টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন, গ্রেপ্তার ৮

দেশব্যাপী ছাত্রধর্মঘট পালনকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল থেকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে টুঙ্গিপাড়া মোড়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে লগি-বৈঠা নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন।
সেখানে তাঁরা টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও জড়ো হয়ে লগি-বৈঠার মিছিল বের করেন।
পুলিশ তাঁদের বাধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে বিপুলসংখ্যক নেতাকর্মী টুঙ্গিপাড়া মোড়সহ আশপাশের এলাকায় লগি-বৈঠা নিয়ে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেন।
এ ঘটনার পর গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয়েছে। দুপুর সাড়ে বারোটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত টুঙ্গিপাড়ায় উত্তেজনা চলছিল।
ধর্মঘটকে কেন্দ্র করে গতকাল সোমবার রাতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়কের ওপর আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। তাঁরা শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটান। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ছাড়া শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। এ ছাড়া কোটালীপাড়ায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানিয়েছেন, এসব ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার, সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
আজ মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ সুপার জানান।
নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার রাত থেকে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।

