নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত থেকে পাকিস্তানের আমদানি বেড়েছে ৬৯ শতাংশ

ভারতের সঙ্গে আনুষ্ঠানিক বাণিজ্য বন্ধ, সীমান্তে কড়াকড়ি এবং সামরিক সংঘাতের রেশ এখনো কাটেনি। তবু বাস্তবতার চাপে প্রতিবেশী দেশটির কাছ থেকেই পণ্য আমদানি বাড়াচ্ছে পাকিস্তান। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারত থেকে পাকিস্তানের আমদানি বেড়েছে প্রায় ৬৯ শতাংশ।
২০২৫ সালের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। ভারত এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে। এর জেরে ভারত ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান ভারতের জন্য আকাশসীমা বন্ধ, ওয়াঘা সীমান্ত দিয়ে চলাচল বন্ধ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য স্থগিতের ঘোষণা দেয়।
এরপর ওই বছরের মে মাসে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটে। চার দিনের সংঘাতের পর ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়।
তবে সামরিক সংঘাত ও রাজনৈতিক নিষেধাজ্ঞার মধ্যেও দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারত থেকে আমদানির বিপরীতে দেশটি ৬ কোটি ১৭ লাখ ডলার পরিশোধ করেছে। আগের বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৩ কোটি ৬৬ লাখ ডলার। অর্থাৎ এক বছরে আমদানি বাবদ অর্থ পরিশোধ বেড়েছে ৬৯ শতাংশ।
আমদানির বড় অংশজুড়ে রয়েছে ওষুধ, ওষুধ তৈরির কাঁচামাল ও বিভিন্ন রাসায়নিক উপাদান। পাকিস্তানের সরকারি বাণিজ্য পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ভারত থেকে আমদানির ৯৬ দশমিক ২ শতাংশই ছিল জৈব রাসায়নিক ও ওষুধজাত পণ্য।
পাকিস্তানের অর্থনীতিবিদদের মতে, এসব পণ্যের জন্য ভারতের ওপর দেশটির নির্ভরতা উল্লেখযোগ্য। বিকল্প দেশ থেকে কাঁচামাল আমদানি করলে কোনো কোনো ক্ষেত্রে খরচ ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। এ কারণে রাজনৈতিক নিষেধাজ্ঞা থাকলেও ভারতীয় পণ্যের চাহিদা কমেনি।
পাকিস্তানের সাবেক বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান মুহাম্মদ জুবায়ের মোতিওয়ালা আল জাজিরাকে জানিয়েছেন, ভারতীয় পণ্য দুবাই, মালয়েশিয়াসহ বিভিন্ন তৃতীয় দেশের মাধ্যমে পাকিস্তানে প্রবেশ করছে। তবে এসব পণ্যের সুনির্দিষ্ট সরবরাহপথ ও পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য প্রকাশ্যে নেই।
বাণিজ্যের পাশাপাশি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কিছু ইতিবাচক ঘটনাও দেখা গেছে। গত ২৯ আগস্ট ভারত ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে ২৫ জন পাকিস্তানি নাগরিককে দেশে ফেরত পাঠায়, যাদের মধ্যে জেলেও ছিলেন।
এ ছাড়া গত সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে ভারত-পাকিস্তান ফুটবল ম্যাচের আগে ও পরে দুই দলের খেলোয়াড়দের করমর্দন করতে দেখা যায়। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দুই দেশের ক্রীড়াঙ্গনে এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ সম্পর্কের উত্তেজনা কমার একটি ইতিবাচক ইঙ্গিত।
তবে বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক নির্ভরতা ও কিছু ইতিবাচক ঘটনা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার নিশ্চয়তা দেয় না। রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ছাড়া আনুষ্ঠানিক বাণিজ্য পুনরায় চালু হওয়ার সম্ভাবনা সীমিত।




