মেয়াদের দ্বিতীয়ার্ধে 'বিপুল সংখ্যক' ক্ষমা দেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ক্ষমতা ছাড়ার আগে তিনি 'বিপুল সংখ্যক' ক্ষমা দেবেন বলে আশা করছেন। নিজেকে ক্ষমা করার ক্ষমতা তার আছে বলে জানালেও তিনি তা করার আশা করেন না বলে জানিয়েছেন।
রোববার প্রচারিত '৬০ মিনিটস' সাক্ষাৎকারে সিবিএস নিউজের রস দাউথাটের প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা বলেন। সাক্ষাৎকারে তিনি নিজেকে ক্ষমা করার বিষয়টিকে 'অযৌক্তিক নয়' বলেও মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, 'কিন্তু আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি চাই না যে দেশের সেবায় নিয়োজিত এবং ভালো কাজ করছেন এমন ভালো মানুষেরা আমার মতো চার বছর ধরে উগ্র বামপন্থী পাগলদের, খুবই নোংরা ও নিষ্ঠুর মানুষদের হাতে নিজেদের রক্ষা করতে করতে জীবন কাটান।'
তিনি আরও বলেন, তিনি 'বিপুল সংখ্যক ক্ষমা' দেওয়ার পরিকল্পনা করছেন, যার মধ্যে তার মেয়াদে 'ওভাল অফিসের হাজার মাইলের মধ্যে' আসা ব্যক্তিদের ক্ষমাও থাকতে পারে।
সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ৬ জানুয়ারির দাঙ্গাকারীদের ক্ষমা করার সিদ্ধান্তেরও পক্ষে যুক্তি দেন।
ট্রাম্পের পূর্বসূরি প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৫ সালের শেষ দিনগুলোতে বেশ কয়েকটি ক্ষমা দিয়েছিলেন। ওই আগাম ক্ষমাগুলোর মধ্যে তার ঘনিষ্ঠ পরিবারের সদস্যরা ছিলেন, তবে তিনি নিজে ছিলেন না।
বাইডেন তখন এক বিবৃতিতে লিখেছিলেন, 'আমার পরিবার শুধু আমাকে আঘাত করার ইচ্ছায় অনুপ্রাণিত হয়ে নিরলস আক্রমণ ও হুমকির শিকার হয়েছে—যা সবচেয়ে নিকৃষ্ট ধরনের দলীয় রাজনীতি। দুর্ভাগ্যবশত, এসব আক্রমণ থামবে বলে বিশ্বাস করার কোনো কারণ আমার নেই।'
বাইডেন তার প্রশাসনের বেশ কয়েকজন জ্যেষ্ঠ সদস্যকেও আগাম ক্ষমা দিয়েছিলেন, যাদের মধ্যে ছিলেন ডা. অ্যান্থনি ফাউচি, অবসরপ্রাপ্ত জেনারেল মার্ক মিলি এবং হাউসের ৬ জানুয়ারি কমিটির সদস্য আইনপ্রণেতারা।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদের শুরুতে বলেছিলেন, বাইডেনের নিজেকেও ক্ষমা করা উচিত ছিল। তিনি তখন বলেছিলেন, 'এই লোকটা ঘুরে ঘুরে সবাইকে ক্ষমা দিল। আর জানেন, মজার ব্যাপার, হয়তো দুঃখের ব্যাপার হলো, সে নিজেকে ক্ষমা দেয়নি।'
২০২৪ সালে ট্রাম্প বনাম ইউএস মামলায় সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পকে ব্যাপক অনাক্রম্যতা দেওয়া হয়। ওই রায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য।



