সাগরে অবৈধ টর্লিং জাল নিষিদ্ধে আসছে কঠোর আইন, সংসদে জানালেন মৎস্যমন্ত্রী

বঙ্গোপসাগরের মোহনা ও উপকূলীয় অঞ্চলে অবৈধ ও ক্ষতিকর টর্লিং জালের ব্যাপক ব্যবহারে সামুদ্রিক মৎস্য সম্পদ চরম ধ্বংসের মুখে পড়েছে। এই ক্ষতিকর জাল তৈরি ও ব্যবহার পুরোপুরি বন্ধ করতে এবং জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে নতুন আইন করতে যাচ্ছে সরকার।
মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে এ কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এর আগে অধিবেশনে বিষয়টি উত্থাপন করে চরম উদ্বেগ প্রকাশ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
অধিবেশনে চিফ হুইপ জানান, দেশের দক্ষিণের মোহনা অঞ্চল থেকে শুরু করে একেবারে কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত সমস্ত বঙ্গোপসাগরীয় মোহনায় ব্যাপকভাবে টর্লিং করা হচ্ছে। এই টর্লিং পদ্ধতিতে স্পিডবোট দিয়ে এক ধরনের বিশেষ জাল পেছনে টেনে সাগরে ফেলা হয়। এর ফলে কেবল বড় মাছ নয়, সাগরের রেণু, পোনা ও ডিমসহ সব ধরনের মৎস্য সম্পদ একযোগে ধ্বংস হয়ে যাচ্ছে।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ক্ষতিকর এ প্রক্রিয়া বন্ধে আমলাতান্ত্রিক পর্যায় থেকে নানা উদ্যোগ নেওয়া সত্ত্বেও কোনোভাবেই এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। উপকূলীয় অঞ্চলে এই অবৈধ কর্মকাণ্ডের প্রভাব এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, নিজস্ব এলাকাসহ পুরো বাংলাদেশ জুড়েই এখন এর বিরূপ প্রভাব স্পষ্ট।
চিফ হুইপের উত্থাপিত বিষয়ের গুরুত্ব অনুধাবন করে তাঁর সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সংসদে সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, মৎস্য সম্পদকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে এই টর্লিং জাল বন্ধ করার কোনো বিকল্প নেই।
সাগরে টর্লিংয়ের ক্ষতিকর দিক তুলে ধরে মন্ত্রী জানান, এর কারণে বিশেষ করে সামুদ্রিক অঞ্চলে শতকরা ৩০ থেকে ৪০ ভাগ পর্যন্ত মাছের উৎপাদন কমে যাচ্ছে। সমুদ্রের তলদেশ দিয়ে যখন এই জালগুলো টানা হয়, তখন তলদেশের অত্যধিক চাপের কারণে ছোট পোনা মাছগুলো সেখানেই মারা যায় এবং সাগরেই নষ্ট হয়ে যায়।
অবৈধ জাল বন্ধে মন্ত্রণালয়ের উদ্যোগ তুলে ধরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, অবৈধ জাল তৈরির কারখানাগুলোতে ইতিমধ্যেই কঠোর অভিযান ও পুলিশি রেইড পরিচালনা করা হয়েছে। ধ্বংস করা হয়েছে প্রচুর পরিমাণে অবৈধ জাল। তবে স্থায়ী প্রতিকারের জন্য সরকার একটি কঠোর আইন প্রণয়নের দিকে এগোচ্ছে।
খুব শিগগিরই জাতীয় সংসদে এ বিষয়ে আইন পাসের পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, নতুন এই আইনের আওতায় কেউ টর্লিং জাল ব্যবহার করলে বা তৈরি করলে তাঁর বিরুদ্ধে অত্যন্ত কঠোর ও শাস্তিমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এর মাধ্যমেই দেশের অমূল্য মৎস্য ও প্রাণী সম্পদকে পুরোপুরি সুরক্ষা দেওয়া সম্ভব হবে।

