ফেটারম্যানের বিরুদ্ধে প্রাইমারিতে লড়বেন গাজায় জন্ম নেওয়া আহমেদ মুর

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যানের বিরুদ্ধে দলীয় প্রাইমারিতে লড়ার ঘোষণা দিয়েছেন গাজায় জন্ম নেওয়া ফিলিস্তিনি-আমেরিকান লেখক ও ব্যবসায়ী আহমেদ মুর (৪২)।
এক্সে দেওয়া এক পোস্টে মুর জানান, তিনি ফেটারম্যানকে হারিয়ে ২০২৮ সালের নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন পেতে চান। ফেটারম্যানের আসনটি ২০২৮ সালে পুনর্নির্বাচনের মুখে পড়বে।
মুর লিখেছেন, ‘আমি ইরানে যুদ্ধ শেষ করতে এবং মর্যাদার এজেন্ডা এগিয়ে নিতে লড়ছি: বিনামূল্যে স্বাস্থ্যসেবা, বিনামূল্যে শিশুসেবা এবং সাশ্রয়ী আবাসন।’ তিনি গণহত্যা, আইসিই ও দুর্নীতির জবাবদিহি এবং আমেরিকায় নাগরিক স্বাধীনতা রক্ষার আহ্বান জানান।
ফিলাডেলফিয়া ইনকোয়ারারকে মুর বলেন, তিনি ‘আসলে ফেটারম্যানের বিরুদ্ধে লড়ছেন না’—‘আমি ভালো সরকারের জন্য লড়ছি। আমি আইনের শাসনের জন্য লড়ছি। আমি লড়ছি কারণ আমি আমেরিকায় বিশ্বাস করি।’
মুর গাজার দক্ষিণের শহর রাফায় জন্মগ্রহণ করেন। শিশু বয়সে তিনি পেনসিলভানিয়ায় চলে আসেন। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেন তিনি। অর্থ খাতে কাজ করার পর সাংবাদিকতায় আসেন। প্রচার শুরু করার আগে জর্ডানে থাকতেন তিনি; পরে স্ত্রীকে নিয়ে ফিলাডেলফিয়ায় ফিরে সন্তানদের বড় করছেন। তিনি গার্ডিয়ানের হয়েও লিখেছেন।
তার প্রচার ওয়েবসাইটে ইসরায়েলকে মার্কিন বৈদেশিক সহায়তার কড়া সমালোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘কয়েক বছর আগে আমার জন্মস্থান ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এমন এক গণহত্যায়, যার অর্থায়ন হয়েছিল আমাদের করের টাকায়।’
ফেটারম্যান দলের বামপন্থীদের ক্ষোভের মুখে পড়েছেন ইসরায়েলের প্রতি তার জোরালো সমর্থন এবং কিছু বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একমত হওয়ার কারণে। ট্রাম্প তাকে ‘দারুণ মানুষ’ বলে প্রশংসা করেছেন এবং বলেছেন, তিনি ফেটারম্যানকে রিপাবলিকান হতে দেখতে চান।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। এর জবাবে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু।
ফেটারম্যান বলেছেন, ডেমোক্র্যাট দল ছাড়ার কোনো ইচ্ছা তার নেই। তবে গত জুলাইয়ে তিনি বলেন, দল আনুষ্ঠানিকভাবে ইসরায়েলবিরোধী হলে সেটিই হবে তার ‘রেড লাইন’। ফিলাডেলফিয়ার মেয়র শেরেল পার্কারের চেয়েও বেশি বার তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করেছেন বলে ইনকোয়ারারের প্রতিবেদনে বলা হয়েছে।
মুরের এই ঘোষণা এমন সময়ে এলো, যখন গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে—১০০ আসনের উচ্চকক্ষে দলটি অন্তত ৫৪টি আসন পেয়েছে। ফলে ফেটারম্যানের ভোট আর নির্ণায়ক না হওয়ায় ডেমোক্র্যাট কৌশলবিদদের উদ্বেগ কমেছে।
ফেটারম্যান ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে প্রগতিশীল বহিরাগত হিসেবে প্রচার চালিয়ে জিতেছিলেন। কিন্তু পরে তার অবস্থান বদলে যাওয়ায় পেনসিলভানিয়ার অনেক ডেমোক্র্যাট হতাশ হয়েছেন। গত সেপ্টেম্বরে টেক্সাসে রিপাবলিকানদের মধ্যবর্তী সম্মেলনে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি পেনসিলভানিয়ার রিপাবলিকান সিনেটর ডেভ ম্যাককরমিকের প্রশংসা করেন।
ডেমোক্র্যাটরা বলছেন, মুরই ফেটারম্যানের একমাত্র চ্যালেঞ্জার হবেন না। ল্যাঙ্কাস্টার কাউন্টির অভিজ্ঞ ডেমোক্র্যাট মাইক ওয়েডিঞ্জার বলেন, পিটসবার্গ এলাকার প্রতিনিধি ক্রিস ডেলুজিও ও পেনসিলভানিয়ার রাজ্য আইনপ্রণেতা ম্যালকম কেনিয়াত্তার মতো বড় নামও লড়তে পারেন।
ওয়েডিঞ্জারের ভাষায়, সাধারণভাবে মানুষ মনে করে ফেটারম্যান হয় প্রথমবার লড়ার সময় নিজেকে ভুলভাবে তুলে ধরেছিলেন, নয়তো পুরোপুরি বদলে গেছেন। গত সপ্তাহে পেনসিলভানিয়ায় গভর্নর জশ শাপিরোসহ ডেমোক্র্যাট প্রার্থীদের জন্য অনেকেই কঠোর পরিশ্রম করলেও ফেটারম্যান একজন প্রার্থীর জন্যও একটি পয়সা খরচ করেননি বা কিছু করেননি বলে অভিযোগ করেন তিনি। দল বদল প্রসঙ্গে ওয়েডিঞ্জার বলেন, ‘তিনি বদলাতে চাইলে বদলাতে পারেন। ৫১-৪৯ হলে বিষয়টি গুরুত্বপূর্ণ হতো। কিন্তু এখন আর তা নয়।’
ফেটারম্যান এখনো জানাননি, তিনি পুনর্নির্বাচনে লড়বেন কি না। তার দপ্তরের কাছে মন্তব্য চাওয়া হয়েছে।



