…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, কুর্দিস্তানে বিদ্যুৎ উৎপাদনে বড় ধাক্কা

নিজস্ব প্রতিবেদক

রোববার গভীর রাতে ইরাকের উত্তরাঞ্চলের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলায় আগুন ধরে যায় এবং কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এই হামলা দেশটির জ্বালানি খাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও সামনে এনেছে।

সুলায়মানিয়া গভর্নরেটে অবস্থিত গ্যাসক্ষেত্রটিতে হামলার পর কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) নিয়ন্ত্রিত এলাকায় বিদ্যুৎ উৎপাদন প্রথম দফায় দুই হাজার ৫০০ থেকে দুই হাজার ৮০০ মেগাওয়াট কমে যায় বলে আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন।

ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়দি হামলার পেছনে কারা রয়েছে তা নির্ধারণে কেআরজি কর্তৃপক্ষের সঙ্গে একটি যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়ার সময়ে এই হামলা হয়েছে—যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত ঘিরে উত্তেজনা চলছে এবং বাগদাদ মূলত ইরানপন্থি শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে থাকা অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার চাপের মুখে রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে এই গ্যাসক্ষেত্রে আগের হামলাগুলোর জন্য কেআরজি কর্তৃপক্ষ ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে দায়ী করেছে।

হামলাটি এমন সময়ে হয়েছে, যখন কয়েক দিন আগেই প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান (পিইউকে) কেআরজি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে। এতে প্রতিদ্বন্দ্বী কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির (কেডিপি) সঙ্গে রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে।

রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ও কেডিপির সদস্য মোহাম্মদ আমের বলেন, খোর মোর হামলা ইরাকি রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং তার নিয়ন্ত্রণের বাইরে কাজ করা সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে আনার সক্ষমতার জন্য একটি প্রকৃত পরীক্ষা।

আল জাজিরাকে তিনি বলেন, ইরাকের ভূখণ্ড ও আকাশসীমা রক্ষার দায়িত্ব ফেডারেল সরকারের। কুর্দিস্তান অঞ্চলে জ্বালানি উৎসগুলো বারবার লক্ষ্যবস্তু হওয়ায় এর পেছনের পক্ষ ও গোষ্ঠীগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে এবং যেসব এলাকা থেকে হামলা চালানো হয়, সেখানকার দায়িত্বশীল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করতে হবে।

আমের ইরাকি সরকারকে অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে সতর্ক করেন, বারবার হামলা ইরাকের জ্বালানি শিল্পে বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করতে পারে।

তিনি বলেন, এসব হামলা ইরাকের জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগকে লক্ষ্য করছে, বিশেষ করে খোর মোর ক্ষেত্রটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে বহুবার লক্ষ্যবস্তু হয়েছে। কিছু গোষ্ঠী ইরাকি রাষ্ট্রের প্রতি নয়, ইরানের প্রতি আনুগত্য ঘোষণা করে, যা সরকারের সমগ্র ভূখণ্ডে কর্তৃত্ব ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে।

কৌশলগত বিষয়ের গবেষক কাজিম ইয়াওয়ার এই হামলাকে আঞ্চলিক উত্তেজনার সঙ্গে যুক্ত করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ আবারও বাড়তে পারে বলে আশঙ্কা আগামী দিন ও সপ্তাহগুলোতে রয়ে গেছে।

তিনি বলেন, এই সময়ে খোর মোর ক্ষেত্রকে লক্ষ্য করার কৌশলগত উদ্দেশ্য মূলত বাইরের কারণের সঙ্গে জড়িত—যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত বাড়া এবং কুর্দিস্তান অঞ্চল ও সামগ্রিকভাবে ইরাকের অর্থনৈতিক ক্ষতি করার ইচ্ছা।

ইয়াওয়ার আরও বলেন, মিলিশিয়াদের নিরস্ত্রীকরণ নিয়ে বিরোধ এবং কেডিপি ও পিইউকের মধ্যে বিভাজন বাড়তে থাকায় অঞ্চলটির ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে। এদিকে কেআরজি গ্যাস উৎপাদন বাড়িয়ে নতুন বাজারে পৌঁছানোর চেষ্টা করায় ক্ষেত্রটির গুরুত্ব বাড়তে পারে।

