লালমনিরহাটে শিশুদের মেধা বিকাশে নানা প্রতিযোগিতার আয়োজন করল বসুন্ধরা শুভসংঘ

শিশুদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর পাশাপাশি পড়াশোনার বাইরে আনন্দময় পরিবেশে প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে লালমনিরহাটে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট সদর উপজেলা শাখার উদ্যোগে পিস ইন্টারন্যাশনাল স্কুলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আয়োজনের মধ্যে ছিল চিত্রাঙ্কন, বিস্কুট দৌড়, চকলেট দৌড়, মার্বেল দৌড়, বেলুন দৌড়, বুদ্ধির পরীক্ষা ও অন্যান্য আনন্দঘন প্রতিযোগিতা। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।
বিস্কুট দৌড়ে প্লে-গ্রুপ থেকে প্রথম হয় হোময়রা, দ্বিতীয় আরাক এবং তৃতীয় তামিম। বুদ্ধির পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে মুসাদ্দিক, মাহিয়া ও আয়ান।
চকলেট দৌড়ে নার্সারি গ্রুপ থেকে প্রথম হয় জীম, দ্বিতীয় আবাবিল এবং তৃতীয় ইশা। মার্বেল দৌড়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে প্রথম হয় হাবিবা, দ্বিতীয় মেহবুবা এবং তৃতীয় জীম।
বেলুন দৌড়ে প্রথম হয় আরশ, দ্বিতীয় তাওহীদ এবং তৃতীয় মামুন। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার পেয়ে শিশুদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশুরা নিজেদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ পায়। একই সঙ্গে খেলাধুলা ও আনন্দের মধ্য দিয়ে তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, প্রতিযোগিতার মনোভাব এবং আত্মবিশ্বাস তৈরির পরিবেশ সৃষ্টি হয়।
পিস ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ বলেন, শিশুদের মানসিক বিকাশ ও সুপ্ত প্রতিভা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সৃজনশীল কর্মকাণ্ডের গুরুত্ব অনেক। এ ধরনের আয়োজন শিশুদের মধ্যে আনন্দের পাশাপাশি আত্মবিশ্বাস ও প্রতিযোগিতার মনোভাব তৈরি করে। বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক নাঈম রহমান বলেন, শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের মেধা ও মননের বিকাশে শুধু পাঠ্যবইয়ের শিক্ষা যথেষ্ট নয়, প্রয়োজন সৃজনশীল ও আনন্দময় পরিবেশ। আমরা চাই, প্রতিটি শিশু নিজের প্রতিভা বিকাশের সুযোগ পাক। বসুন্ধরা শুভসংঘ সামাজিক দায়বদ্ধতা থেকে শিশু-কিশোরদের নিয়ে এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিস ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, ভাইস চেয়ারম্যান বিপ্লবী আক্তার, প্রশাসনিক কর্মকর্তা এন্তাজুর রহমান এবং সহকারী শিক্ষক আয়শা সিদ্দিকা, কাঞ্চন বিশ্বাস, নওশীন, কৌশিক হোসেন, সামিউল হোসেন, আবুল হোসেন ও জাহিদ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা তন্ময় আহমেদ নয়ন, জেলা শাখার সাধারণ সম্পাদক নাঈম রহমান, সদর উপজেলা শাখার সহসভাপতি মো. ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক সজীব চক্রবর্তী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. আরিফুর রহমান অমি এবং আপ্যায়নবিষয়ক সম্পাদক নোবেল সরকার নীরবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।


