দুই বছর পর ইন্টার্নশিপ করতে গিয়ে রাজশাহী মেডিকেলে অবরুদ্ধ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা, পুলিশে সোপর্দ

দুই বছর পর ইন্টার্নশিপ করতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে অবরুদ্ধ হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান। মঙ্গলবার সকালে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাঁদের আটকে রেখে মারধর করেন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে হেফাজতে নেয়।
মঙ্গলবার সকাল ১০টা থেকে শুভ ও নাহিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা, গোয়েন্দা শাখা, পুলিশের বিশেষায়িত ইউনিট ক্রাইসিস রেসপন্স টিম ও এসআরবির সদস্যরা হাসপাতালে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য হাসপাতালে অবস্থান নেন।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল পরিচালকের কক্ষ থেকে দুজনকে বের করে আনা হয়। এ সময় রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তাঁদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে।
রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিন বলেন, স্বৈরাচার হাসিনা ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে। এ অবস্থায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা কীভাবে হাসপাতালে প্রবেশ করলেন, সেটির তদন্ত প্রয়োজন। যাঁরা তাঁদের হাসপাতালে এনেছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ইন্টার্নশিপ স্থগিতের সময়সীমা পার হওয়ার পর নিয়ম অনুযায়ী আবার আবেদন করতে হয়। অ্যাকাডেমিক কাউন্সিল অনুমোদন দিলে তাঁরা ইন্টার্নশিপ করতে পারেন। কিন্তু শুভ ও নাহিদ আবেদন না করেই পরিচালকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, তাঁদের বিরুদ্ধে আগে থেকেই পুলিশের কাছে নানা অভিযোগ ছিল। হাসপাতাল থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের বিপুলসংখ্যক সদস্য হাসপাতালে অবস্থান নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুপুরের দিকে দুজনকে হাসপাতাল পরিচালকের কক্ষ থেকে বের করে আনার সময় সেখানে উপস্থিত ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন।
পুলিশ জানিয়েছে, শুভ কুমার মণ্ডল ও নাহিদ হাসানের বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ রয়েছে। হাসপাতাল থেকে গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



