সিঙ্গাপুরে জব্দ হলো 'আজীবনের ক্রুজ' জাহাজ, কাম্বোডিয়ায় আটকে ২০০ যাত্রী

বিশ্বজুড়ে ভ্রমণের জন্য যাত্রা শুরু করা 'আজীবনের ক্রুজ' জাহাজটি সিঙ্গাপুরে জব্দ করা হয়েছে। জাহাজটির মার্কিন পরিচালক সংস্থার অর্থ ফুরিয়ে যাওয়ায় কাম্বোডিয়ায় আটকে পড়েছিলেন এর যাত্রীরা।
২০২৪ সালের অক্টোবরে উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট থেকে যাত্রা শুরু করা জাহাজ 'দ্য অডিসি' কয়েক বছর ধরে বিশ্বজুড়ে ভ্রমণের কথা ছিল। সিঙ্গাপুরের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি এখন সিঙ্গাপুর বন্দরের জলসীমায় নোঙর করা আছে।
গত মাসে কাম্বোডিয়ার বন্দরনগরী সিহানুকভিলে জাহাজটি থেকে নামতে বাধ্য হন প্রায় ২০০ অতিথি। জাহাজের মালিক ভিলা ভি রেসিডেন্সেস জ্বালানির খরচ 'অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার' কথা উল্লেখ করে হঠাৎ করে কার্যক্রম স্থগিত করে দেয়।
জাহাজে থাকা ক্রুরা ভালো আছেন বলে জানিয়েছে সিঙ্গাপুরের বন্দর কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায়, 'জাহাজের ঋণদাতাদের মাধ্যমে তাদের কল্যাণ ও সুস্থতার ব্যবস্থা করা হচ্ছে।' জাহাজটি 'আদালতের আদেশ অনুযায়ী জব্দ করা হয়েছে' বলে জানায় কর্তৃপক্ষ।
সিঙ্গাপুরের আইন সংস্থা হেলমসম্যান এলএলসিকে 'জব্দকারী আইনজীবী' হিসেবে নাম উল্লেখ করা হয়েছে। তবে সংস্থাটি কোন পক্ষের প্রতিনিধিত্ব করছে, তা স্পষ্ট নয়।
জাহাজটির সাড়ে তিন বছরের ভ্রমণে ১৫০টি দেশ ঘোরার কথা ছিল। যাত্রীদের কেবিন সরাসরি কিনে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, যাতে তারা প্রাথমিক ভ্রমণের পরও জাহাজে থাকতে পারেন। পাঁচ বছরের বসবাসের ব্যবস্থা কেনা কিংবা কয়েক দিনের ভ্রমণের জন্য কেবিন ভাড়া নেওয়ার সুযোগও ছিল।
জাহাজে স্থায়ী বসবাসের কেবিনের দাম ছিল ১ লাখ ২০ হাজার ডলার (৮৯ হাজার ২৭২ পাউন্ড) থেকে ৪ লাখ ৪০ হাজার ডলার পর্যন্ত। কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, এসব কেবিন মাসে ৩ হাজার ৫০০ ডলার থেকে ভাড়াও নেওয়া যেত।
প্রতিষ্ঠাতা মিকায়েল পেটারসন আগে বলেছিলেন, 'মোটামুটি একটি গাড়ির দামে আপনি এমন একটি জাহাজে নিজের বাড়ি কিনতে পারবেন, যা বিশ্বজুড়ে ভ্রমণ করে।'
তবে শুরু থেকেই সমস্যায় জর্জরিত ছিল এই ক্রুজ। মেরামত ও কাগজপত্রের কারণে যাত্রা শুরু হতে চার মাস দেরি হয়।
ভিয়েতনামে থাকার সময় ক্রু সদস্যরা স্থানীয় মুদি দোকান থেকে খাবার কিনেছিলেন বলে জানা যায়, কারণ কোম্পানির কাছে টাকা পাওনা থাকায় এক সরবরাহকারী খাবার দিতে অস্বীকার করে। সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সিবিএস যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার।
সিবিএস আরও জানায়, আগস্টে জাহাজটি যখন আলাদাভাবে সিঙ্গাপুরে গিয়েছিল, তখন পরিচালক সংস্থা যাত্রীদের আর্থিক সমস্যার কথা জানায় এবং ক্রুজ চালু রাখতে যাত্রীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে হয়। তখন জব্দ হওয়ার ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছিল।
যাত্রী হলি হেনেসি আগে বিবিসিকে জানিয়েছিলেন, জ্বালানির দাম বেড়ে যাওয়ায় অতিথিদের জ্বালানি সারচার্জ দেওয়ার কথা বিবেচনা করতে বলা হয়। তিনি বলেন, তাদের ভ্রমণসূচি 'মারাত্মকভাবে সংক্ষিপ্ত' করা হয়েছিল।
কাম্বোডিয়ায় ক্রুজটি হঠাৎ শেষ হওয়ার কয়েক সপ্তাহ পর চলতি মাসের শুরুতে জাহাজটি আবার সিঙ্গাপুরে যায়।
চলতি বছরের শুরুতে ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এশিয়ার কিছু অংশে প্রতি কেবিনে মাসিক জ্বালানি খরচ ১ হাজার ৮০০ ডলার থেকে বেড়ে ৮ হাজার ডলার পর্যন্ত পৌঁছেছিল বলে ২৭ অক্টোবরের এক বিবৃতিতে জানায় ভিলা ভি রেসিডেন্সেস।
কোম্পানিটি আরও জানায়, জ্বালানি খরচ কমাতে তারা 'উল্লেখযোগ্য পদক্ষেপ' নিয়েছিল, কিন্তু 'জ্বালানির খরচের অস্বাভাবিক বৃদ্ধি' সামাল দিতে তা যথেষ্ট হয়নি।
কাম্বোডিয়ায় থাকা অবস্থায় বাসিন্দাদের জন্য 'অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা চিহ্নিত করতে' কাজ করছে বলে জানায় কোম্পানিটি।

