সিদ্ধিরগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের ওয়েস্টেজ কাপড় ও ঝুটের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
সোমবার (৯ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি ঝুটপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বৃষ্টি থামার কিছুক্ষণ পর ঝুটপট্টির একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোডাউনে মজুত থাকা গার্মেন্টসের বিপুল পরিমাণ ওয়েস্টেজ কাপড়ে।
একপর্যায়ে আগুনের শিখা আশপাশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। দূর থেকেও আগুনের শিখা দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে বৃষ্টির সময় বজ্রপাতের প্রভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, জালকুড়ি ঝুটপট্টিতে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন পুরোপুরি নির্বাপণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

