ইরান-যুক্তরাষ্ট্র কূটনীতি: আগে কে এগোবে, নাকি একসঙ্গে এগোনোর পথ?
প্রায় দুই দশক ধরে ইরান-যুক্তরাষ্ট্র কূটনীতিতে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে: আগে কে এগোবে? ২০০০-এর দশকের শুরু থেকে ওয়াশিংটন ও তেহরান বারবার একই দ্বিধার মুখে পড়েছে—অর্থনৈতিক স্বস্তি পাওয়ার আগে ইরান কি তার পারমাণবিক কর্মসূচি সীমিত করবে, নাকি ইরানের ছাড়ের আশায় যুক্তরাষ্ট্র আগে চাপ কমাবে?
হরমুজ প্রণালি নিয়ে সর্বশেষ বিরোধের প্রেক্ষাপটে এই প্রশ্ন আবারও জরুরি হয়ে উঠেছে। তেহরান প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে, তবে শর্ত দিয়েছে—নৌ অবরোধ তুলে নেওয়া, নিষেধাজ্ঞা শিথিল করা এবং নতুন করে হামলা না চালানোর নিশ্চয়তা দিতে হবে।
তেহরানের যুক্তি, চাপ ও সংঘাতের পরিবেশে আলোচনা শুরু করা যায় না। ওয়াশিংটন অবশ্য বলছে, নতুন করে যেকোনো কূটনৈতিক প্রক্রিয়ায় শুরু থেকেই পারমাণবিক বিষয়টি থাকতে হবে।
এই মতবিরোধই বর্তমান আলোচনার কেন্দ্রীয় সমস্যা: দুই পক্ষই প্রথম পদক্ষেপ নেওয়ার আগে আস্থা তৈরির পদক্ষেপ চাইছে।
ইতিহাস অবশ্য দেখায়, পারস্পরিক পদক্ষেপের ভিত্তিতে এই দ্বিধা আগেও কাটানো গেছে। ২০১৩ সালে ইরান ও পি৫+১—জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানি—এর মধ্যে যৌথ কর্মপরিকল্পনায় দুই পক্ষই সীমিত ও প্রত্যাহারযোগ্য পদক্ষেপ নিয়েছিল।
ওই চুক্তিতে ইরান সমৃদ্ধকরণের মাত্রাসহ পারমাণবিক কর্মসূচির কিছু অংশে সীমাবদ্ধতা এবং বাড়তি পর্যবেক্ষণ মেনে নিয়েছিল, আর যুক্তরাষ্ট্র ও তার অংশীদাররা সীমিত নিষেধাজ্ঞা ছাড় দিয়েছিল।
এই পদ্ধতিই পরে ২০১৫ সালের যৌথ বিস্তৃত কর্মপরিকল্পনা (জেসিপিওএ) রূপ নেয়। চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৩ দশমিক ৬৭ শতাংশে সীমিত করা হয়, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষণ বাড়ানো হয় এবং পারমাণবিক সীমাবদ্ধতার বিনিময়ে নিষেধাজ্ঞা ছাড় দেওয়া হয়।
জেসিপিওএ বাস্তবায়ন ধাপে ধাপে হয়েছিল—২০১৫ সালের জুলাইয়ে চুক্তি, অক্টোবরে গ্রহণ দিবস, এরপর ২০১৬ সালের জানুয়ারিতে আইএইএ ইরানের প্রাথমিক প্রতিশ্রুতি যাচাই করার পর বাস্তবায়ন দিবস; যাচাইয়ের পরই বড় ধরনের নিষেধাজ্ঞা ছাড় শুরু হয়।
তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে গিয়ে নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে ইরান এই সিদ্ধান্তে পৌঁছায় যে কেবল কারিগরি প্রতিশ্রুতি যথেষ্ট নয়—ভবিষ্যতে কোনো চুক্তি ওয়াশিংটনের রাজনৈতিক পরিবর্তনেও টিকে থাকবে, এমন নিশ্চয়তার অভাবই মূল সমস্যা।
