মার্চের পর অক্টোবরে সর্বোচ্চ তেল আমদানি করল চীন
চলতি বছরের মার্চের পর অক্টোবরে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল আমদানি করেছে চীন। তবে গত বছরের একই মাসের তুলনায় দেশটির তেল আমদানি কমেছে ১৩ দশমিক ৩ শতাংশ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক তেল সরবরাহে বিঘ্নের মধ্যে মঙ্গলবার প্রকাশিত চীনের সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশটি অক্টোবরে ৪ কোটি ১৯ লাখ ৪০ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করেছে। দৈনিক হিসাবে এর পরিমাণ ৯৮ লাখ ৮০ হাজার ব্যারেল। চীনের শুল্ক প্রশাসনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে দৈনিক আমদানি বেড়েছে ৯ দশমিক ৪ শতাংশ।
অক্টোবরে পেট্রল, ডিজেল, উড়োজাহাজের জ্বালানি ও ফুয়েল অয়েলসহ বিভিন্ন পরিশোধিত তেলজাত পণ্যের রপ্তানি কমে ৫১ লাখ ৮০ হাজার টনে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে এ পরিমাণ ছিল ৭১ লাখ ৬০ হাজার টন। তবে গত বছরের অক্টোবরের তুলনায় রপ্তানি বেড়েছে ১৪ দশমিক ৬ শতাংশ।
চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চীনের পরিশোধিত তেলজাত পণ্যের মোট রপ্তানি হয়েছে ৪ কোটি ৬৫ লাখ ৯০ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ কম। অন্যদিকে, অক্টোবরে এসব পণ্যের আমদানি বেড়ে ৩১ লাখ ৫০ হাজার টনে পৌঁছেছে। সেপ্টেম্বরে আমদানির পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার টন।
তবে বছরের প্রথম ১০ মাসের হিসাবে পরিশোধিত তেলজাত পণ্যের আমদানি কমেছে। এ সময়ে চীন ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার টন এসব পণ্য আমদানি করেছে। গত বছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৩ কোটি ৪১ লাখ ৯০ হাজার টন।
এদিকে অক্টোবরে চীনের প্রাকৃতিক গ্যাস আমদানি গত বছরের একই মাসের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এলএনজি ও পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা গ্যাস মিলিয়ে এ মাসে দেশটি ১ কোটি ১ লাখ ১০ হাজার টন গ্যাস আমদানি করেছে।
তবে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে চীনের মোট প্রাকৃতিক গ্যাস আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ কমেছে। এ সময়ে দেশটি আমদানি করেছে ৯ কোটি ৯২ লাখ ২০ হাজার মেট্রিক টন গ্যাস।

