ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া বাণিজ্য চুক্তির খসড়া

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। খসড়া চূড়ান্ত হওয়ার পর উচ্চপর্যায়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি হুনের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে ঐকমত্য হয়।
বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী কোরিয়ান কোম্পানিগুলোর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী কোরিয়ান বিনিয়োগকারীদের পরিচালনাগত ও আমদানি-সংক্রান্ত জটিলতা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন।
বৈঠকে রাষ্ট্রদূত কিম জি হুন বলেন, দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণে সিইপিএ দ্রুত চূড়ান্ত করা জরুরি। চুক্তির খসড়া ও বিস্তারিত প্রশ্নমালার বিষয়ে দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে বাংলাদেশের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেছে।
বাংলাদেশে বর্তমানে প্রায় ২০০টি কোরিয়ান কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানের বিভিন্ন পরিচালনাগত চ্যালেঞ্জের কথা তুলে ধরে রাষ্ট্রদূত জানান, বিশেষ করে স্যামসাংয়ের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কেন্দ্রের গবেষণাসামগ্রী ও নমুনা আমদানিতে প্রশাসনিক জটিলতা, আমদানি পারমিট (আইপি) ছাড়করণে দীর্ঘসূত্রতা এবং শুল্ক বিভাগের নীতিমালাসংক্রান্ত প্রতিবন্ধকতা রয়েছে।
এসব সমস্যা সমাধানে তিনি বাণিজ্যমন্ত্রীর সহযোগিতা চান।
জবাবে মন্ত্রী বলেন, কোরিয়ান বিনিয়োগকারীদের সমস্যা দ্রুত সমাধানে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করবে। এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ মন্ত্রণালয় ও কোরিয়ান বিনিয়োগকারীদের নিয়ে শিগগিরই যৌথ সমন্বয় সভা আয়োজন করা হবে।
এ ছাড়া স্যামসাংসহ কোরিয়ান বিনিয়োগকারীদের আমদানি-সংক্রান্ত জটিলতা নিরসনে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেন তিনি।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি আমদানি পারমিট ইস্যুর কার্যক্রম পুরোপুরি অনলাইনভিত্তিক ও তাৎক্ষণিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৈঠকে জাহাজ নির্মাণ খাতে যৌথ বিনিয়োগের প্রস্তাবও দেন বাণিজ্যমন্ত্রী। এ খাতে স্থানীয় প্রকৌশলী ও জনবলকে কাজে লাগিয়ে বৈশ্বিক চাহিদা পূরণের লক্ষ্যে বাংলাদেশে বিশেষায়িত ‘ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ে তোলার সম্ভাবনা তুলে ধরেন তিনি।
এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। দেশটির শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হানওয়া ওশান ও হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজের সঙ্গে সমন্বয় করে দীর্ঘমেয়াদি প্রযুক্তি হস্তান্তর ও যৌথ বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন তিনি।
বৈঠকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নিয়েও আলোচনা হয়।
এ সময় বাণিজ্যসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীনসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