যুক্তরাষ্ট্রেরও নিজস্ব উদ্বেগ রয়েছে—ওয়াশিংটনের নীতিনির্ধারকরা মনে করেন, নিষেধাজ্ঞা ছাড় যাচাইযোগ্য ইরানি প্রতিশ্রুতির সঙ্গে যুক্ত থাকতে হবে, কারণ আগেভাগে অর্থনৈতিক সুবিধা দিলে আলোচনায় যুক্তরাষ্ট্রের দর কষাকষির ক্ষমতা কমে যেতে পারে।
একটি কার্যকর মডেল হিসেবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টিকে নিষেধাজ্ঞা শিথিলের ধাপে ধাপে প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার প্রস্তাব এসেছে, যেখানে প্রতিটি ধাপ তৃতীয় পক্ষের পর্যবেক্ষণে থাকবে। মধ্যস্থতাকারী হিসেবে কাতার যোগাযোগে সহায়তা করতে পারে, আর কারিগরি পারমাণবিক বিষয়গুলো আইএইএর আন্তর্জাতিক যাচাইয়ের আওতায় থাকতে পারে। মূলনীতিটি সহজ হবে: ইরানের প্রতিটি পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রের একটি সুনির্দিষ্ট জবাব থাকবে, আর যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপের জন্য থাকবে ইরানের পরিমাপযোগ্য দায়িত্ব।
সাম্প্রতিক কূটনীতিতে এই পথে আংশিক অগ্রগতিও হয়েছে। কাতার ও অন্য মধ্যস্থতাকারীদের সমর্থনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জুন মাসের সমঝোতা স্মারকে উত্তেজনা কমানোর ব্যবস্থা তৈরির চেষ্টা করা হয়েছিল, যার মধ্যে সামরিক অভিযান ও হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতার বিষয়গুলো ছিল। পরের আলোচনায় বাস্তবায়ন পরিচালনার জন্য কারিগরি কমিটি ও পর্যবেক্ষণ ব্যবস্থার বিষয়ও অন্তর্ভুক্ত হয়।
কাতারের মধ্যস্থতাও ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে—দোহা তেহরানের আলোচনার আগে আস্থা তৈরির দাবি এবং ওয়াশিংটনের পারমাণবিক বিষয়কে কেন্দ্রে রাখার জেদের মধ্যে ব্যবধান ঘোচানোর চেষ্টা করেছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের ইরানি কর্মকর্তাদের কাছে পাঠানো সাম্প্রতিক বার্তাতেও একই দ্বিধা প্রতিফলিত হয়েছে—ওয়াশিংটন নতুন করে আলোচনার সম্ভাবনা খতিয়ে দেখতে আগ্রহ দেখালেও পারমাণবিক বিষয়টি আলোচনায় রাখার ওপর জোর দিয়েছে; আর তেহরান বলে আসছে, বৃহত্তর আলোচনা সফল হতে হলে আগে চাপ কমাতে হবে।
মধ্যপ্রাচ্য ইতিমধ্যেই কেবল চাপের ওপর ভরসা করে কৌশলগত ফল পাওয়ার বিশ্বাসের বড় মূল্য দিয়েছে—সামরিক উত্তেজনা, অর্থনৈতিক বিঘ্ন ও জ্বালানি অনিশ্চয়তা সংঘাতের সীমা দেখিয়ে দিয়েছে।
পরবর্তী কূটনৈতিক পরীক্ষা তাই এই নয় যে ইরান বা যুক্তরাষ্ট্র প্রথম ছাড় দিতে রাজি কি না; পরীক্ষা হলো, দুই পক্ষই এমন একটি প্রক্রিয়া মেনে নিতে প্রস্তুত কি না, যেখানে ছাড় রাজনৈতিকভাবে টিকে থাকতে পারে।
