…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে যোগ দিতে যাওয়ার অভিযোগে দক্ষিণ আফ্রিকায় আটক ৯ বিদেশি

নিজস্ব প্রতিবেদক
ইউক্রেন যুদ্ধে যোগ দিতে যাওয়ার অভিযোগে দক্ষিণ আফ্রিকায় আটক ৯ বিদেশি
ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার চেষ্টার অভিযোগে দক্ষিণ আফ্রিকায় নয়জন বিদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বয়স ২০ থেকে ২৬ বছরের মধ্যে। রোববার সন্ধ্যায় জোহানেসবার্গ শহর ও আশপাশের এলাকা থেকে একটি বহুমুখী দল তাঁদের গ্রেপ্তার করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বাইরে যাওয়ার ফ্লাইটে ওঠার প্রস্তুতি নেওয়ার সময় তাঁরা ধরা পড়েন। তবে তাঁদের চূড়ান্ত গন্তব্য কোথায় ছিল, তা এখনো স্পষ্ট নয়।

দক্ষিণ আফ্রিকার আইনে সরকারের অনুমতি ছাড়া ভাড়াটে সৈনিকের কাজ করা নিষিদ্ধ। ওই আইন লঙ্ঘনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর ওআর ট্যাম্বো এবং জোহানেসবার্গের পূর্ব দিকের ব্রুমা এলাকার একটি হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ইন্টারপোলও অংশ নিয়েছিল।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ইন্টারপোল ও অন্যান্য আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থার সম্পৃক্ততা ইঙ্গিত দেয়, সন্দেহভাজনরা নিজ নিজ দেশের আইনও লঙ্ঘন করেছেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করা হচ্ছে।

কর্তৃপক্ষ গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জাতীয়তা প্রকাশ করেনি। তবে তাঁদের কেউ দক্ষিণ আফ্রিকায় বসবাস করতেন না বলে নিশ্চিত করা হয়েছে।

তাঁরা রাশিয়ার পক্ষে নাকি ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে যাচ্ছিলেন, সে বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানায়নি। তাঁদের ভ্রমণের ব্যবস্থা করতে কোন সংগঠন জড়িত ছিল বলেও অভিযোগ রয়েছে, সে সম্পর্কেও কোনো তথ্য দেওয়া হয়নি।

কেনিয়া, ঘানা ও দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকার একাধিক দেশের নাগরিক রাশিয়ার পক্ষে ইউক্রেনে যুদ্ধ করতে গেছেন। তাঁদের মধ্যে কেউ কেউ প্রতারণার শিকার হয়েছিলেন এবং কোথায় যাচ্ছেন তা বুঝতে পারেননি বলে অভিযোগ রয়েছে।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থার চলতি বছরের শুরুর দিকে করা এক মূল্যায়নে বলা হয়, আফ্রিকার ৩৬টি দেশের এক হাজার ৭০০ জনের বেশি মানুষকে রাশিয়ার পক্ষে যুদ্ধ করার জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

কেনিয়া সে সময় ধারণা করেছিল, তাদের ২৫২ জন নাগরিককে রাশিয়ায় অবৈধভাবে সেনাবাহিনীতে ভর্তি করা হয়েছে। গত মার্চে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মুসালিয়া মুদাভাদি বিষয়টি নিয়ে মস্কো সফর করেন।

মুদাভাদি তখন জানিয়েছিলেন, কেনিয়ার নাগরিকদের নিয়োগ বন্ধে একটি সমঝোতা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে ঘানা জানায়, সংঘাতে তাদের ৫৫ জন নাগরিক নিহত হয়েছেন এবং ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে ২৭২ জনকে প্রলুব্ধ করে যুদ্ধে পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

একই মাসে দক্ষিণ আফ্রিকা ১৭ জন দক্ষিণ আফ্রিকানকে দেশে ফিরিয়ে আনে, যাঁদের প্রতারণা করে যুদ্ধে যোগ দেওয়ানো হয়েছিল বলে অভিযোগ ছিল।

গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ পাঁচজনকে গ্রেপ্তার করেছিল, যাঁদের মধ্যে একজন সাংবাদিকও ছিলেন। তাঁদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার জন্য লোক নিয়োগের অভিযোগ ছিল।

ইউক্রেনও আফ্রিকাসহ বিভিন্ন দেশের বিদেশি নাগরিকদের নিয়োগ দিচ্ছে বলে জানা গেছে।

গ্রেপ্তার হওয়া নয়জনকে সোমবারের শেষ দিকে অথবা মঙ্গলবার আদালতে হাজির করা হবে বলে আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

মার্চের পর অক্টোবরে সর্বোচ্চ তেল আমদানি করল চীন

চলতি বছরের মার্চের পর অক্টোবরে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল আমদানি করেছে চীন। তবে গত বছরের একই মাসের তুলনায় দেশটির তেল আমদানি কমেছে ১৩ দশমিক ৩ শতাংশ। ম…

এশিয়ার বাজারে মধ্যপ্রাচ্যের বিকল্প হয়ে উঠছে কানাডার এলএনজি
আন্তর্জাতিক

এশিয়ার বাজারে মধ্যপ্রাচ্যের বিকল্প হয়ে উঠছে কানাডার এলএনজি

এশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা বাড়ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস খুঁজছেন আমদানিকারকরা। এ পরিস্থিতিতে এ…

আন্তর্জাতিক

রিয়াদে হুতি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস, একাধিক বিস্ফোরণের শব্দ

সৌদি আরবের রাজধানী রিয়াদে দফায় দফায় বিকট বিস্ফোরণের শব্দ অনুভূত হয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উৎক্ষেপণ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ …

তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ১৭, গ্রেপ্তার ৫
আন্তর্জাতিক

তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ১৭, গ্রেপ্তার ৫

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির বন্দরনগরীর কাছে একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২…