ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালালেন হত্যা মামলার আসামি

ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে কাউসার মিয়া নামে হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১ এর এজলাস থেকে কৌশলে পালিয়ে যান তিনি।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ রাজধানীর দক্ষিণ খান থানার এ হত্যা মামলায় সাক্ষীর জন্য ধার্য ছিল। তাই গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাকে আদালতে আনা হয়।
শুনানিকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানা থেকে এজলাসে নেওয়া হয় তাকে। এদিন কোনো সাক্ষী না আসায় আদালত সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেন।
পরে তাকে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার প্রস্তুতিকালে দায়িত্বরত পুলিশ সদস্যের ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যায় আসামি।
আদালতের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মোহসীন হোসেন জানান, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আদালতে আসামির কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার মিয়া।
তাকে আদালতের হাজতখানা থেকে আনা ও নেওয়ার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত। তিনি বলেন, আসামি কাঠগড়ায় হাতে হাতকড়া পড়া অবস্থায় ছিল। তার কাস্টডি আনতে আদালতের সামনে যাই। এ সুযোগে আসামি হাতকড়া খুলে পালিয়ে গেছে।
মামলার সূত্রে জানা যায়, ঢাকার দক্ষিণখানে দক্ষিণপাড়া এলাকায় ২০২০ সালের ২০ জুলাই বাথরুমে ছুরিকাঘাতে খুন করা হয় ১৭ বছরের কিশোরী আলোকে। এ ঘটনায় পরদিন তার বাবা রবিউল ইসলাম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
মামলার তদন্তে গিয়ে ওইদিনই কাউসারকে টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন কাউসার আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়।
জবানবন্দিতে সে জানায়, বছর খানেক আগে থেকে আলোর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার কিছুদিন আগে থেকে তাকে পাত্তা দিচ্ছিল না সে। কাউসার জানতে পারে, আলো অন্য একটি ছেলের সঙ্গে প্রেম করছে। আলোর সঙ্গে কথা বলতে চাইলে এড়িয়ে যেতো সে।
২০২০ সালের ২০ জুলাই আলোদের বাসার সামনে অপেক্ষা করতে থাকেন কাউসার। রাত ৯টার দিকে সে ঘর থেকে বের হয়ে বাথরুমে যায়, এটা দেখে কাউসার। সে বাথরুম থেকে বের হয়ে ঘরে বালতি আনতে গেলে তাকে আটকে ধরে কথা বলতে চায় কাউসার। তবে আলো কথা বলতে রাজি না হওয়ায় চাকু দিয়ে তার বুকে ও পিঠে ছুরি দিয়ে আঘাত করার কথা জানায় কাউসার।
মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুন কাউসারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন দক্ষিণখান থানার উপ-পরিদর্শক সুজন চন্দ্র কর্মকার। পরবর্তীতে ২০২২ সালের ২০ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলায় বিচার শুরু হয়।
মামলায় এখন পর্যন্ত আলোর বাবা রবিউল ও তার বড় বোন রাব্বিনা আক্তার সাক্ষ্য দিয়েছেন।




