ইরান যুদ্ধ 'কার্যত শেষ' বলে ইঙ্গিত ট্রাম্পের, তবে নৌ অবরোধ চলবে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ তিনি 'কার্যত' শেষ বলে মনে করেন। কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
সোমবার এক আকস্মিক ব্রিফিংয়ে ট্রাম্প পুনর্ব্যক্ত করেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক শক্তিকে ধ্বংস করে দিয়েছে। তবে তাঁর মন্তব্য থেকে বোঝা যায়, মধ্যপ্রাচ্যের মিত্রদের চাপে তিনি সংঘাত বন্ধের দিকে ঝুঁকছেন।
ট্রাম্প বলেন, 'সামরিকভাবে ইরান কার্যত শেষ। আমরা শুধু স্থিতাবস্থা ধরে রাখছি।'
তিনি আরও বলেন, 'আমরা এটা করছি মূলত তাদের প্রতিবেশী দেশগুলোর অনুরোধে।'
ট্রাম্প স্পষ্ট করেন, 'স্থিতাবস্থা' মানে ইরানি বন্দরগুলোর বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ অব্যাহত রাখা। এর সঙ্গে থাকবে নতুন ঘোষিত টাস্ক ফোর্স আয়রন গেট, যার লক্ষ্য স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য বন্ধ করা।
তিনি বলেন, 'ইসলামি প্রজাতন্ত্র ইরান নিয়ে অনেক কিছু আলোচনা হয়েছে।'
ট্রাম্পের ভাষায়, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও অন্যরা স্থিতাবস্থা চায়, অর্থাৎ আমরা যেমন আছি তেমনই থাকি। অন্য কথায়, আমাদের দেশের ইতিহাসে সর্ববৃহৎ নৌ অবরোধের ধারাবাহিকতা। সম্ভবত বিশ্বের ইতিহাসে।'
এর আগে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানিকে আতিথ্য দেন। ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করতেই তাঁদের বৈঠক হয়।
কাতারের প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন, চুক্তিতে পৌঁছানো ও অঞ্চলে শান্তি আনার বিষয়ে ইতিবাচক আলোচনার জন্য তিনি কৃতজ্ঞ।
তবে ট্রাম্পের সর্বশেষ মন্তব্য যুক্তরাষ্ট্রের অবস্থানে আদৌ বড় কোনো পরিবর্তন আনে কি না, তা এখনো স্পষ্ট নয়।
ট্রাম্প নিজেও দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিতে রাজি হননি। তিনি বলেন, 'আমি কোনো কিছুর নিশ্চয়তা দিচ্ছি না। তবে ফিরে যেতে হলে আমরা প্রস্তুত — লকড অ্যান্ড লোডেড।'
অন্যদিকে ইরানি কর্মকর্তারা ট্রাম্পের মন্তব্যকে মনোযোগ সরানোর চেষ্টা বলে উড়িয়ে দেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি সামাজিক মাধ্যমে লেখেন, 'ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতিমধ্যে মার্কিন সরকারকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু ওয়াশিংটন মরিয়া জুয়াড়ির মতো ছটফট করছে।'
তিনি আরও লেখেন, 'তাস গুটিয়ে নিন। কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর বানানো বন্ধ করুন।'
ইরানের রাষ্ট্র-সমর্থিত তাসনিম সংবাদ সংস্থার মাধ্যমে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি 'যুদ্ধও নয়, শান্তিও নয়' — এমন পরিস্থিতির অবসান চেয়েছেন। পেজেশকিয়ান বলেন, ইরান আরও আলোচনায় প্রস্তুত, তবে জোরের কাছে নতি স্বীকার করবে না। তাঁর ভাষায়, 'আমরা বলপ্রয়োগ ও ভয় দেখানোর কাছে আত্মসমর্পণ করব না।'


