চীনের সবুজ জ্বালানি অগ্রগতি অনুসরণ করতে হবে যুক্তরাষ্ট্রসহ বিশ্বকে, বললেন জন কেরি

জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার ক্ষেত্রে চীন এখন বিশ্বে নেতৃত্ব দিচ্ছে, আর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বাকি দেশগুলোকে এখন সেই পথ অনুসরণ করতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বেশির ভাগ দেশ যেখানে ধীরে ধীরে এগোচ্ছে, সেখানে চীন বিপুল গতিতে এগিয়ে গেছে।
কেরি বলেন, 'একমাত্র যে দেশটি বিপুলভাবে এগিয়েছে, সেটি চীন। বিশ্বের বাকি অংশ ধীরে ধীরে এগোচ্ছে, অথচ প্রকৃতি প্রতি সপ্তাহে, প্রতিদিন আরও শক্তিশালী সংকেত পাঠাচ্ছে।' তুরস্কে এবারের জলবায়ু সম্মেলন কপ-৩১ শুরু হওয়ার প্রাক্কালে তিনি এই মন্তব্য করেন। সম্মেলন ঘিরে জল্পনা চলছে, চীন এবার জলবায়ু নেতৃত্বের ভূমিকায় আসবে কি না।
চীনের ২০২৬ সালের মার্চে গৃহীত সর্বশেষ পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রথমবারের মতো 'বৈশ্বিক জলবায়ু শাসনে সক্রিয়ভাবে অংশ নেওয়া ও নেতৃত্ব দেওয়ার' অঙ্গীকার করা হয়েছে। কপ-৩১-ই হতে পারে বেইজিং সেই বক্তব্যকে কাজে পরিণত করতে প্রস্তুত কি না, তার প্রথম ইঙ্গিত।
পরিসংখ্যানে চীনের অগ্রগতি স্পষ্ট। ২০২৫ সালে দেশটির পরিচ্ছন্ন প্রযুক্তি রপ্তানি ২২ হাজার কোটি ডলার ছাড়িয়েছে, আর চলতি বছরেও তা আরও বাড়ার কথা। বিশ্বের সবচেয়ে বড় কার্বন নিঃসরণকারী দেশটি এখন পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির সবচেয়ে বড় সরবরাহকারী।
সৌরবিদ্যুৎ সরবরাহ শৃঙ্খলের প্রায় ৮৫ শতাংশ এবং লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন সক্ষমতার প্রায় ৮০ শতাংশ এখন চীনের হাতে। ২০২৫ সালে বিশ্বের প্রায় ৭৫ শতাংশ বৈদ্যুতিক গাড়ি তৈরি হয়েছে চীনেই।
কার্বন ব্রিফের বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪ সালের মার্চ থেকে চীনের নিঃসরণ 'স্থির বা কমতির' ধারায় রয়েছে। সবুজ জ্বালানি এখন চীনের অর্থনীতির রপ্তানি চালিকাশক্তির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, যা মহামারি-পরবর্তী ধীরগতির অর্থনীতিকে এগিয়ে রাখছে।
কেরির ভাষ্য, চীন হঠাৎ বুঝতে পেরেছিল, অন্য দেশের তেল ও গ্যাসের ওপর তাদের নির্ভরতা অনেক বেশি, তাই তাদের স্বাধীন হতে হবে। ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালি ব্যাহত হওয়ার পর অন্য দেশগুলোও একই সিদ্ধান্ত নিয়েছে, ফলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে বিপুল উত্থান ঘটেছে। এ প্রসঙ্গে তিনি ঠাট্টা করে বলেন, 'ধন্যবাদ, ডোনাল্ড ট্রাম্প।'
তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি, সংরক্ষণ ব্যবস্থা এবং কিছুটা রূপান্তরকালীন গ্যাস মিলিয়ে এখন জীবাশ্ম জ্বালানির চেয়ে সস্তা ও কার্যকর। 'বাজার তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং বিশ্বজুড়ে বিদ্যুতের দিকে এগিয়ে যাচ্ছে। মানুষ বিদ্যুতের দিকে যাচ্ছে এবং যতটা সম্ভব পরিচ্ছন্নভাবে তা করতে চাইছে। এটা থামানো যাবে না,' বলেন কেরি।
চীন ইতিমধ্যে জানিয়েছে, তারা চায় কপ-৩১-এ সবুজ প্রযুক্তির অবাধ প্রবাহ নিয়ে আলোচনা হোক, এমন এক প্রেক্ষাপটে যেখানে ভূরাজনৈতিক সংঘাত 'তীব্রতর' হচ্ছে। একে চীনা বৈদ্যুতিক গাড়ি ও সৌর পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের শুল্কের দিকে ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের লি শুও বলেন, জলবায়ু পদক্ষেপ একসময় প্রবৃদ্ধির বাধা হিসেবে দেখা হলেও এখন তা প্রবৃদ্ধির চালক হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে চীনের সামনে একটাই প্রশ্ন: বাধ্যবাধকতা থেকে নয়, নিজের স্বার্থেই কি সে নেতৃত্বের ভূমিকায় আসবে?
