ফতুল্লার মাদ্রাসায় আগুন: হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীদের দেখলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, সব কওমি মাদ্রাসায় নিরাপত্তা পরীক্ষার আহ্বান

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া কওমি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে এসেছে ৭৯ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬৩ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকি ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় মূল্যায়ন শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
ভর্তি শিক্ষার্থীদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ১৪ বছর বয়সী শিশু শিক্ষার্থী সিয়ামের শ্বাস-প্রশ্বাসের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তা দিতে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে।
এদিকে, অসুস্থ শিক্ষার্থীদের দেখতে দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ সময় তিনি চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এসব তথ্য জানান।
তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ কোনো শিক্ষার্থীর শরীরে দৃশ্যমান দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া যায়নি। তবে সবাই কমবেশি ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণ করায় তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত শিক্ষার্থীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা দিচ্ছেন।
মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগার পর ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়লে ঘুমন্ত শিক্ষার্থীদের মধ্যে শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন পর্যায়ে হাসপাতালে নেওয়া হয়।
গত সোমবার দিবাগত রাতে মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলার লাইব্রেরি কক্ষে আগুন লাগে। নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড-সংলগ্ন শান্তিধারায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার পর দেশের সকল আবাসিক কওমি মাদ্রাসাকে বৈদ্যুতিক লাইন, অগ্নিনির্বাপণ সরঞ্জাম ও জরুরি বহির্গমন পথ পরীক্ষা করে দেখার আহ্বান জানিয়েছে এসব মাদ্রাসা পরিচালনাকারী বোর্ড।
মঙ্গলবার (১০ নভেম্বর) আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান এবং শীর্ষ উলামায়ে কেরাম গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়েছেন। আল-হাইআতুল উলয়া তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, আল-হাইআতুল উলয়া আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করছে। দেশের সকল কওমি মাদ্রাসা ও মুসলিম উম্মাহর কাছেও দোয়ার আবেদন জানাচ্ছে। একইসঙ্গে আহত শিক্ষার্থীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ দ্রুত তদন্ত করতেও অনুরোধ করা হচ্ছে।

