মার্টিন লুথার কিংয়ের ‘আই হ্যাভ আ ড্রিম’ ভাষণের হাতে লেখা খসড়া নিলামে উঠছে

মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক ১৯৬৩ সালের ‘আই হ্যাভ আ ড্রিম’ ভাষণের হাতে লেখা চূড়ান্ত খসড়ার একমাত্র পরিচিত কপিটি নিলামে উঠতে যাচ্ছে। জানুয়ারিতে নিউইয়র্ক সিটিতে এটি নিলামে তোলা হবে, আর এর আয় যাবে কয়েকটি দাতব্য সংস্থায়, যার মধ্যে রয়েছে আটলান্টার কিং সেন্টার।
নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টি ঘোষণা করেছে, নথিটির দাম এক কোটি ডলারের বেশি উঠতে পারে বলে আশা করা হচ্ছে। নিলামের আগে ১৫ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত পাতাগুলো নিলাম প্রতিষ্ঠানে জনসাধারণের দেখার জন্য প্রদর্শন করা হবে, এরপর একক লট হিসেবে সেটি বিক্রির জন্য তোলা হবে।
‘ভাষণের হাতে লেখা একমাত্র পরিচিত চূড়ান্ত খসড়া’ হিসেবে বর্ণিত নথিটি ২০২৪ সালে কিংয়ের সাবেক সহযোগী এডওয়ার্ড টি. ক্লেটনের ডেস্কের ড্রয়ারে তাঁর বিধবা স্ত্রী জেরনোনা নতুন করে খুঁজে পান।
জেরনোনা মূলত ১৯৯০-এর দশকের শেষ দিকে এটি খুঁজে পেয়েছিলেন, কিন্তু তখন তিনি জানতেন না যে এটিই একমাত্র পরিচিত চূড়ান্ত খসড়া। তাই তিনি সেটি ড্রয়ারে রেখে দিয়েছিলেন। ২০২৪ সালে নথিটি আবার খুঁজে পাওয়ার পর বিশেষজ্ঞরা নিশ্চিত করেন যে এটি অনন্য।
নিলাম প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ১৯৬৩ সালের ২৮ আগস্ট ভোরে ওয়াশিংটন ডিসির উইলার্ড হোটেলে ভাষণের খসড়া শেষ করেন কিং।
নিজের বক্তব্য পাঁচ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য নিয়ে, শব্দচয়ন ও প্রবাহের কথা ভেবে, বিশ্বস্ত বক্তৃতা-লেখক এডওয়ার্ড টি. ক্লেটনসহ অনেক উপদেষ্টার সঙ্গে কয়েক দিন আলোচনার পর সাতটি হলুদ লিগ্যাল প্যাডের পাতায় নীল কালিতে চূড়ান্ত খসড়াটি লেখেন ড. কিং।
সেদিন কালি শুকানোর কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ওয়াশিংটন ডিসিতে ভাষণটি দেন কিং।
ক্রিস্টি বলেছে, সেদিন বিকেলে তিনি যে আলোড়ন তোলা কথাগুলো বলেছিলেন, সেগুলোকে বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণ এবং মার্কিন ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ভাষণ হিসেবে গণ্য করা হয়।
নিলাম প্রতিষ্ঠান জানিয়েছে, পাতাগুলোতে সম্পাদনা ও কাটাকুটির চিহ্ন রয়েছে, যা ড. কিংয়ের লেখার প্রক্রিয়ার এক বিরল ঝলক দেয়।
উল্লেখযোগ্যভাবে, এই মূল খসড়ায় ‘আই হ্যাভ আ ড্রিম’ কথাগুলো নেই, কারণ কিং সেদিন মিছিলে ভাষণ দেওয়ার সময় বিখ্যাত এই কথাগুলো স্বতঃস্ফূর্তভাবে যোগ করেছিলেন।
ক্রিস্টির পাণ্ডুলিপি বিশেষজ্ঞ পিটার ক্লারনেট বলেন, ‘এটি মার্কিন ইতিহাসের এক অমূল্য সম্পদ। এটি দেখলে গায়ে কাঁটা দেয়। পড়তে পড়তে মনে হয়, আপনি সেই মুহূর্তে ড. কিংয়ের পাশে আছেন, দেখছেন তিনি কীভাবে এটি লিখছেন আর তাৎক্ষণিকভাবে সম্পাদনা করছেন। এটি এমন একটি মুহূর্তকে ধরে রেখেছে, যা আক্ষরিক অর্থেই আমাদের জাতির গতিপথ বদলে দিয়েছিল এবং একে খুব বাস্তব ও খুব মানবিক করে তুলেছে।’
কিংয়ের ছেলে মার্টিন লুথার কিং তৃতীয় এক বিবৃতিতে বলেন, ‘অতীত ভবিষ্যৎকে রক্ষা করবে, এটা কাব্যিক।’



