শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী বছরও বাড়তে পারে তাপমাত্রা, সতর্ক করল বিশ্ব আবহাওয়া সংস্থা

২০২৬ সাল পৃথিবীর উষ্ণতম বছরগুলোর তালিকায় জায়গা করে নিতে যাচ্ছে। বছর শেষ হলে গরমের তীব্রতা কমবে, এমন আশ্বাসও দিচ্ছেন না বিজ্ঞানীরা। বরং দীর্ঘমেয়াদি জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত হয়েছে শক্তিশালী এল নিনো, যার প্রভাবে আগামী বছরও বৈশ্বিক তাপমাত্রা বেশি থাকতে পারে এবং চরম আবহাওয়ার ঝুঁকি বাড়তে পারে।
বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এই সতর্কবার্তা দিয়েছে। সংস্থাটির স্টেট অব দ্য ক্লাইমেট আপডেট ২০২৬ প্রতিবেদনে জলবায়ুর এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। কপ-৩১ জলবায়ু সম্মেলন উপলক্ষে ৯ নভেম্বর সংস্থাটি তাদের ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলমান এল নিনো অন্তত ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার প্রায় নিশ্চিত পূর্বাভাস রয়েছে। ডব্লিউএমওর মহাসচিব সেলেস্তে সাওলো জানিয়েছেন, পর্যবেক্ষণের ইতিহাসে এবারের এল নিনো অন্যতম শক্তিশালী হয়ে উঠতে পারে।
সাওলোর মতে, সমুদ্র থেকে নির্গত বাড়তি তাপ আগামী বছরও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও চরম আবহাওয়ার পেছনে ভূমিকা রাখতে পারে। তবে এল নিনো নিজে পৃথিবীতে নতুন তাপ যোগ করে না। এল নিনোর সময় প্রশান্ত মহাসাগরে সঞ্চিত তাপের একটি অংশ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, আর এর ফলে বৈশ্বিক গড় তাপমাত্রা বাড়ে এবং চরম আবহাওয়ার ঝুঁকিও বৃদ্ধি পায়।
এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব বিষুবীয় অঞ্চলের পানির উপরিভাগ অস্বাভাবিক উষ্ণ হয়ে ওঠার একটি প্রাকৃতিক জলবায়ু পরিস্থিতি। এর প্রভাবে বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাতের ধরনেও পরিবর্তন আসে। শুধু প্রশান্ত মহাসাগরের আশপাশে নয়, বিশ্বের দূরবর্তী অনেক অঞ্চলের তাপমাত্রা ও বৃষ্টিপাতেও এর প্রভাব পড়ে। কোথাও খরা, কোথাও বন্যা, আবার কোথাও তীব্র গরমের ঝুঁকি বেড়ে যায়।
ডব্লিউএমওর প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের শুরুর দিকে লা নিনা পরিস্থিতির অবসানের পর প্রশান্ত মহাসাগরের ওই অঞ্চলের পানির তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করে। এল নিনো পর্যবেক্ষণের জন্য নির্ধারিত একটি অঞ্চলে মার্চে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা দীর্ঘমেয়াদি গড়ের চেয়ে শূন্য দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আগস্টে এই ব্যবধান বেড়ে দাঁড়ায় ২ দশমিক ৫ ডিগ্রিতে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তা ৩ দশমিক ৭ ডিগ্রিতে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এখানে তাপমাত্রার তুলনার ভিত্তি ১৯৯৩ থেকে ২০০৯ সালের গড়।
তবে এল নিনো কতটা শক্তিশালী, শুধু তা দিয়ে এর প্রভাব কোথায় কেমন হবে, তা নির্ধারণ করা যায় না। প্রশান্ত মহাসাগরের কোন অংশ কখন উষ্ণ হচ্ছে, বছরের কোন সময় চলছে এবং আবহাওয়ার অন্যান্য নিয়ামক কী অবস্থায় রয়েছে, সেগুলোও গুরুত্বপূর্ণ। একইভাবে কোনো অঞ্চলের মানুষের জীবনযাত্রা, অবকাঠামো ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতার ওপর নির্ভর করে ক্ষয়ক্ষতির মাত্রা।
এল নিনোর প্রভাব এবার এমন এক সময়ে দেখা দিচ্ছে, যখন পৃথিবী দীর্ঘমেয়াদি উষ্ণায়নের মধ্য দিয়ে যাচ্ছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোসহ মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়ছে। ফলে পৃথিবীতে আটকে থাকছে বাড়তি তাপ। এর সঙ্গে এল নিনোর প্রভাব যুক্ত হলে বৈশ্বিক তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের গড় ভূপৃষ্ঠের তাপমাত্রা শিল্পপূর্ব সময়ের গড়ের চেয়ে প্রায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। বছরটি রেকর্ডের উষ্ণতম বছরগুলোর একটি হতে যাচ্ছে। ডব্লিউএমওর মহাসচিবের ভাষ্য অনুযায়ী, পর্যবেক্ষণের ১৭৭ বছরের ইতিহাসে গত চার বছর ছিল সবচেয়ে উষ্ণ।
