কাফরুলে বাসে আগুন: ‘বড় ভাইয়ের নির্দেশে’ পেট্রল ঢেলে আগুন, গ্রেপ্তার হোসেনের স্বীকারোক্তি

রাজনৈতিক বড় ভাইয়ের নির্দেশে রাজধানীর কাফরুলে বাসে আগুন দিয়েছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন মো. হোসেন। নিজেও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেছেন তিনি। তার ভাষ্য, আগুন দিতে নির্দেশ দেওয়া যুবরাজ কাফরুল থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
সোমবার (১০ নভেম্বর) ভোরে রাজধানীর কাফরুলে বাসে আগুন দেওয়ার ঘটনায় হোসেনকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য পেয়েছে পুলিশ।
পুলিশের কাছে হোসেন বলেন, 'আমার রাজনৈতিক বড় ভাই যুবরাজ আমাকে বাসে আগুন দিতে পাঠিয়েছে। তার কথামতো গাড়িতে পেট্রল ঢেলে ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দিই।'
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসে আগুন দেওয়ার কথা স্বীকার করার বিষয়টিও জানান তিনি।
ডিসি বলেন, গ্রেপ্তার হোসেনের দেওয়া বক্তব্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। বাসে আগুন দেওয়ার বিষয়ে তার প্রাথমিক স্বীকারোক্তির ভিডিও ধারণ করে রাখা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে কাফরুল থানার মিরপুর-১৩ নম্বর এলাকায় স্টাফ কলেজের বিপরীতে ঢাকা মেট্রো-ব-১২-৭৪৭৪ নম্বরের আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দেন। তবে আশপাশের দোকানদাররা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
এ ঘটনায় বাসে আগুন দেওয়ার সময় মো. হোসেনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন দেওয়া হয়েছে এবং বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। রাজধানী ও আশপাশের এলাকায় গত কয়েক দিন ধরে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।
এ ছাড়া ডিএমপির মিরপুর বিভাগের ডিসি জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নাফিউল ওরফে সময় এবং শুভ চৌধুরীকে ১০ নভেম্বর দারুস সালাম রোডে ককটেল বিস্ফোরণের সময় হাতেনাতে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে নাফিউল স্বীকার করেছেন, গত ৬ নভেম্বর ক্যান্টনমেন্ট থানার গলফ ক্লাবের সামনে এবং গাবতলীতে অনুষ্ঠিত ছাত্রলীগের মিছিলে তিনি অংশ নিয়েছিলেন।
গ্রেপ্তার হোসেনের বক্তব্য যাচাই-বাছাই করছে পুলিশ। প্রাথমিক স্বীকারোক্তির ভিডিও ধারণ করে রাখা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার।

