মৃত নক্ষত্রকে ঘিরে দুটি ধূলির বলয়, সৌরজগতের ভবিষ্যৎ নিয়ে নতুন ইঙ্গিত

পৃথিবী থেকে প্রায় এক হাজার ৬০০ আলোকবর্ষ দূরে জে১৩২৮-১৪৫০ নামের একটি মৃত নক্ষত্রের চারপাশে ধূলিকণা ও গ্যাসের দুটি আলাদা বলয় আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। সূর্যের মতো কোনো নক্ষত্রের জীবন ফুরিয়ে গেলে ঠিক কী ঘটে, তা বুঝতে এই আবিষ্কার নতুন তথ্য দিয়েছে। পাশাপাশি এটি আমাদের সৌরজগতের সুদূর ভবিষ্যতের একটি সম্ভাব্য চিত্রও তুলে ধরেছে।
জে১৩২৮-১৪৫০ একটি শ্বেত বামন, অর্থাৎ এমন একটি মৃত নক্ষত্র যার জ্বালানি শেষ হয়ে গেছে। সূর্যের মতো নক্ষত্রগুলো একসময় তাদের জ্বালানি ফুরিয়ে গেলে এভাবেই শ্বেত বামনে পরিণত হয়। বিজ্ঞানীরা বলছেন, এই নক্ষত্রেরও একসময় নিজস্ব গ্রহ ছিল।
কোটি কোটি বছর আগে নক্ষত্রটির জ্বালানি শেষ হয়ে যাওয়ার সময় তার ভেতরের গ্রহগুলো প্রচণ্ড বিস্ফোরণে ধূলিসাৎ হয়ে যায়। সেই ধ্বংসাবশেষই এখন নক্ষত্রটির চারপাশে বলয়ের আকারে ঘুরছে। সাধারণত মৃত নক্ষত্রের চারপাশে এমন ধ্বংসাবশেষের একটিমাত্র বলয় দেখা যায়।
কিন্তু বিজ্ঞানীরা অবাক হয়ে দেখলেন, এই নক্ষত্রকে ঘিরে দুটি আলাদা বলয় ঘুরছে। এমন দৃশ্য আগে দেখা যায়নি বলেই গবেষকেরা মনে করছেন। দুটি বলয়ের উপস্থিতি নক্ষত্রটির মৃত্যুর প্রক্রিয়া সম্পর্কে নতুন প্রশ্ন তুলেছে।
গবেষকদের ধারণা, নক্ষত্রের মৃত্যুর মধ্যেও বেঁচে যাওয়া প্লুটোর মতো ছোট আকারের দুটি পাথুরে গ্রহাণু বা টুকরো এখনো বলয় দুটির ভেতর টিকে আছে। তাদের মহাকর্ষের টানেই ধূলিকণাগুলো দুটি সুন্দর বলয়ে ভাগ হয়ে গেছে বলে মনে করা হচ্ছে।
দুটি বলয়ের উপাদানেও কিছুটা তফাত রয়েছে। ভেতরের বলয়ের তুলনায় বাইরের বলয়ে ম্যাগনেশিয়ামের পরিমাণ কম বলে গবেষকেরা জানিয়েছেন। এই পার্থক্য বলয় দুটির উৎপত্তি ও গঠন সম্পর্কে আরও তথ্য দিতে পারে বলে আশা করা হচ্ছে।
আজ থেকে প্রায় ৫০০ কোটি বছর পর আমাদের সূর্যও তার জ্বালানি ফুরিয়ে একসময় বিশালাকার এক নক্ষত্র বা লোহিত দানবে পরিণত হবে। তখন বুধ ও শুক্র গ্রহ পুরোপুরি পুড়ে ছাই হয়ে যাবে বলে বিজ্ঞানীরা মনে করেন।
পৃথিবী বেঁচে থাকবে কি না, তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে দ্বিমত আছে। তবে বৃহস্পতি বা শনির মতো দূরের গ্রহগুলোর বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করা হয়। সূর্যের এই পরিবর্তন সৌরজগতের চেহারা পুরোপুরি বদলে দেবে।
সূর্য যখন একসময় সংকুচিত হয়ে আজকের এই মৃত নক্ষত্রের মতো শ্বেত বামনে পরিণত হবে, তখন সৌরজগতের বেঁচে যাওয়া টুকরাগুলো সূর্যের খুব কাছে এসে একইভাবে ভেঙে চুরমার হয়ে যেতে পারে। তখন আমাদের চিরচেনা এই সৌরজগতের অবশেষ দিয়েও হয়তো এমন চমৎকার বলয় তৈরি হবে।
বিজ্ঞানীদের এই আবিষ্কার মহাকাশের এক রহস্য উন্মোচনের পাশাপাশি আমাদের ভবিষ্যতের একটি ছোট্ট ঝলকও বটে। জে১৩২৮-১৪৫০ নিয়ে আরও গবেষণা হলে মৃত নক্ষত্রের চারপাশের বলয় কীভাবে তৈরি হয়, সে সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে গবেষকেরা আশা করছেন।



