হাফ ম্যারাথনে অসুস্থ প্রায় ৩০ দৌড়বিদ, কারণ খতিয়ে দেখছে পুলিশ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় হাফ ম্যারাথনে অংশ নেওয়া প্রায় ৩০ জন দৌড়বিদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার অনুষ্ঠিত সান্তা বারবারা হাফ ম্যারাথনের পর তাঁদের মধ্যে 'অস্বাভাবিক উপসর্গ' দেখা দেয়।
সান্তা বারবারা পুলিশ জানিয়েছে, সান্তা বারবারা কটেজ হাসপাতাল থেকে একাধিক অংশগ্রহণকারীর চিকিৎসা নেওয়ার খবর পেয়ে তারা তদন্ত শুরু করেছে।
কটেজ হেলথ এক বিবৃতিতে জানায়, প্রত্যাশার চেয়ে বেশি সংখ্যক জরুরি রোগী এসেছে, যাঁদের অনেকেরই একই ধরনের উপসর্গ, যার কারণ এখনো নির্ধারণ করা যায়নি।
সোমবার পর্যন্ত সান্তা বারবারা ও গোলেটায় জরুরি বিভাগে আসেন ২৭ জন অংশগ্রহণকারী। গোলেটা সান্তা বারবারা থেকে প্রায় ১০ মাইল পশ্চিমে ছোট একটি শহর।
তাঁদের মধ্যে সোমবার সকাল পর্যন্ত ২৪ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজন স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আয়োজকদের ধারণা, অসুস্থতার কারণ গরম বা পানিশূন্যতা। দৌড়ের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৮৮ ডিগ্রি ফারেনহাইট (৩১.১ ডিগ্রি সেলসিয়াস), যা বছরের এই সময়ের জন্য অস্বাভাবিকভাবে বেশি।
হাসপাতাল বা পুলিশ কেউই 'অস্বাভাবিক' বলার বাইরে উপসর্গগুলো সম্পর্কে বিস্তারিত জানায়নি।
১৩ মাইল দীর্ঘ এই দৌড়ে ৪ হাজার ৬৪০ জনের বেশি মানুষ অংশ নিয়েছিলেন বলে আয়োজকদের ওয়েবসাইটে জানানো হয়েছে।
ইভেন্ট পরিচালক ডেভিড মনিকো জানান, মেডিকেল টেন্ট থেকে ১৫ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, ইভেন্টের মেডিকেল দল পথে ও ফিনিশ লাইনে অনেক দৌড়বিদের পানিশূন্যতা ও অতিরিক্ত গরমের চিকিৎসা দিয়েছে।
গার্ডিয়ানকে মনিকো বলেন, কিছু অংশগ্রহণকারীর সমস্যা ধৈর্যসাধ্য ইভেন্টের পরিশ্রমজনিত উপসর্গ ছাড়া অন্য কিছুতে হয়েছে বলে মনে করার মতো তাঁদের কাছে আর কোনো তথ্য নেই।
পুলিশ জানিয়েছে, হাসপাতালের প্রতিবেদনের ভিত্তিতে ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।



