স্পিকার সরিয়ে পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিতে চায় ইসরায়েলের বিরোধী জোট

ইসরায়েলের ক্ষমতা থেকে বেনিয়ামিন নেতানিয়াহুকে সরানোর পাশাপাশি পার্লামেন্টের নিয়ন্ত্রণও নিজেদের হাতে নিতে চাইছে বিরোধী জোট। এ লক্ষ্যে নেতানিয়াহুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পার্লামেন্ট স্পিকার আমির ওহানাকে পদ থেকে সরিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে বসানোর উদ্যোগ নিয়েছেন বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট।
সোমবার (৯ নভেম্বর) আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর পাশাপাশি পার্লামেন্টের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনাও করছেন সম্ভাব্য প্রধানমন্ত্রী আইজেনকোট।
মঙ্গলবার (১০ নভেম্বর) ইসরায়েলের নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। তার আগেই স্পিকার পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বিরোধী জোট।
প্রতিবেদন অনুযায়ী, আইজেনকোটের দল ইয়াশার পার্টি এবং আভিগদর লিবারম্যানের নেতৃত্বাধীন ইসরায়েল বেইতেনু পার্টি নতুন স্পিকার হিসেবে ইয়াশার পার্টির একজনকে মনোনীত করার বিষয়ে একমত হয়েছে। বিরোধী জোটের অন্য দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে।
এ উদ্যোগে সমর্থন পেতে সোমবার অতি-গোঁড়া ইহুদি দল শাস ও ইউনাইটেড তোরাহ জুদাইজমকে (ইউটিজে) বিরোধী জোটের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে ইয়াশার পার্টি। তবে ইউটিজে জানিয়েছে, নতুন সরকার গঠনের আগে স্পিকার পরিবর্তনের উদ্যোগে তারা সমর্থন দেবে না। দলটির চেয়ারম্যান ইয়াকভ আশেরের মতে, নতুন সরকার গঠনের সময়ই স্পিকার পরিবর্তনের বিষয়টি সামনে আনা উচিত।
জেরুজালেম পোস্টের তথ্য অনুযায়ী, ১২০ সদস্যের নেসেটে আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের আসন ৪৮টি। আর আরব নেতৃত্বাধীন দলগুলোর আসন ১৯টি। এসব দলের সমর্থন নিশ্চিত করতে পারলে স্পিকার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ৬১ জন আইনপ্রণেতার সমর্থন পাওয়া সম্ভব।
বর্তমান স্পিকার আমির ওহানা নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্য। তাঁকে সরাতে পারলে পার্লামেন্টের কার্যসূচি নির্ধারণ, আইন প্রণয়ন এবং বিভিন্ন কমিটিতে নিয়োগের ক্ষেত্রে বিরোধী জোটের প্রভাব বাড়বে। এতে সরকার গঠনের আলোচনা চলার মধ্যেই নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান আরও দুর্বল হতে পারে।
স্পিকার পরিবর্তনের পাশাপাশি পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিয়ে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা রয়েছে বিরোধী জোটের। এর মধ্যে নেতানিয়াহু সরকারের বিচার বিভাগ সংস্কারসংক্রান্ত গুরুত্বপূর্ণ আইনগুলো বাতিল এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের উদ্যোগ উল্লেখযোগ্য।
এ ছাড়া ফৌজদারি অভিযোগে বিচারাধীন কোনো ব্যক্তির প্রধানমন্ত্রী হওয়া বা সরকার পরিচালনা ঠেকাতে নতুন আইন প্রণয়নের বিষয়টিও বিবেচনা করছে বিরোধী জোট। এমন আইন কার্যকর হলে দুর্নীতি, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে বিচারাধীন নেতানিয়াহু রাজনৈতিকভাবে প্রভাবিত হতে পারেন। তবে এসব অভিযোগে এখনো দোষী সাব্যস্ত হননি তিনি।
এর আগে গত রোববার (৮ নভেম্বর) ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি। অন্যদিকে আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। তবে আরব দলগুলোর সমর্থনসহ প্রেসিডেন্টের কাছে আইজেনকোটের পক্ষে ৬৭ জন আইনপ্রণেতা সুপারিশ করেছিলেন।
সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে। তবে সরকার গঠনের প্রক্রিয়া শেষ হওয়ার আগেই স্পিকার পরিবর্তনের উদ্যোগ নেওয়ায় নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে।
এদিকে নির্বাচনের দুই সপ্তাহ পরও নতুন সরকার গঠন না হওয়ায় তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু এখনো ব্যাপক নির্বাহী ক্ষমতা ধরে রেখেছেন। ইসরায়েলের মৌলিক আইন অনুযায়ী, নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত বিদায়ী সরকার কাজ চালিয়ে যায়।
তত্ত্বাবধায়ক হিসেবে নেতানিয়াহু রাষ্ট্র পরিচালনা, নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির ক্ষমতা ধরে রেখেছেন, তবে সংযম ও সতর্কতার সঙ্গে তা ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। তিনি নতুন নিয়োগ ও নিরাপত্তাসংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন। মন্ত্রিসভার ভোটে নতুন যুদ্ধ শুরু করা গেলেও এককভাবে তিনি তা করতে পারেন না।
বিশ্লেষক এহাব জাবারিনের মতে, নেতানিয়াহু সরকার গঠনের অগ্রাধিকার হারিয়েছেন, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীর পদ হারাননি। তাঁর ক্ষমতা এখন এই জায়গায় যে, তাঁকে সরাতে বিরোধীদের ঐকমত্য দরকার, আর তাঁদের মতভেদই তাঁর রাজনৈতিক টিকে থাকার কারণ।
আরেক বিশ্লেষক মায়সারা বাহর সতর্ক করে বলেছেন, নেতানিয়াহু আর্থিক সিদ্ধান্তের মাধ্যমে পরবর্তী সরকারের কাজ কঠিন করে দিতে পারেন। তবে নিজেকে দুর্নীতির বিচার থেকে রক্ষায় নতুন আইন পাস করাতে পারবেন না তিনি।
যুক্তরাজ্য ও ভারতেও তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীরা নির্বাচিত প্রধানমন্ত্রীর মতোই আইনি ক্ষমতা ভোগ করেন। তবে প্রথা অনুযায়ী তত্ত্বাবধায়ক সময়ে বড় নীতিগত সিদ্ধান্ত, বিশেষ করে যুদ্ধের প্রশ্নে, তাঁদের বিরত থাকতে হয়।

