমূল্যের বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। আগে এই ব্যয়সীমা সর্বোচ্চ ১৫ হাজার ডলারে নির্ধারিত ছিল।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে অনুমোদিত সব ব্যাংকে পাঠানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিদেশে চিকিৎসার খরচ মেটানোর নিয়ম সহজ করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে স্কুল পর্যায়ের শিক্ষার খরচ পাঠানোর দীর্ঘদিনের জটিলতাও নিরসন করা হয়েছে।
এখন থেকে বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পড়াশোনার যাবতীয় খরচ প্রেরণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমতির বাধ্যবাধকতা থাকছে না। বাণিজ্যিক ব্যাংকগুলো সরাসরি এসব খরচ পাঠাতে পারবে।
তবে সংশ্লিষ্ট দেশে অবৈতনিক পড়াশোনার কোনো সুযোগ রয়েছে কি না, ব্যাংকগুলোকে তা যাচাই করে নিশ্চিত হতে হবে।
নিয়ম শিথিলের এই সুবিধা পেশাগত ও বিভিন্ন কারিগরি সনদভিত্তিক কোর্সের পাশাপাশি দূরশিক্ষণ বা চিঠিপত্রের মাধ্যমে পরিচালিত স্বীকৃত শিক্ষা কার্যক্রমেও কার্যকর হবে।
এ ধরনের নিয়মিত পাঠ্যক্রমের খরচাদি বিদেশে পাঠাতেও কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতির প্রয়োজন পড়বে না; ব্যাংকগুলো নিজেরাই প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।
অপরদিকে বিদেশভ্রমণ শেষে ফিরে আসা আবাসিক বাংলাদেশিদের ক্ষেত্রেও আর্থিক সুবিধা নিশ্চিত করা হয়েছে। ব্যক্তিগত সফর, চিকিৎসা কিংবা শিক্ষা সংক্রান্ত কাজে বিদেশ গিয়ে সঙ্গে করে ফেরত আনা অতিরিক্ত বৈদেশিক মুদ্রা কাস্টমস কর্তৃপক্ষের নির্ধারিত ফরম এফএমজে (Form FMJ)-তে ঘোষণার মাধ্যমে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট বা আরএফসিডি হিসাবে সরাসরি জমা রাখার সুযোগ মিলবে।
তবে এসব বিশেষ ক্ষেত্র ব্যতীত বৈদেশিক মুদ্রা লেনদেন আইনের অন্যান্য যাবতীয় প্রচলিত নিয়মাবলি ও শর্তাবলি আগের মতোই অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

