মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ৪১ হাজার ৯০ কোটি টাকার কর্মসূচি অনুমোদন, জানালেন ডা. জাহেদ

শিক্ষার মান ধরে রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, যাঁরা শিক্ষার মান নিশ্চিত করতে পারবেন, রাষ্ট্রীয় বা সরকারি সনদ মূলত তাঁদের জন্যই থাকা উচিত। শিক্ষার মান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এর অংশ হিসেবে ৪১ হাজার ৯০ কোটি টাকা ব্যয়ে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি অনুমোদন করা হয়েছে।
মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতিও তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
ডা. জাহেদ বলেন, শিক্ষার মান ধরে রাখার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। সম্প্রতি অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায়ও শিক্ষার মানের বিষয়টি আলোচনায় এসেছে। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে অনুমোদন দেওয়া হয়েছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি। এতে মোট ব্যয় হবে ৪১ হাজার ৯০ কোটি টাকা। এর মধ্যে ৩৩ হাজার কোটি টাকা দেবে সরকার। বাকি সাত হাজার ৮৮৭ কোটি টাকা আসবে বৈদেশিক অর্থায়ন থেকে।
খাদ্য সংগ্রহের বিষয়ে জাহেদ উর রহমান জানান, ২০২৬ অর্থবছরে পাঁচ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ও দুই লাখ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি সেদ্ধ চালের সংগ্রহমূল্য ৪৯ টাকা এবং আতপ চালের ৩৯ টাকা। আগামী ১৪ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে। বাংলাদেশের ইতিহাসে এবার আগের যেকোনো সময়ের তুলনায় বেশি খাদ্য সংগ্রহ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ গ্রামীণ দরিদ্র পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি চাল দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশের ৩০০টি উপজেলায় পুষ্টিগুণসমৃদ্ধ ফর্টিফায়েড চাল বিতরণ করা হচ্ছে।
তৈরি পোশাক কারখানার শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, গার্মেন্টস খাতে কিছু অস্থিরতা ও আন্দোলন ছিল। শ্রমিকদের আন্দোলন যৌক্তিক হলেও এর মধ্যে বিভিন্ন সুযোগসন্ধানীও ছিল। ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী নিজে জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
দেশের অর্থনীতিতে নিম্নআয়ের মানুষের অবদানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অতি দরিদ্র শ্রেণির মানুষের অবদানও অর্থনীতিতে বড় প্রভাব ফেলে। রিকশাচালক, কৃষক, নিরাপত্তাকর্মী ও প্রবাসীকর্মীরা প্রত্যেকেই দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।
প্রবাসী কর্মসংস্থানের বিষয়ে জাহেদ উর রহমান জানান, সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের মাধ্যমে বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর অঙ্গীকার বাস্তবায়নে অগ্রগতি হয়েছে। এরই মধ্যে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থী নির্বাচন করা হয়েছে। কোনো খরচ ছাড়াই কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ বাস্তবায়নে কাজ চলছে।
রাজধানীর যানজট নিরসন ও গণপরিবহনব্যবস্থার আধুনিকায়নে মেট্রোরেল লাইন-১ প্রকল্পে আরও চারটি গুরুত্বপূর্ণ চুক্তি প্যাকেজ স্বাক্ষরিত হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, মানুষের যাতায়াতের সময় কমানো এবং আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব গণপরিবহনব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে।
এ ছাড়া দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বাড়াতে বন্দরটির সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। গত ৫ নভেম্বর প্রধানমন্ত্রী বন্দরের ৯ নম্বর জেটি এলাকায় প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকস কার্যক্রম সম্প্রসারণে বন্দরের সক্ষমতা বাড়ানো জরুরি।
ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে পেশা হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগের কথা তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, গত ৫ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিশু-কিশোরদের ক্রীড়াপ্রতিভা অন্বেষণ কর্মসূচির প্রথম আসর সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে প্রতিভাবানদের খুঁজে বের করা সম্ভব হয়েছে। তাঁদের প্রশিক্ষণ দিয়ে আঞ্চলিক মানের ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক কর্মী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যাশা, মানুষ যেন ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে ক্যারিয়ার হিসেবে নিতে পারে। মানুষ শখের বশে গান গায়, ছবি আঁকে কিংবা খেলাধুলা করে। সরকার চায়, এসব সৃজনশীল কর্মকাণ্ড পেশা ও আয়ের উৎস হিসেবে প্রতিষ্ঠিত হোক। সৃজনশীল কর্মকাণ্ডের অর্থনৈতিক মূল্যায়ন এবং সেখান থেকে আয় করার সুযোগ তৈরিতেও সরকার উৎসাহ দিচ্ছে।
পরিবেশ সংরক্ষণে সরকারের কার্যক্রম তুলে ধরে উপদেষ্টা বলেন, পরিবেশ আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গত সপ্তাহে ৯২টি মামলা করা হয়েছে। এসব অভিযানে ৪৯ লাখ ২১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১০ প্রতিষ্ঠানের সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এক কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিষয়ে তিনি বলেন, অবৈধভাবে মাছ আহরণ বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি মাছের পোনা অবমুক্ত করার কার্যক্রমও চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নিয়মিত দায়িত্ব পালন করছে। অপরাধী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য উদ্ধারের কার্যক্রম অব্যাহত রয়েছে।


