মুনাফা কমে যাওয়ায় যমুনা অয়েলের লভ্যাংশ কমল, শেয়ারের দরপতন
সরকারি তেল কোম্পানি যমুনা অয়েলের মুনাফা কমে গেছে। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা কমেছে প্রায় ২২৩ কোটি টাকা, অর্থাৎ ৩৪ শতাংশের বেশি।
২০২৫-২৬ অর্থবছর শেষে যমুনা অয়েল মুনাফা করেছে ৪২৫ কোটি টাকা। তার আগের অর্থবছর, ২০২৪-২৫ সালে, কোম্পানিটি মুনাফা করেছিল প্রায় ৬৪৮ কোটি টাকা।
গত রোববার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় গত অর্থবছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। তাতে মুনাফা কমে যাওয়ার এ তথ্য উঠে এসেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আজ সোমবার আর্থিক প্রতিবেদনের এসব তথ্য স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়েছে কোম্পানিটি।
একই সভায় গত অর্থবছরের জন্য লভ্যাংশেরও সিদ্ধান্ত হয়েছে। শেয়ারধারীদের ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ শেয়ারধারীরা প্রতি শেয়ারের বিপরীতে পাবেন ১২ টাকা।
ঘোষিত এই লভ্যাংশ বাবদ কোম্পানিটি বিতরণ করবে ১৩২ কোটি ৫০ লাখ টাকা।
গত বছর যমুনা অয়েল শেয়ারধারীদের ১৮০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সেই হিসাবে এ বছর লভ্যাংশ কমেছে ৬০ শতাংশ।
মুনাফা কমে যাওয়ার পাশাপাশি নগদ অর্থের সংকটেও পড়েছে যমুনা অয়েল। গত অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ ঋণাত্মক হয়ে গেছে।
নগদ অর্থের প্রবাহ নেতিবাচক হয়ে গেলেও কোম্পানিটির সম্পদমূল্য আগের বছরের চেয়ে বেড়েছে। গত অর্থবছর শেষে যমুনা অয়েলের শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়ে দাঁড়িয়েছে ২৯৪ টাকা ৫৬ পয়সা; আগের অর্থবছরে যার পরিমাণ ছিল ২৭৪ টাকা।
মুনাফা ও লভ্যাংশ কমে যাওয়ায় আজ শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের দরপতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম সাড়ে ৯ টাকা বা সোয়া ৫ শতাংশের বেশি কমে দাঁড়িয়েছে ১৬৯ টাকায়।


