পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ন্যাটালি বেকার, মনোনয়ন সিনেটে

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ন্যাটালি বেকারকে মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে ইসলামাবাদে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তার মনোনয়ন অনুমোদনের জন্য মার্কিন সিনেটে পাঠানো হয়েছে।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে হলে প্রথমে সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির পর্যালোচনা এবং পরে পূর্ণাঙ্গ সিনেটের অনুমোদন পেতে হবে বেকারকে।
পাকিস্তানে বর্তমানে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত কোনো মার্কিন রাষ্ট্রদূত নেই। ২০২৫ সালের জানুয়ারিতে তৎকালীন রাষ্ট্রদূত ডোনাল্ড আর্মিন ব্লোমের মেয়াদ শেষ হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পান বেকার। এর আগে ২০২৪ সালের আগস্টে তিনি ইসলামাবাদে মার্কিন দূতাবাসের উপপ্রধান হিসেবে যোগ দেন।
দীর্ঘ কূটনৈতিক কর্মজীবনে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন বেকার। ২০২১ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত কাতারের দোহায় মার্কিন দূতাবাসের উপপ্রধান ছিলেন তিনি।
এর আগে লিবিয়ায় মার্কিন মিশনের উপপ্রধান ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, দুবাইয়ে মার্কিন কনস্যুলেটের ইরান আঞ্চলিক উপস্থিতি কার্যালয়ের উপপরিচালক এবং কুয়েতে মার্কিন দূতাবাসের অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে কাজ করেছেন।
২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত লিবিয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলরের দায়িত্ব পালন করেন বেকার। ওই সময়ে ওয়াশিংটন ও ত্রিপোলির সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় যুক্ত ছিলেন তিনি। ২০১১ সালে লিবিয়ায় বিপ্লব শুরু হলে নিরাপত্তার কারণে মার্কিন দূতাবাস সরিয়ে নেওয়া হয়। তখন দেশটি ছাড়তে হয় বেকারকেও।
এ ছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিকটপ্রাচ্যবিষয়ক ব্যুরোর উত্তর আফ্রিকা বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ইসলামাবাদে কনস্যুলার কর্মকর্তা এবং তুর্কমেনিস্তানের রাজধানী আশাখাবাতে সাংস্কৃতিক কর্মকর্তা হিসেবেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার।
শিক্ষাজীবনে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ন্যাটালি বেকার।
পাকিস্তানে রাষ্ট্রদূত হিসেবে তার নিয়োগ এখন মার্কিন সিনেটের অনুমোদনের অপেক্ষায়।




