অনলাইনে দলিল নিবন্ধন শুরু হলে জমি হস্তান্তরে জালিয়াতি কমবে, সংসদে জানালেন আইনমন্ত্রী

আগামী ২০২৭ সালের শেষার্ধ অথবা ২০২৮ সালের প্রথমার্ধে অনলাইনভিত্তিক দলিল নিবন্ধন কার্যক্রম শুরু হলে জালিয়াতির মাধ্যমে জমি হস্তান্তরের ঝুঁকি কমবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য আরিফা সুলতানার এক প্রশ্নের লিখিত উত্তরে আইনমন্ত্রী এসব কথা জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
আইনমন্ত্রী বলেন, দলিল নিবন্ধন ব্যবস্থার আধুনিকায়ন ও ডিজিটাইজেশনের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার চালুর লক্ষ্যে আইন ও বিচার বিভাগ একটি প্রকল্প হাতে নিয়েছে।
প্রকল্পের আওতায় সারা দেশে দলিল নিবন্ধন ব্যবস্থার আধুনিকায়ন, সফটওয়্যার উন্নয়ন, সিস্টেম ইন্টিগ্রেশন, ডেটা মাইগ্রেশন, ব্যবহারকারী প্রশিক্ষণ এবং দেশব্যাপী বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা করা হবে।
ভূমি নিবন্ধন ব্যবস্থা অটোমেশন শীর্ষক উন্নয়ন প্রকল্পটি ২০২৫ সালের ১ জুলাই থেকে চলমান রয়েছে। এর আওতায় সারা দেশে দলিল নিবন্ধন ব্যবস্থাকে আধুনিক ও ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালনার লক্ষ্যে একটি সমন্বিত রেজিস্ট্রেশন রিসোর্স প্ল্যানার (আরআরপি) সফটওয়্যার উন্নয়নের কাজ চলছে।
মো. আসাদুজ্জামান বলেন, প্রকল্পের কাজ শেষ হলে সাব-রেজিস্ট্রি অফিসের দলিল নিবন্ধন ডেটাবেজের সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেকর্ডের সরাসরি ডিজিটাল আন্তঃসংযোগ স্থাপন সম্ভব হবে।
এর ফলে জমির মালিকানা, সংশ্লিষ্ট রেকর্ড ও নিবন্ধনসংক্রান্ত তথ্য ডিজিটাল পদ্ধতিতে যাচাইয়ের সুযোগ তৈরি হবে এবং জালিয়াতির মাধ্যমে জমি হস্তান্তরের ঝুঁকি কমবে।
আইনমন্ত্রী আশা প্রকাশ করেন, ২০২৭ সালের শেষার্ধ অথবা ২০২৮ সালের প্রথমার্ধে অনলাইনভিত্তিক দলিল নিবন্ধন কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

