…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

তিন বছর আগে যে বেতনে একটি পোশাকশ্রমিকের পরিবার সংসারের প্রয়োজনীয় পণ্য ও সেবা কিনতে পারত, এখন একই পরিমাণ পণ্য কিনতে ব্যয় হচ্ছে প্রায় ২৯ শতাংশ বেশি। অথচ এই সময়ে বাড়েনি শ্রমিকদের ন্যূনতম মজুরি। মূল্যস্ফীতি, বাড়িভাড়া, চিকিৎসা ও সন্তানের শিক্ষার ব্যয় বৃদ্ধিতে কমেছে তাদের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা। এমন পরিস্থিতিতে তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। গ্রেডভেদে ৩০ হাজার থেকে ৪৮ হাজার টাকা পর্যন্ত মজুরি নির্ধারণের দাবিও জানানো হয়েছে।

দীর্ঘদিনের মজুরি আন্দোলন ও শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের মধ্যে সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব জমা দেন। মালিকপক্ষ নিজেদের প্রস্তাব দিতে চার কার্যদিবস সময় পেয়েছে। অন্যদিকে, মিরপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুরে অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক হলেও আশুলিয়ার কিছু কারখানায় অস্থিরতা অব্যাহত রয়েছে।

তিন বছরে কমেছে ক্রয়ক্ষমতা: ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি আট হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু পরবর্তী সময়ে নিত্যপণ্যের দাম, বাড়িভাড়া, পরিবহন ও চিকিৎসা ব্যয় বাড়তে থাকায় সেই মজুরির প্রকৃত মূল্য কমে যায়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ভোক্তা মূল্যসূচক অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত মূল্যসূচক বেড়েছে ২৮ দশমিক ৭ শতাংশ। ফলে ২০২৩ সালের নভেম্বরে ১২ হাজার ৫০০ টাকা দিয়ে যে পরিমাণ পণ্য ও সেবা কেনা যেত, এখন তা কিনতে প্রয়োজন প্রায় ১৬ হাজার ৮৭ টাকা।

ডলারের বিপরীতেও কমেছে শ্রমিকদের মজুরির মূল্য। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে প্রতি ডলারের বিপরীতে টাকার মূল্যমান ছিল ১১০ দশমিক ৫ টাকা। তখন ১২ হাজার ৫০০ টাকা ছিল প্রায় ১১৩ ডলার। গত অক্টোবরে ডলারের মূল্য ১২৩ দশমিক ০৩ টাকা হওয়ায় একই মজুরির ডলারমূল্য কমে দাঁড়িয়েছে প্রায় ১০১ দশমিক ৬ ডলারে।

অন্যদিকে, টাকার অবমূল্যায়নের কারণে রপ্তানিকারকেরা একই ডলারের বিপরীতে বেশি টাকা পাচ্ছেন। ২০২৩ সালের নভেম্বরে ১০০ ডলারের রপ্তানি আয় থেকে পাওয়া যেত ১১ হাজার ৫০ টাকা। গত অক্টোবরে তা বেড়ে হয়েছে ১২ হাজার ৩০৩ টাকা।

পরিবারের ব্যয় মেটাতে হিমশিম: শ্রমিকদের দাবি, বর্তমান মজুরিতে খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। চার সদস্যের একটি পরিবারের মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন বলে জানিয়েছেন শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।

গত মাসে প্রকাশিত বিবিএসের জরিপ অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় একটি পরিবারের গড় মাসিক ব্যয় ৪৬ হাজার ৭৭৮ টাকা। শহরাঞ্চলে তা ৩৭ হাজার ৩৪৪ টাকা এবং গ্রামাঞ্চলে ৩২ হাজার ৫৩২ টাকা।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, তিন বছর আগে নির্ধারিত পোশাকশ্রমিকদের মজুরি গ্রহণযোগ্য ছিল না। এবার সেই মজুরিকে ভিত্তি ধরে নতুন কাঠামো নির্ধারণ করা উচিত হবে না।

তিনি বলেন, শ্রমিকেরা বর্তমান মজুরিতে বাসাভাড়া দিয়ে সংসার চালাতে পারছেন না। অনেক পরিবারের সন্তানদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে। একটি পরিবার যেন স্বচ্ছন্দে চলতে পারে, সেই বিবেচনায় মজুরি নির্ধারণ করতে হবে।

গ্রেডভেদে ৩০ থেকে ৪৮ হাজার টাকা: শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ছিল ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করা। এবার মজুরি বোর্ডে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। প্রস্তাব অনুযায়ী, গ্রেড-১-এর শ্রমিকদের মাসিক মজুরি ৪৮ হাজার টাকা করার কথা বলা হয়েছে।

মালিকপক্ষ চার কার্যদিবসের মধ্যে নিজেদের প্রস্তাব জমা দেবে। এরপর মজুরি বোর্ডের পরবর্তী আলোচনায় শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাবের ভিত্তিতে নতুন মজুরি কাঠামো নিয়ে সিদ্ধান্তের দিকে এগোনো হবে।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ, তুরস্কে দ্বিগুণের বেশি

প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও অপ্রচলিত বাজারেও বাংলাদেশের তৈরি পোশাকের (আরএমজি) রপ্তানি বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর…

কারিগরি ত্রুটি কাটিয়ে ফের চালু বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন
অর্থনীতি ও ব্যবসা

কারিগরি ত্রুটি কাটিয়ে ফের চালু বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন

বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সলিউশনে (সিবিএস) অপ্রত্যাশিত কারিগরি ত্রুটির কারণে মঙ্গলবার সকালে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) ব্যবস্থার মাধ্…

১০ মাসেই চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল, উদ্বেগে ইউরোপ
অর্থনীতি ও ব্যবসা

১০ মাসেই চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল, উদ্বেগে ইউরোপ

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত অবকাঠামো নির্মাণের জোয়ার ও উচ্চপ্রযুক্তি পণ্যের চাহিদাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থ…

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে
অর্থনীতি ও ব্যবসা

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (স…