প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনলেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাসি

রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস ম্যাসি সোমবার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব পুনরায় উত্থাপন করেছেন। এতে আগামী দুই দিনের মধ্যে প্রতিনিধি পরিষদে ভোট অনুষ্ঠানের পথ তৈরি হয়েছে।
কেন্টাকির এই কংগ্রেসম্যানের প্রস্তাবে হেগসেথের বিরুদ্ধে ‘গুরুতর অপরাধ ও অসদাচরণের’ অভিযোগ আনা হয়েছে এবং আটটি নির্দিষ্ট অভিযোগ তালিকাভুক্ত করা হয়েছে।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে যুদ্ধক্ষমতা প্রস্তাব লঙ্ঘন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা।
গত বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিওতে হেগসেথ পেন্টাগনে তার রেকর্ডের পক্ষে কথা বলেন এবং ম্যাসির প্রচেষ্টাকে ‘ভুয়া অভিশংসন প্রস্তাব’ বলে উড়িয়ে দেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এটা কাজ করেনি, আমার বিরুদ্ধেও করবে না।’
ম্যাসি দীর্ঘদিন ধরেই হেগসেথের কঠোর সমালোচক। রিপাবলিকান প্রাথমিক নির্বাচনের সময় হেগসেথ এড গ্যালরেইনের পক্ষে প্রচার চালিয়েছিলেন, যিনি পরে ম্যাসিকে পরাজিত করেন।
মধ্যবর্তী নির্বাচনের আগে ম্যাসি প্রথমবার প্রস্তাবটি ভোটে তোলার চেষ্টা করেছিলেন। তখন স্পিকার মাইক জনসন ভোট এড়াতে আগেভাগেই অধিবেশন মুলতবি ঘোষণা করেন। ফলে প্রস্তাবটির মেয়াদ শেষ হয়ে যায়, আর তাই সোমবার ম্যাসি তা আবার উত্থাপন করেন।
প্রতিনিধি পরিষদের সম্ভাব্য পরবর্তী স্পিকার হাকিম জেফ্রিস ইতিমধ্যেই হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রচেষ্টাকে সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
হেগসেথকে অভিশংসনের বিরোধী রিপাবলিকান সদস্যরাও বলেছেন, ইরান যুদ্ধ নিয়ে সামনের পরিকল্পনা কী, সে বিষয়ে ট্রাম্প প্রশাসন কংগ্রেসের কাছে আরও ভালোভাবে যুক্তি তুলে ধরতে পারে।
ওহাইওর রিপাবলিকান কংগ্রেসম্যান ওয়ারেন ডেভিডসন এনপিআরকে বলেন, কোরীয় যুদ্ধের পর থেকে প্রশাসনগুলো কংগ্রেসের যুদ্ধক্ষমতার প্রচেষ্টাকে মূলত উপেক্ষা করে এসেছে, তাই হেগসেথকে অভিশংসন করা ভণ্ডামি হবে। তিনি বলেন, ‘পিট হেগসেথকে বলির পাঁঠা বানানোর চেষ্টা ওয়াশিংটনের স্থিতাবস্থার রাজনীতি ছাড়া আর কিছু নয়। অভিশংসন করা ভুল হবে বলে আমি মনে করি।’
ডেভিডসন বলেন, যেসব আইনপ্রণেতা পরিবর্তন চান, তারা সংঘাতের জন্য অর্থ আটকে রেখে বাজেটের ক্ষমতা ব্যবহার করলেই ভালো করবেন।
সব ডেমোক্র্যাট, ম্যাসি ও অল্প কয়েকজন রিপাবলিকানের সমর্থনে প্রতিনিধি পরিষদে হেগসেথকে অভিশংসনের জন্য যথেষ্ট ভোট থাকার সম্ভাবনা রয়েছে। তবে তাকে দোষী সাব্যস্ত করে পদ থেকে অপসারণের জন্য সিনেটে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ ভোট পাওয়া যাবে বলে মনে হচ্ছে না।



