ক্যালিফোর্নিয়ায় বিলিয়নিয়ার করের প্রস্তাব প্রত্যাখ্যাত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিলিয়নিয়ারদের ওপর কর আরোপের প্রস্তাব ভোটাররা প্রত্যাখ্যান করেছেন বলে অ্যাসোসিয়েটেড প্রেসের পূর্বাভাসে জানানো হয়েছে।
প্রায় ৬০ শতাংশ ভোট গণনা শেষে প্রস্তাবটি পরাজয়ের দিকে এগোচ্ছিল। 'না' ভোট এগিয়ে ছিল ৫৫ দশমিক ৬ শতাংশ, আর 'হ্যাঁ' ভোট ছিল ৪৪ দশমিক ৪ শতাংশ।
প্রপোজিশন ৪০ নামের এ প্রস্তাবে যাঁদের সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলারের বেশি, তাঁদের ওপর এককালীন ৫ শতাংশ কর আরোপের কথা বলা হয়েছিল। এতে ১০ হাজার কোটি ডলার রাজস্ব আসত বলে ধারণা করা হচ্ছিল, যার বেশির ভাগই স্বাস্থ্যসেবা কর্মসূচিতে ব্যয় হতো। শিক্ষা ও খাদ্য সহায়তা কর্মসূচিও অর্থ পেত।
যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্সসহ প্রগতিশীল রাজনীতিকেরা অর্থনৈতিক বৈষম্য দূর করার উপায় হিসেবে এ করের পক্ষে প্রচার চালিয়েছিলেন। তাঁরা এটিকে পুরো দেশের জন্য একটি নমুনা হিসেবে দেখছিলেন।
ডেমোক্র্যাটরা বলেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'ওয়ান বিগ বিউটিফুল বিল'-এ ফেডারেল তহবিল কাটছাঁটের ক্ষতি পুষিয়ে নিতে এ কর দরকার ছিল।
তবে ক্যালিফোর্নিয়ার বিদায়ী গভর্নর গ্যাভিন নিউসম এ প্রস্তাবের বিরোধিতা করেন। ২০২৮ সালের ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে তাঁকে সম্ভাব্য প্রার্থী মনে করা হয়।
নিউসমসহ বিরোধীরা যুক্তি দিয়েছিলেন, এ কর চালু হলে অতি ধনী ও উচ্চ প্রযুক্তির উদ্যোক্তারা ক্যালিফোর্নিয়া ছেড়ে চলে যাবেন এবং তাঁদের আয়কর ও কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠানও সঙ্গে নিয়ে যাবেন।
নিউসমের বিরোধিতা এবং দলীয় নেতা ও শ্রমিক সংগঠনগুলোর মধ্যে বিভক্তির কারণে ভোটের আগেই প্রস্তাবটির প্রতি প্রাথমিক সমর্থন কমে যায়। মধ্যবর্তী নির্বাচনের সময় এ ভোট অনুষ্ঠিত হয়।
গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনসহ ক্যালিফোর্নিয়ার বিলিয়নিয়াররা এ প্রস্তাবের বিরুদ্ধে প্রচারে ২৫ কোটি ডলারের বেশি ব্যয় করেছেন। তাঁরা যুক্তি দিয়েছেন, এটি সব ক্যালিফোর্নিয়াবাসীর ওপর আরও কঠোর করের পথ খুলে দেবে এবং তাঁদের অবসরকালীন সঞ্চয়কেও লক্ষ্য করতে পারে।
এ কর পাস না হওয়া ডেমোক্র্যাটিক পার্টির বামপন্থীদের জন্য একটি ধাক্কা। তথাকথিত 'ব্লু সুনামি'তে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা জিতেছিল।
তবে যুক্তরাষ্ট্রের সিনেটের অর্থ কমিটির আসন্ন চেয়ারম্যান রন ওয়াইডেন ইঙ্গিত দিয়েছেন, অতি ধনীদের ওপর কর আরোপ ডেমোক্র্যাটিক পার্টির কেন্দ্রীয় লক্ষ্য হিসেবেই থাকছে।
গত ৪ নভেম্বর কমিটির অগ্রাধিকার তুলে ধরে এক বিবৃতিতে তিনি বলেন, কমিটি বিলিয়নিয়াররা যাতে তাঁদের ন্যায্য অংশ পরিশোধ করেন এবং কর ফাঁকি দেওয়া ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে প্রচেষ্টা দ্বিগুণ করবে।