শুধু বায়ুর তাপমাত্রাই নয়, জলবায়ু পরিবর্তনের অন্যান্য সূচকও উদ্বেগ বাড়াচ্ছে। বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইডের ঘনত্ব ২০২৫ সালে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। তাৎক্ষণিক পরিমাপের তথ্য বলছে, ২০২৬ সালেও এসব গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বাড়ছে। অন্যদিকে মহাসাগরে জমা হওয়া তাপ ২০২৫ সালে নতুন রেকর্ড গড়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২৬ সালেও সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভূগর্ভস্থ পানি, মাটি, নদী, জলাধার, হিমবাহ ও তুষারে সঞ্চিত পানির পরিমাণ ২০১৪ সাল থেকে বিশ্বব্যাপী কমছে। ২০২৫ সালে মূল্যায়ন করা বিশ্বের ৪২ শতাংশ এলাকায় স্থলভাগে সঞ্চিত পানির পরিমাণ ছিল স্বাভাবিকের চেয়ে কম। দীর্ঘমেয়াদি গড় হিসাবে এই হার ২৫ শতাংশ।
পানির এই সংকটের প্রভাব পড়ছে কৃষি, খাদ্য উৎপাদন ও মানুষের জীবনযাত্রায়। বিশেষ করে বৃষ্টিনির্ভর কৃষির ওপর নির্ভরশীল এবং আগে থেকেই খাদ্যনিরাপত্তাহীনতায় থাকা অঞ্চলগুলো বেশি ঝুঁকিতে রয়েছে। এল নিনোর কারণে আবহাওয়ার ধরন বদলে গিয়ে বিভিন্ন অঞ্চলে খরা, অতিবৃষ্টি ও অন্যান্য চরম আবহাওয়ার ঝুঁকি বাড়তে পারে। এর প্রভাব পড়তে পারে মানুষের স্বাস্থ্য, কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তায়।
জলবায়ু পরিবর্তনের সঙ্গে এল নিনোর প্রভাব যুক্ত হওয়ায় স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে। তাপমাত্রা বৃদ্ধি, খরা ও অতিবৃষ্টির কারণে তাপজনিত অসুস্থতা ও মৃত্যু বাড়ার আশঙ্কা রয়েছে। দাবানলের ধোঁয়া ও বায়ুদূষণ, অপুষ্টি, খাদ্যনিরাপত্তাহীনতা এবং বিভিন্ন দুর্ঘটনার ঝুঁকিও বাড়তে পারে। একই সঙ্গে কলেরা, ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো পানিবাহিত ও রোগবাহক প্রাণীর মাধ্যমে ছড়ানো রোগের ঝুঁকি বাড়তে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রথমবারের মতো এই পরিস্থিতির স্বাস্থ্যগত ঝুঁকিকে জরুরি অবস্থা হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।
ইতিমধ্যে এর প্রভাব দেখা যাচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। ইউরোপে তাপপ্রবাহ, খরা ও দাবানলের কারণে ৩০ হাজারের বেশি অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক হিসাবে জানা গেছে। অন্তত আটটি দেশে তাপমাত্রার জাতীয় রেকর্ড হয়েছে। কৃষি, জ্বালানি ও পরিবহন খাতেও এসব দুর্যোগের বড় প্রভাব পড়েছে।
চলতি বছরের এপ্রিলে ভারতের একটি তাপপ্রবাহে আনুমানিক ১৪ কোটি ৬৫ লাখ মানুষ চরম তাপের মুখে পড়েছিল। অন্যদিকে আগস্টের শেষ দিকে হিমালয়ের হিমবাহ ধসে ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয় নেপালে। এতে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হন। দেশটির অর্থনীতির ওপরও এর ব্যাপক প্রভাব পড়ে। এ ছাড়া বিভিন্ন দেশে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির কারণ হয়েছে।
ডব্লিউএমওর তথ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের অন্যতম দৃশ্যমান প্রভাব হিমবাহের বরফ গলে যাওয়া। ২০২৫ সালে বিশ্বের হিমবাহগুলো ৪০০ গিগাটনের বেশি বরফ হারিয়েছে। এই পরিমাণ বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ১ মিলিমিটার বেড়েছে। সংস্থাটি বলছে, ২০২৫ সালে হিমবাহের যে পরিমাণ বরফ গলেছে, তা দিয়ে বছরের প্রতিটি সেকেন্ডে পাঁচটি অলিম্পিক সুইমিং পুল ভরাট করা যেত।
তবে বৈশ্বিক এই পূর্বাভাস থেকে বাংলাদেশে আগামী বছর ঠিক কতটা গরম পড়বে, তা বলা যায় না। প্রতিবেদনে বাংলাদেশের জন্য আলাদা কোনো তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়নি। বিজ্ঞানীদের সতর্কবার্তা মূলত বৈশ্বিক উষ্ণায়ন ও এল নিনোর সম্মিলিত প্রভাব নিয়ে। তাঁদের মতে, এই পরিবর্তনের প্রভাব অঞ্চলভেদে ভিন্ন হতে পারে। তাই নিয়মিত আবহাওয়া পর্যবেক্ষণ, হালনাগাদ পূর্বাভাস এবং ঝুঁকি অনুযায়ী আগাম প্রস্তুতিই হতে পারে ক্ষয়ক্ষতি কমানোর গুরুত্বপূর্ণ উপায়।