অক্সফোর্ড ইনস্টিটিউট ফর এনার্জি স্টাডিজের কেভিন টু বলেন, বেইজিং জ্বালানি রূপান্তরকে 'অর্থনৈতিক আধুনিকায়ন ও জ্বালানি নিরাপত্তার কেন্দ্রবিন্দু' হিসেবে দেখে। ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং তেল-গ্যাস সরবরাহে তার প্রভাব এই অবস্থানকে আরও দৃঢ় করেছে।
চায়না ডায়ালগের প্রতিষ্ঠাতা ইসাবেল হিলটন বলেন, জীবাশ্ম জ্বালানির যুগে তেল বাণিজ্যের বৈশ্বিক মুদ্রা হিসেবে মার্কিন ডলারের অবস্থান ওয়াশিংটনকে 'বিশ্বের শেষ ভরসার ঋণদাতা' হওয়ার বিশেষ সুবিধা দিয়েছিল। সেই সুবিধা না থাকলে বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল দেখায়, আর পরিচ্ছন্ন প্রযুক্তির সরবরাহে চীনের আধিপত্য যোগ হলে যুক্তরাষ্ট্রের আধিপত্য আরও ঝুঁকিতে পড়ে।
প্রেসিডেন্ট সি চিন পিং চীনকে 'বৈশ্বিক উন্নয়নের জন্য কাজ করা একজন কর্মঠ ও উদ্যোগী' দেশ হিসেবে বর্ণনা করেন। চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে সবুজ জ্বালানি চুক্তির মূল্য ২০২৬ সালের প্রথমার্ধেই পুরো ২০২৫ সালের মোট ছাড়িয়ে গেছে। ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকাসহ অন্যান্য উন্নয়নশীল দেশ জলবায়ু-সম্পর্কিত বাণিজ্য ব্যবস্থার ব্যয় নিয়ে উদ্বিগ্ন, ফলে শুল্কের বিষয়টি আলোচনায় উঠলে চীন তাদের সমর্থন পেতে পারে বলে মনে করেন বিশ্লেষকেরা।
তবে চীন এখনো নেতৃত্ব নিয়ে দ্বিধায় রয়েছে। বিদ্যুতায়নের বৈশ্বিক লক্ষ্য নির্ধারণের পরিকল্পনার প্রতি বেইজিংয়ের মনোভাব দ্বিধান্বিত, যদিও সে সহজেই সেই লক্ষ্য অর্জন করতে পারবে। বাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়িসিয়ান সান বলেন, বৈশ্বিক জলবায়ু শাসনে চীন কী ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে চীনা নীতিনির্ধারকদের ধারণা আর আন্তর্জাতিক প্রত্যাশার মধ্যে এখনো ব্যবধান রয়েছে। এশিয়া সোসাইটির কেট লোগান মনে করেন, চীন এমন একটি কপ চাইবে যেখানে বড় কোনো নাটকীয়তা না থাকলেও সহযোগিতামূলক ফল আসে। জলবায়ু অর্থায়ন, ন্যায্য রূপান্তর এবং ২০২৮ সালের কপ-৩৩ আয়োজনের জন্য বেইজিং দরপত্র দেবে কি না, সেদিকেই এখন নজর বিশ্লেষকদের।