তাঁর মতে, ইরাক থেকে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন জোট বাহিনীর সরে যাওয়া অতিরিক্ত নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে, বিশেষ করে কিছু রাজনৈতিক শক্তি—সংসদ সদস্যসহ—মিলিশিয়াদের পুরোপুরি নিরস্ত্রীকরণে এখনো সমর্থন না দেওয়ায় তাদের চলাফেরার স্বাধীনতা বেড়েছে।

রাজনৈতিক গবেষক গানেম আল-আবেদ হামলার সময়ের দিকে ইঙ্গিত করে বলেন, কেডিপি ও পিইউকের মধ্যে রাজনৈতিক বিরোধ তীব্র হওয়ার সময়ে এবং অস্ত্র রাষ্ট্রের কাছে হস্তান্তর নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কিছু সশস্ত্র গোষ্ঠীর বিরোধ বাড়ার সময়ে এই হামলা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, হামলাটি এসেছে উত্তর ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের বাইরে সালাহ আল-দিন গভর্নরেটের তুজ খুরমাতু এলাকা থেকে। তবে উৎক্ষেপণের স্থান বা হামলাকারীদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

আল-আবেদ বলেন, আরও হামলা হলে অর্থনৈতিক পরিণতি কেআরজি-নিয়ন্ত্রিত এলাকার বাইরেও ছড়াতে পারে, কারণ এই ক্ষেত্রটি প্রতিবেশী কিরকুক ও নিনেভে গভর্নরেটের বিদ্যুৎ উৎপাদনেও ভূমিকা রাখে।

তিনি ইরাকি কেন্দ্রীয় সরকারকে দেশের অর্থনীতি ধ্বংস করতে চাওয়া পক্ষগুলোর পরিচয় প্রকাশ করে তাদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান। তাঁর সতর্কবাণী—কিছু সশস্ত্র গোষ্ঠী অস্ত্র হস্তান্তরের দাবি মানছে না বলে যেকোনো মুহূর্তে ইরাকের পরিস্থিতি বিস্ফোরিত হতে পারে, আর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবার যুদ্ধ শুরু হলে এসব গোষ্ঠী সংঘাতে জড়িয়ে পড়তে পারে এবং ইরাক তখন যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

মার্চের পর অক্টোবরে সর্বোচ্চ তেল আমদানি করল চীন

চলতি বছরের মার্চের পর অক্টোবরে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল আমদানি করেছে চীন। তবে গত বছরের একই মাসের তুলনায় দেশটির তেল আমদানি কমেছে ১৩ দশমিক ৩ শতাংশ। ম…

এশিয়ার বাজারে মধ্যপ্রাচ্যের বিকল্প হয়ে উঠছে কানাডার এলএনজি
আন্তর্জাতিক

এশিয়ার বাজারে মধ্যপ্রাচ্যের বিকল্প হয়ে উঠছে কানাডার এলএনজি

এশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা বাড়ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস খুঁজছেন আমদানিকারকরা। এ পরিস্থিতিতে এ…

আন্তর্জাতিক

শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে, জানালেন তথ্য উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে আইনি কোনো জটিলতা আছে বলে মনে করে না সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দণ্…

সিঙ্গাপুরে জব্দ হলো 'আজীবনের ক্রুজ' জাহাজ, কাম্বোডিয়ায় আটকে ২০০ যাত্রী
আন্তর্জাতিক

সিঙ্গাপুরে জব্দ হলো 'আজীবনের ক্রুজ' জাহাজ, কাম্বোডিয়ায় আটকে ২০০ যাত্রী

বিশ্বজুড়ে ভ্রমণের জন্য যাত্রা শুরু করা 'আজীবনের ক্রুজ' জাহাজটি সিঙ্গাপুরে জব্দ করা হয়েছে। জাহাজটির মার্কিন পরিচালক সংস্থার অর্থ ফুরিয়ে যাওয়ায় কাম…