মঙ্গলবার থেকে খুলনায় শুরু হচ্ছে নয় দিনের বিভাগীয় বইমেলা

আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় খুলনায় শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা। নয় দিনব্যাপী এই মেলা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। নগরীর বয়রায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়েছে।
মেলা উপলক্ষে সোমবার (৯ নভেম্বর) বিকেলে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।
বিভাগীয় কমিশনার বলেন, জ্ঞানমনস্ক আলোকিত জাতি গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের মধ্যে পাঠাভ্যাস বাড়ানো এবং জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলাই এই বইমেলার লক্ষ্য।
তিনি জানান, সেই লক্ষ্য সামনে রেখে সরকার দেশব্যাপী বিভাগীয় পর্যায়ে সৃজনশীল বইমেলার আয়োজন করছে। তারই ধারাবাহিকতায় খুলনা বিভাগীয় বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মেলা প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। সরকারি ছুটির দিনে মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ এবং শিশু-কিশোরদের জন্য কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
মেলা প্রাণবন্ত করতে তিন দিনে তিনটি সেমিনারের আয়োজন রাখা হয়েছে। এ ছাড়া মেলা থেকে বই কেনা ক্রেতাদের মধ্যে প্রতিদিন কুপনের মাধ্যমে তিনজনকে পুরস্কৃত করা হবে।
এবারের বইমেলায় মোট ৯০টি স্টল থাকছে। এর মধ্যে ঢাকা থেকে আগত প্রকাশনাগুলোর জন্য ৭১টি স্টল বরাদ্দ রয়েছে। বিভাগীয় ও জেলা অফিসের জন্য থাকছে নয়টি স্টল।
এ ছাড়া পুলিশ কন্ট্রোলরুম, তথ্য কেন্দ্র, নার্সারি, পাঠক আড্ডা ও গণমাধ্যমকর্মীদের জন্য একটি করে স্টল থাকছে। খাবারের জন্য থাকবে পাঁচটি স্টল। প্রকাশনীর স্টলগুলোতে তারা নিজেদের প্রকাশিত বই প্রদর্শন ও বিক্রি করবে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। সৃজনশীল প্রকাশনা এতে সহযোগিতা করছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমসহ খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

